জোয়ার আর বৃষ্টির পানিতে একাকার সিডিএ আবাসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই অবিরাম বৃষ্টি। নগরের প্রায় রাস্তাঘাটে তার ছাপ পড়েছে। বৃষ্টির পানি ঢুকে অচল হয়ে পড়েছে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা। এটা খুবই স্বাভাবিক চিত্র বৃষ্টির দিনে। কিন্তু আগ্রাবাদ জাম্বুরি মাঠের কাছে আসতেই দেখা গেল লম্বা জট বিভিন্ন যানবাহনের। সামনের রাস্তার পুরোটাই পানিতে ডুবে আছে। এর মাঝেই একটু একটু করে এগুচ্ছে কার, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা প্রভৃতি যান।এটি শুক্রবার সকালের চিত্র। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ঢোকার মুখে এভাবেই জলযটের মুখে পড়তে হয়। রিকশাচালক আবদু মিয়া জানালেন, ‘এটা শুধু বৃষ্টির পানি নয়। জোয়ারের পানিও মিশেছে এর সঙ্গে। আবাসিকের ভেতরে ঢুকলে দেখবেন কী অবস্থা!’ তাঁর কথার সত্যতা পাওয়া গেল সিডিএ আবাসিক এলাকায় প্রবেশ করে। পানিতে আটকা পড়েছেন রিকশা ও গাড়ির যাত্রীরা। দুর্ভোগের কথা জানালেন একটি শিল্পপ্রতিষ্ঠানের পরিচালক, আবাসিক এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমাদের দুর্ভোগের কথা বলে আর কী হবে। এ ভোগান্তি সারা বছরের। জোয়ারের পানিতে সয়লাব হচ্ছে এলাকা। সঙ্গে টানা বৃষ্টি হলে তো কথাই নেই। স্লুইসগেট নির্মাণ ছাড়া এর কোনো সমাধান হবে বলে মনে হয় না।’ তিনি জানান, ‘আজ (শুক্রবারে) শুধু বৃষ্টির পানি জমে থাকার কারণে স্থানীয় নালাপাড়া বাজারে ঢুকতেই পারিনি।’ অপর বাসিন্দা শিল্পপতি মান্নান মজুমদার বলেন, ‘এ বিষয়ে সমাধানের উপায় নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করেছি। নানা কারণে তা এগোয়নি। এ ব্যাপারে বন্দর, সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড পরস্পর পরস্পরের ওপর দোষ চাপায়। ফলে এলাকাবাসীর দুর্ভোগ আর কাটে না।’এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত অমাবস্যা ও পূর্ণিমায় সাগরের পানি ঢুকে পড়ে আবাসিক এলাকায়। আর এর কারণ পার্শ্ববর্তী মহেশখাল ভরাট হয়ে যাওয়া। খালের ওপর অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পানি উপচে পড়ে এলাকায়। তা ছাড়া এলাকার আশপাশের নালা-নর্দমাগুলো ভরাট হয়ে যাওয়া, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বাড়ি-ঘরও এই জলজটের অন্যতম কারণ বলে মনে করেন অনেকে। আর বৃষ্টি ও জোয়ারের পানির দাপটে কেবল এলাকাবাসীই নয়, ক্ষতিগ্রস্থ হচ্ছে এখানে গড়ে ওঠা বিভিন্ন শিক্ষা, চিকিৎসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও। এসব প্রতিষ্ঠানের লোকজনের ভোগান্তিও নিত্যদিনের। আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, ‘গত বৃহস্পতিবার সকাল নয়টায় সিডিএ আবাসিক এলাকায় ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো কোনো দ্বীপে এসে পড়েছি। বৃষ্টি আর জোয়ারের পানিতে চারপাশ একাকার হয়ে পড়েছে। দেওয়ানহাট দিয়ে ঘুরে কলেজে আসতে হয়েছে।’ তিনি মনে করেন, জাম্বুরি মাঠ দখল হয়ে যাওয়া, মহেশখাল ভরাট ও দখল হওয়াসহ বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বাড়ি-ঘর গড়ে ওঠার ফলে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এ এলাকা। কলেজ ভবনের মাঠ উঁচু করা হলেও পানি ঢোকে ব্যবহারিক ক্লাস রুমে। স্লুইসগেট নির্মাণের মাধ্যমে এর সমাধান হলেও আন্তরিকতা ও সঠিক সমন্বয়ের অভাবে তা হচ্ছে না বলে ধারণা আনোয়ারা আলমের। জানা গেছে, জোয়ারের পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে—সিডিএ আবাসিকের ১, ২, ৫, ৬, ৭, ৮, ৯, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ নম্বর রোডের বাসিন্দারা। এ প্রসঙ্গে এলাকার স্থায়ী বাসিন্দা ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের (এনসিসি) ব্যবস্থাপক নুর হোসেন জানান, ‘আমরা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বহুবার এ সমস্যার সমাধান চেয়েছি। কিন্তু এ পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। স্লুইসগেট তৈরি করা ছাড়া এর স্থায়ী কোনো সমাধান সম্ভব নয়। এ ছাড়া সিডিএ আবাসিকের বিভিন্ন নালা-নর্দমাগুলো ময়লা আবর্জনামুক্ত রাখা দরকার যাতে পানি সরে যেতে পারে।’জলাবদ্ধতা সমস্যার সমাধানে স্লুইসগেট নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু সিটি করপোরেশন, সিডিএ, বন্দর, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এ নিয়ে চলছে রশি টানাটানি। সমন্বয়ের অভাবে কাজের অগ্রগতি থমকে আছে বলে জানা গেছে। এ ব্যাপারে আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোসিও-কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমরা শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদেও যেতে পারিনি। মহেশখালের মুখে টাইডাল রেগুলেটরি গেট তৈরির মাধ্যমে জোয়ারের পানি ঢোকা বন্ধের পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে আমরা চিঠিপত্রের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করে আসছি। কিন্তু সবার মধ্যে সমন্বয়ের অভাবে কাজের অগ্রগতি হয়নি।’ তিনি জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) উপদেষ্টা আনোয়ারুল ইকবাল আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে দেখে যান। এরপর তা প্রধান উপদেষ্টার দপ্তরেও জানানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক জামালখান ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বলেন, ‘বর্ষা মৌসুম পেরোলেই আমরা এ ব্যাপারে স্থায়ী সমাধানের উদ্যোগ নিব।’