জোয়ার-ভাটার কবলে বায়ুবিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কুতুবদিয়ায় স্থাপিত এক হাজার কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বায়ুবিদ্যুৎকেন্দ্রটি এখন সাগরের প্রতিদিনের জোয়ারে প্লাবিত হচ্ছে। কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল বায়ু থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে স্থানীয় গ্রাহকদের চাহিদা মিটিয়ে দেশের বিদ্যুৎসংকটের মোকাবিলায় সহায়তা করার জন্য। শুরুর দিকে কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে স্থানীয় প্রায় ৬০০ গ্রাহকের চাহিদা পূরণ করা হলেও কয়েকমাস পরই একটি যন্ত্র নষ্ট হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। আর এখন পুরো কেন্দ্রটি সাগরের জোয়ার-ভাটায় প্লাবিত হচ্ছে। কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামের বেড়িবাঁধের পাশে ২০০৬-০৭ অর্থবছরে বায়ুবিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হয়। ৮ অক্টোবরের জলোচ্ছ্বাসে কেন্দ্রটি সাগরের জোয়ারের পানিতে ডুবে যায়। কেন্দ্রের চারপাশের অন্তত দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে এখনো পানি আর পানি। জোয়ারের পানিতে কেন্দ্রের দোতলা ভবনটির নিচতলা প্লাবিত হচ্ছে। কেন্দ্রের দুপাশে স্থাপিত ৫০ মিটার উঁচু ৫০টি টারবাইন (বায়ুকল বা বিদ্যুৎ উৎপাদনের জন্য খুঁটিসম্বলিত পাখা) জোয়ারের সময় কয়েক ফুট পানির নিচে ডুবে যায়। ভাটার সময়ও পানিতে নিমজ্জিত থাকে। খুঁটির ওপর স্থাপিত ইস্পাতের উইন্ড টারবাইনগুলো (বায়ুচালিত সুউচ্চ পাখা) দীর্ঘ সময় অচল থেকে নষ্ট হচ্ছে। কয়েকটি খুঁটির তলদেশ থেকে মাটি সরে গিয়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যথাসময়ে পানি উন্নয়ন বোর্ড ভাঙা বেড়িবাঁধ মেরামত না করায় কেন্দ্রটি সমুদ্রের জোয়ার-ভাটার জাঁতাকলে পড়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে কেন্দ্রটি তৈরির জন্য সরকারের ব্যয় করা প্রায় ১২ কোটি টাকা জলে যাচ্ছে। যদিও এ প্রকল্প থেকে ২০ বছর বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল।’ কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ‘পাইলট প্রকল্প হিসেবে কেন্দ্রটি সফলতার মুখ দেখলেও সাগরের করালগ্রাস থেকে এটি রক্ষা করা যাচ্ছে না। ঘূর্ণিঝড় আইলার আঘাতে কেন্দ্রের পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। তখন থেকে ভাঙা বাঁধ মেরামতের জন্য আমরা পাউবোকে তাগাদা দিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত বাঁধ নির্মাণ সম্ভব হয়নি। এখন ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে কেন্দ্রটি প্লাবিত হচ্ছে।’ পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, ‘সমপ্রতি ভাঙা বেড়িবাঁধ নির্মাণের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ৩৯ কোটি টাকার তিনটি প্রকল্প নেওয়া হয়। ওই প্রকল্পের দরপত্র আহ্বান করে ঠিকাদারও নিয়োগ করা হয়। কিন্তু সাগর উত্তাল থাকায় কাজ শুরু করা যাচ্ছে না।’