জোরেশোরে চলছে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ৪ জুন অনুষ্ঠেয় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই মুক্তিযোদ্ধা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিচ্ছেন বিভিন্ন পদের প্রার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নির্বাচনে তিনটি প্যানেলে কমান্ডার পদে তিনজন, ডেপুটি কমান্ডার পদে তিনজন ও সাংগঠনিক কমান্ডার পদে তিনজনসহ ১১টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৮০৩ জন ভোটার একটি কেন্দ্রের আটটি বুথে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্রে জানা গেছে, যেসব পদে নির্বাচন হচ্ছে তা হলো কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার (সাংগঠনিক), সহকারী কমান্ডার (পুনর্বাসন, সমাজকল্যাণ, শহীদ ও যুদ্ধাহত, সহকারী কমান্ডার তথ্য ও প্রচার), সহকারী কমান্ডার (অর্থ), সহকারী কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতি), সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার), সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ), কার্যকরী সদস্য (১) ও কার্যকরী সদস্য (২)।
এদিকে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। ভোটারেরা জানান, প্রার্থীদের মধ্যে এখন রীতিমতো স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে।
নির্বাচনে কলস প্রতীক নিয়ে বোরহান উদ্দিন চৌধুরী ও মো. দিদারুল আলমের প্যানেলে নির্বাচন করছেন নুরুল আলম, মো. জাফর, ভারত চন্দ্র বড়ুয়া, মাহাবুবুর রহমান, আমিনুল হক, নুরুল হক, জেবল হোসেন, মো. শাহ আলম ও শাহ আলম।
হাতি প্রতীক নিয়ে আনোয়ার হোসন ভান্ডারী ও মো. শফিউল বশরের প্যানেলে নির্বাচন করছেন শামশুল আলম, তৌহিদুল আলম, জয়নুল আলম, মো. নুরুল আলম, আবুল হোসেন, আবদুর রশিদ, আনোয়ার পাশা, আবদুল খালেক ও আবুল খায়ের।
এবং ঘোড়া প্রতীক নিয়ে জাগির হোসেন ও মো. ইলিয়াছের নেতৃত্বে নির্বাচন করছেন মো. ইউসুফ খান, আবদুল মান্নান ফারুক, শামশুল আলম, তৌহিদুল ইসলাম, আবুল বশর, আহামদুল হক, আবদুল আজিজ, বেলায়েত হোসেন ও অশোক কুমার বড়ুয়া। তাঁরা প্রত্যেকেই বর্তমানে উপজেলাজুড়ে মু্ক্তিযোদ্ধাদের কাছে ভোট প্রার্থনা করছেন।
কমান্ডার পদপ্রার্থী জাগির হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধাদের দোয়া নিয়ে এ পদে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হয়ে উপজেলার অবহেলিত মুক্তিযোদ্ধাদের সেবা করতে চাই। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
সহকারী কমান্ডার (পূর্ণবাসন, সমাজকল্যাণ, শহীদ ও যুদ্ধাহত) পদের প্রার্থী আবদুল মান্নান বলেন, ‘ফটিকছড়ির মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাঁরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তাঁদের জন্য কাজ করবো। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
সদ্য সাবেক কমান্ডার এবং বর্তমানে কমান্ডার পদপ্রার্থী বোরহান উদ্দিন চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকার মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা-সমাধানের চেষ্টা করেছি। তাই মুক্তিযোদ্ধারা আমাকে নির্বাচিত করবে বলে মনে করি।’