জোড়াতালির মিলিটারি সেতু সংস্কারের উদ্যোগ নেই
বোয়ালখালীতে অবস্থিত মিলিটারি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তান আমলে নির্মিত এই সেতুটি জোড়াতালি দিয়ে কোনো রকমে সচল রাখা হয়েছে। প্রতিদিন সেতুটিতে ঝুঁকি নিয়ে যানবাহন চললেও সংস্কারের উদ্যোগ নেই।
পটিয়া উপজেলার সীমানায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বোয়ালখালী খালের ওপর সেতুটির অবস্থান। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন এই সেতু দিয়ে পটিয়া, বোয়ালখালী, বান্দরবান ও কক্সবাজার জেলার যানবাহন কালুরঘাট হয়ে চট্টগ্রাম নগরে যাতায়াত করে। বর্তমানে মিলিটারি পুলের দুদিকে দুটি বেইলি সেতু জোড়া দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। যেকোনো সময় সেতুটি ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা চালক ও যাত্রীদের।
সড়ক ও জনপদ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ব্রিটিশ শাসনামলে বোয়ালখালীর শাকপুরা এলাকায় খালের ওপর একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। পাকিস্তান আমলে সেতুটি পাকা করা হয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় পাহাড়ি ঢলে সেতুর একাংশ দেবে যায়। তখন সেতুর উভয় প্রান্তে খালের পাড়ে ভাঙনের সৃষ্টি হয়। এতে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেতুটিকে সচল রাখতে দুই প্রান্তে সওজের পক্ষ থেকে দুটি বেইলি সেতু যুক্ত করা হয়। বর্তমানে বেইলি সেতু দুটিসহ মূল সেতু নড়বড়ে হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, বেইলি সেতু দুটির একাধিক স্থানে লোহার পাঠাতন উঠে গেছে। সেতুর ওপর দিয়ে যখন যানবাহন চলছিল তখন পুরো সেতুটি কাঁপছিল। মূল সেতু থেকে বেইলি সেতু দুটি সরু হওয়ায় সড়কের উভয় পাশে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
মিলিটারি পুল এলাকার সিএনজি টেম্পোর চালক আবদুল করিম (৩০) বলেন, যাত্রী নিয়ে সেতুতে উঠলে, কখন সেতু ভেঙে খালে পড়ে যাই সে ভয়ে থাকি। গত ১৪ বছর ধরে এই অবস্থা দেখছি। সেতুটি দুই উপজেলার সীমানায় হওয়ায় জনপ্রতিনিধিদের কেউ সংস্কারে আগ্রহ দেখাচ্ছে না।
পটিয়া সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সেতুটির অবস্থা দেখে নিজেরও খারাপ লাগে। গত বছর মার্চ মাসে ১৬ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সওজ অধিদপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি।’