নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। কৈশোরের দুরন্ত সময়টা কাটিয়েছেন সীতাকুণ্ডের সলিমপুর গ্রামে। তাঁর আজকের অবস্থানের পেছনে কৈশোরের সেই গ্রাম, গ্রামের মানুষের অনেক ঋণ। সেই সব কথা বলেছেন শান্তনু চৌধুরীকেএকটি কালো মনিস মাইনর গাড়িতে করে আমরা বাড়ি যাচ্ছিলাম। হাইওয়ে (চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক) থেকে গাড়ি বাঁ দিকে মোড় নিল। চলতে চলতে একজায়গায় গিয়ে হঠাত্ থেমে গেল গাড়ি, কারণ রাস্তা ভাঙা। আমি খুব অবাক হয়ে দেখছি রাস্তা কেন ভাঙা। জানতে পারলাম জোয়ারে ভেঙেছে এটি। আমি বিস্মিত। জোয়ার-ভাটার দেশের সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। চালকের অভয়বাণীতে ১০-১২ জন চাপাচাপি করে উঠলাম গাড়িতে। এরপর এটি আস্তে করে খাদে নেমে আবার উঠে গেল রাস্তায়। ওই স্মৃতি আমার গ্রাম উত্তর সলিমপুরে যাওয়ার। সেটি আমি খাটিয়েছি মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হওয়া প্রাচ্য নাটকে। আট বছর বয়সের স্মৃতি ব্যবহার করেছি ৫০ বছর বয়সে। এভাবেই মানুষ অভিজ্ঞতা নেয় জীবন থেকে। চট্টগ্রামের মধুময় স্মৃতি আরও আছে। ট্রেনে চড়ে চাটগাঁ যাওয়ার মজাই ছিল আলাদা। মনে পড়ে কয়লার ইঞ্জিনের ট্রেন চলত সর্পিল গতিতে ঝিক ঝিক করে। দূরের পথ, তাই মা ছোট বাক্সে করে পাউরুটি, মাখন, জেলি, পেঁয়াজ, মরিচ দিয়ে ডিম ভাজা আর স্যান্ডউইচের মতো করে হাতে তৈরি রুটি নিতেন। এগুলো খেতে খেতে, রেললাইনের পাশের রূপ দেখতে দেখতে যাওয়ার মধ্যে দারুণ আনন্দ ছিল। বাবা আবুল ফয়েজ মোহাম্মদ ইউসুফ সরকারি চাকরি থেকে অবসর নেয়ার পর প্রথম আমাদের গ্রাম সীতাকুণ্ডের উত্তর সলিমপুরে যাই। বাবার উদ্দেশ্য গ্রামে স্থায়ীভাবে বাস করা। সেটা ১৯৬১ সালের দিকে। আমার বয়স তখন আট। সেবারও ট্রেনে গিয়েছিলাম। এরপর যাওয়ার সময় দেখতাম রেললাইনের পাশে নতুন টেলিফোন লাইন হয়েছে, আর টেলিফোনের তারের ওপর পাখির মেলা। প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতাও মনে আছে। সীতাকুণ্ডের সবুজ পাহাড়। গ্রামের বাড়িতে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠে দ্রুত। আগে তেমন যোগাযোগ ছিল না। আমাদের মাঝেমধ্যে নিয়ে যেতেন বাবা। কিন্তু স্থায়ীভাবে গ্রামে থাকতে গিয়ে পুরোনো সম্পর্ক গাঢ় হলো। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাস করে আমি চলে গেলাম গ্রামে। ওই সময়টা আমার জীবনের সবচেয়ে আনন্দের, নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের। গ্রামের মাটির দোতলা বাড়ি। সেগুন কাঠের দরজা-জানালা। বিশাল সিন্দুক। এগুলো আমার কাছে আশ্চর্যের, আনন্দের। মনে পড়ে জেঠিমার খুব ন্যাওটা ছিলাম। তাঁর সঙ্গে ঘুমাতাম। পড়ালেখা আবার শুরু হলো—আমরা সব ভাইবোন ফৌজদারহাট কে এম উচ্চবিদ্যালয়ে ভর্তি হলাম। আসলে শুধু বিদ্যালয়ে পড়লে হয় না। জীবনের পাঠটা আলাদা। এটা শিখে নিতে হয়। যেমন ভাত খাওয়া শিখেছি জেঠার কাছ থেকে। একটা ভাত মাটিতে পড়লে তিনি মার দিতেন। ভাত পড়ে গেলেও আবার পানি দিয়ে ধুয়ে তা খেয়ে ফেলতাম। গ্রামে গিয়ে প্রথম দেখলাম চাচাত বোন ও জেঠাত বোনদের আঁকা নানা নকশা। ‘ফুল ফোটে ঝরে যায় দুনিয়ার রীতি, তুমি কিন্তু বন্ধু মোর মনে রেখো স্মৃতি’, সেখানে ফুল বানান ‘পুল’ লেখা হয়েছে। আমি তখন কৈশোর উত্তীর্ণ হচ্ছি, নারী সম্পর্কে, প্রেম সম্পর্কে তেমন কিছু বুঝি-টুঝি না। আধোবোল ফোটার বয়স। নকশার ভাষায় বানান ভুল হলেও এগুলো আমাকে খুব স্পর্শ করে। শুধু বালিশের কভার বলে নয়, রঙের ব্যবহারও একটা ব্যাপার। হাতপাখায় লেখা আছে, ‘যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে।’ ভাগ্নে জানে আলমের সঙ্গে জেলেদের নৌকায় চড়ে গভীর সমুদ্রে গেছি মাছ ধরতে। নির্ভীক এক কিশোর আমি। আবার ফিরে যখন এসেছি তখন মায়ের হাতে মার খাচ্ছি। রেললাইনের ওপর পাখির মতো হাঁটতাম। লেখাপড়ার বিষয়ে একটু বলি—ছাত্র হিসেবে বেশি ভালো ছিলাম না। খালি পাহাড় ও সাগরে ছোটাছুটি করতাম। সে সময় প্রথম কবিতাটা লিখি এবং এর জন্য মারও খেয়েছি। চখা আমার খুব প্রিয় পাখি। স্কুলশিক্ষক সত্যবাবুই প্রথম এই পাখিটার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমাকে। চখা নিয়েই কবিতা। জেলেপল্লিতে দেখেছি নয় বছরের মেয়ের কীভাবে বিয়ে হয়ে যায়! বিশাল আকাশ, বিশাল সমুদ্র, সেখানে একটি সুঠাম দেহের লোকের (স্বামী) সঙ্গে ছোট মেয়েটি চলে যাচ্ছে নদীর পাড় ধরে। কৈশোরমনে এগুলো ছাপ ফেলে। এরাই তো সেই মানুষ যারা আমাকে এগিয়ে দিয়েছেন। দুষ্টুমিও কম করতাম না। শীতকালে খেজুরের রস চুরি করে খাওয়া, ধান কুড়াতে যাওয়া তো ছিলই। ধান কাটা হয়ে গেলে চাচা আবুল কাশেম মাস্টার মাঠে মঞ্চ তৈরি করে নাটক করতেন। আমি সেখানে টিপু সুলতানের এক সন্তানের চরিত্রে অভিনয় করেছিলাম। সেটি আমার জীবনে প্রথম অভিনয়। অনুজ্জ্বল আলোয় আমরা বেসুরো গলায় গেয়েছিলাম ‘ধনধান্য পুষ্পে ভরা’ গান। ঝলমলে পোশাক, কোমরে তরবারি এ স্মৃতি তো ভোলার নয়। ১৯৬১-৬২ সালের দিকে একটি বড় ঝড় হয়েছিল। ছোটবোন মুক্তারি খানমকে হারিয়ে ফেলেছিলাম সেই ঝড়ে। মনে পড়ে বাবা আমাকে নটি বয় ব্র্যান্ডের জুতো কিনে দিয়েছিলেন। যখন জোয়ার আসছে আমি কিছু দেখছি না। আমার সাধের নটি বয় জুতো নিয়ে চলে যাচ্ছে। আজান পড়ছে এমন সময় আমরা ঘর থেকে বের হচ্ছি। বের হয়ে বাঁয়ে মোড় ঘুরতেই জোয়ারের ছোবলে আমার হাত থেকে হারিয়ে গেল মুক্তারি। তাকে আর খুঁজে পাই না। আমার এক আলম বদ্দা ছিল। সে নেতাজি সুভাষ বসুর অনুসারী। সে সারাজীবন মাথার কাছে বুটজোতা নিয়ে ঘুমিয়েছে। কারণ তার মনে হতো নেতাজি ডাক দিলেই তাকে চলে যেতে হবে। মৃত্যুর আগপর্যন্ত তা বিশ্বাস করত সে। এদের আমি ভুলতে পারব না। সেই আলম বদ্দাই পানিতে ডুবে যাওয়া বোনটাকে একটানে তুলে ফেলল। বোনটাকে মুহূর্তে ফিরে পেলাম। কিন্তু পরিণত বয়সে ২০০৪ সালে সেই বোনটা কর্নেলহাটের গ্লাক্সো অফিসের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় মারা গেল। এটা খুব কষ্টের। ওর কারণে চট্টগ্রামের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল। সে গ্রামে স্কুল করল, শহরের একটা মেয়ে গ্রামকে আলোকিত করার জন্য ছুটে গেল। আরেকটা কাজ সে করেছিল, নির্যাতিত মেয়েদের স্বাবলম্বী হওয়ার জন্য সেলাইকাজ শেখাত সে। এখন গ্রামে আমাদের বাড়ি নেই। জমি আছে। ভাবছি সেখানে বাড়ি করব, করব দাতব্য চিকিত্সালয়। কারণ গ্রামের কাছে আমার অনেক ঋণ।