জোয়ারে ভাসে ১১ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ সংস্কার হয়নি এক মাসেও। ৩০ জুলাই ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। ভাঙা বাঁধ সংস্কার না হওয়ায় প্রতিদিন জোয়ারের পানিতে ভাসছে এই এলাকার ১১ গ্রাম।
২৯ আগস্ট সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের দক্ষিণ রাজঘাট, টিয়াকাটি, রাঙ্গাখালী ও রুস্তমের দোনা এলাকার পানি উন্নয়ন বোর্ডের প্রায় দুই কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ। ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সাইরার ডেইল, মগডেইল, মাইজপাড়া, ফুলজান মোরা, দক্ষিণ রাজঘাট, লাইল্যাঘোনা, বানিয়াকাটা, সিকদারপাড়া, মিয়াজিরপাড়া, মাঝেরডেইল ও নয়াপাড়া গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তায় হাঁটুপানি জমায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন গ্রামের বাসিন্দারা। অনেকের ঘরেও পানি ঢুকে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, এক মাস ধরে প্রতিদিন জোয়ারের পানিতে ভাসে এসব এলাকার অন্তত দুই হাজার ঘরবাড়ি। এরপরও বিধ্বস্ত বাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া কোমেনের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে যাওয়ার ঘরবাড়ি পুনর্নির্মাণেও এখনো উদ্যোগ নেওয়া হয়নি।
রাজঘাট এলাকার বাসিন্দা নবীর হোসেন জানান, জোয়ারের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় লোকজন। তাই ভাঙা বাঁধটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
মগডেইল এলাকার বাসিন্দা আমির হোসেন ও মোজাম্মেল হক বলেন, এক মাস আগে জোয়ারের কবলে পড়ে ঘর ভেঙে যায়। এরপর পরিবার-পরিজন নিয়ে বেড়িবাঁধের ওপর কোনো রকমে বেড়ার একটি ঘর তৈরি করে বসবাস করছি।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, কোমেনের প্রভাবে এক মাস আগে বাঁধ ভেঙে যায়। এখন পূর্ণিমার কারণে দুর্ভোগ আরও বেড়েছে। গত কয়েক দিনে নতুন করে বিধ্বস্ত হয়েছে ৫০টি ঘর।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিউল আলম জানান, ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে মাতারবাড়ীতে অন্তত ৬০০ ঘরবাড়ি ভেঙে গেছে। এর মধ্যে গৃহহারা ১৫০ পরিবারকে পুনর্বাসন করার জন্য শিগগির ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হবে। তিনি বলেন, ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে অবহিত হরা হয়েছে।
ভাঙা বাঁধ সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান বলেন, ওই এলাকার ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।