জোয়ার এলেই দুলে জেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমনিতে কাঠের তৈরি জেটি, তার ওপর নড়বড়ে। জোয়ারের সময় তো মানুষ উঠলেই দুলতে থাকে। ফলে ভয়ে থাকি কখন আবার পানিতে পড়ে যাই। বর্ষাকালে এ কষ্ট আরও বাড়ে। কিন্তু কী করব? কোনো উপায় নেই। এভাবেই প্রতিদিন নদী পারাপার হতে হয়।’

কথাগুলো বলেন পোশাকশ্রমিক নাজমুন নাহার (৩৪)। তিনি কর্ণফুলী নদীর ওপারে চট্টগ্রাম শহরের ইপিজেডের একটি কারখানায় চাকরি করেন। শুধু নাজমুন নাহারই নন, প্রতিদিন আনোয়ারার বদলপুরা ঘাটে এই কষ্ট সহ্য করে চলাচল করতে হয় দুই থেকে পাঁচ হাজার যাত্রীকে। পাকা জেটির অভাবে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের।

সংশ্লিষ্ট-ব্যক্তিরা জানান, উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা গ্রামের এই ১৪ নম্বর ঘাট দিয়ে পারাপার হয়ে আনোয়ারার অনেক শ্রমিক শহরে চাকরি করেন। তা ছাড়া চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা (সিইউএফএল) ও চট্টগ্রামের কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) অনেক শ্রমিক-কর্মকর্তা পারাপারে এই ঘাট ব্যবহার করেন। দিনের পর দিন এই অবস্থা চললেও ঘাটের মালিক চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেটির মেরামতে কোনো ব্যবস্থা নেয়নি।

চসিক সূত্র জানায়, দেড় যুগ ধরে এই ঘাটের ইজারা হচ্ছে। বর্তমানে ঘাটের ইজারামূল্য বছরে ২৪ লাখ টাকা। প্রতি বাংলা সনে ঘাটের ইজারা হয়।

বদলপুরা ঘাট-সংলগ্ন স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহান (৪১) বলেন, কাঠের জেটি দিয়ে পারাপারে যাত্রীদের সীমাহীন কষ্ট হয়। জোয়ারের পানি বাড়লে তো জেটি বিপজ্জনক হয়ে পড়ে।

এ ব্যাপারে জানতে চাইলে দুই বছর ধরে ঘাটের ইজারা গ্রহীতা মো. আবু জাফর বলেন, ঘাটের জেটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাত্রীদের কষ্ট হচ্ছে। এ ঘাটে একটি ভালো জেটি করার জন্য সিটি করপোরেশনে আবেদন করা হয়েছে। বিষয়টি মেয়র মহোদয়কেও জানানো হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক বলেন, বদলপুরা ঘাটে পাকা জেটি করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি খুব শিগগির এ সমস্যার সমাধান হবে।