সন্দ্বীপের দক্ষিণ ও পশ্চিমাংশের চারটি ইউনিয়ন প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ওইসব এলাকার প্রায় ৩০ হাজার মানুষ। বসতবাড়ি, রাস্তাঘাট, পুকুর ইত্যাদি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন তাঁরা। এলাকার বাসিন্দারা জানান, গত ৪ আগস্ট সন্দ্বীপ পৌরসভার হরিশপুর এলাকায় নতুনভাবে নির্মিত স্লুইসগেটের দুপাশ ভেঙে পড়ে। বিধ্বস্ত হয়ে পড়ে স্লুইসগেটসংলগ্ন অন্তত ৯০০ ফুট বাঁধ। এতে পৌর এলাকার বাড়িঘরে জোয়ারের পানি ঢুকে পড়ছে। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসী অভিযোগ করেন, বেড়িবাঁধ ও স্লুইসগেট নির্মাণ ও সংস্কারকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, দক্ষিণ সন্দ্বীপের সারিকাইত ও মাইটভাঙ্গা ইউনিয়নসংলগ্ন দক্ষিণ-পশ্চিম উপকূলের বাংলাবাজার ধুপের খাল এলাকায় প্রায় ২০০ ফুট অস্থায়ী বাঁধ জোয়ারে ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে আশপাশের এলাকা প্লাবিত হচ্ছে। এতে খেতের ফসল, মৎস্য চাষ, বসতবাড়ি ও রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সারিকাইত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস জানান, তাঁর ওয়ার্ডের পুরোটা এবং ২ ও ৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। স্থানীয় লোকজন জানান, বাংলাবাজার স্লুইসগেটসংলগ্ন বেড়িবাঁধের কিছু অংশ আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। গত বছর ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির বরাদ্দের টাকা দিয়ে ওইসব ভাঙা অংশে অস্থায়ী বাঁধ (রিংবাঁধ) নির্মাণ করা হয়। গত ৩ জুন প্রবল স্রোতের মুখে এসব বাঁধ ভেঙে যায়। বেড়িবাঁধটি স্থায়ীভাবে সংস্কারের জন্য প্রচুর সময় পাওয়া গেলেও পানি উন্নয়ন বোর্ড বিষয়টি তেমন গুরুত্ব দিয়ে দেখেনি। সারিকাইত এলাকায় স্লুইসগেট সংস্কারের ব্যাপারেও উদাসীন ছিলেন কর্মকর্তারা। জানা গেছে, স্লুইসগেট সংস্কারের জন্য সমপ্রতি ১৪ লাখ টাকার দরপত্র আহ্বান করে পানি উন্নয়ন বোর্ড। গত জুন মাসের প্রথম দিকে এটি সংস্কারের জন্য কার্যাদেশ পায় মেসার্স ইএইচ চৌধুরী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মকর্তা এনামুল হক বলেন, ‘আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু কাজ শুরুর দিনই জোয়ারের পানির স্রোতে বাঁধ ধসে পড়ায় কাজ বন্ধ করে দিতে হয়।’ সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ ও স্লুইসগেট সংস্কারের দাবি জানিয়ে বলেন, তা না হলে সারিকাইতের আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়বে। কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী বলেন, বেড়িবাঁধ ও স্লুইসগেট না থাকায় কালাপানিয়া দিঘির কোণা থেকে দক্ষিণে হরিশপুর ও উত্তরে সন্তোষপুর এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই।সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্লাহ জানান, নির্মাণকাজে ব্যাপক অনিয়মের কারণে পৌরসভার বেড়িবাঁধ ও স্লুইসগেট ভেঙে জনদুর্ভোগ চরমে উঠেছে। এলাকাবাসীর দুর্ভোগের অবস্থা সম্পর্কে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। তাঁরা ইতিমধ্যে বেড়িবাঁধ ও স্লুইসগেটের অবস্থা দেখেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন বলেন, ‘আমি এ সমস্যা নিয়ে নিয়মিত পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। ৩ ও ৪ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও স্থানীয় কর্মকর্তারাসহ বিধ্বস্ত বেড়িবাঁধ ও স্লুইসগেট সরেজমিনে পরিদর্শন করেছি। এ-সংক্রান্ত একটি প্রকল্প-প্রস্তাবও তাঁরা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে বলে আশ্বাস পেয়েছি।’ বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া জানান, অর্থ বরাদ্দ সাপেক্ষে যত দ্রুত সম্ভব ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করা হবে।