খাগড়াছড়ির দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে চাঙা করতে দীঘিনালা সেনা জোন এ টুর্নামেন্টের আয়োজন করে। ১৪ জানুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টে নয়টি দল অংশ নেয়। ২৫ জানুয়ারি বিকেলে উপজেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ এহসানের সভাপতিত্বে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি সেনা আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মামুন-অর রশিদ। বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম প্রমুখ। বক্তারা বলেন, ক্রীড়াচর্চার মাধ্যমে মানুষ সম্মিলিতভাবে একই সঙ্গে নির্মল আনন্দ এবং সামাজিক যোগাযোগের সুযোগ লাভ করেন। খেলায় ৩-০ গোলে মেরুং ইউনিয়ন একাদশকে পরাজিত করে দীঘিনালা জোনের তেজস্বী বীর দল চ্যাম্পিয়ন হয়। রানার্স-আপ হয় মেরুং ইউনিয়ন একাদশ দল।