জোয়ার ও পাহাড়ি ঢলে টেকনাফের ২৫ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কযেক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢল ও পূর্ণিমার কারণে বেড়েছে জোয়ারের পানি। ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ছবিটি গত মঙ্গলবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের বিলপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
গত কযেক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢল ও পূর্ণিমার কারণে বেড়েছে জোয়ারের পানি। ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ছবিটি গত মঙ্গলবার দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের বিলপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

কয়েক দিনের বিরামহীন বৃষ্টি ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের প্রভাবে আবারও প্লাবিত হয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন জনপদ। ১ সেপ্টেম্বর উপজেলার টেকনাফ পৌরসভা এবং সাবরাং ও হ্নীলা ইউনিয়নের ২৫টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গোপসাগর ও নাফ নদে স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট অধিক উচ্চতায় জোয়ারের সৃষ্টি হয়। এতে টেকনাফ পৌরসভা জালিয়াপাড়া এলাকার বেড়িবাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি আশপাশের এলাকায় ঢুকে পড়ে। পাশাপাশি ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে পাহাড়ি ঢল। এ ছাড়া সাবরাং ও হ্নীলা ইউনিয়নের বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়েও জোয়ারের পানি ঢুকেছে বিভিন্ন গ্রামে। এতে উপজেলার ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলো হলো টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, সাবরাং ইউনিয়নের শাহ পরীরদ্বীপ জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, বিলপাড়া, দক্ষিণ উত্তরপাড়া, মগপাড়া, মাঝেরপাড়া, দক্ষিণপাড়া, ডাঙ্গরপাড়া, হারিয়াখালী, ঝিনাপাড়া, বাজারপাড়া, পশ্চিম উত্তরপাড়া, মাঝের ডেইল, কোনাপাড়া, কাটাবনিয়া, কচুবনিয়া, হাদুরছড়া, মুন্ডার ডেইল, লাফারঘোনা ও হ্নীলার রঙ্গিখালী, আলীখালী ও চৌধুরীপাড়া গ্রাম।
১ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পূর্ণিমার জোয়ারের সঙ্গে পাহাড়ি ঢলের পানিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। এ সময় শিক্ষার্থীদের হাঁটুপানি পেরিয়ে স্কুল-কলেজে যেতে দেখা যায়।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, এলাকায় কোমরসমান জোয়ারের পানিতে রাস্তাঘাট, বিদ্যালয়, মাদ্রাসা ও বসতবাড়ি ডুবে গেছে।

>পূর্ণিমার জোয়ারের সঙ্গে দুই দিনের ভারী বৃষ্টি বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। উপদ্রুত এলাকার অধিকাংশ পরিবারে রান্নাবান্নাও হয়নি

স্থানীয় বাসিন্দারা বলেন, পূর্ণিমার জোয়ারের সঙ্গে দুই দিনের ভারী বৃষ্টি বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। উপদ্রুত এলাকার অধিকাংশ পরিবারে রান্নাবান্নাও হয়নি।
শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদের সভাপতি জাহেদ হোসেন বলেন, প্রতি মাসে জোয়ার-ভাটার কারণে অন্তত ১৪ দিন জলাবদ্ধতার কষ্ট সহ্য করতে হয়। তিন বছর আগে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধটি ভেঙে যাওয়া ওই অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার না করলে এমন দুর্ভোগের অবসান হবে না।
পাউবো টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, টেকনাফে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের জন্য ১০৬ কোটি টাকার একটি প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া গেলে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। পাশাপাশি যুক্ত হয়েছে পাহাড়ি ঢল। এতে প্রায় ৭০ হাজার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।