জোয়ারে ভেসে গেছে ঈদের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাঁচ ইউনিয়নের ৩৪টি গ্রাম ঈদের দিন জোয়ারের পানিতে তলিয়ে গেছে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক বছর ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, টেকনাফ উপজেলার পৌরসভা, সাবরাং, হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ৩৪টি গ্রামে অকাল বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে। বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ণিমা ও অমাবস্যার সময় জোয়ারের পানি লোকালয় প্লাবিত করছে।এলাকাবাসী জানায়, ২০০৭ সালে সিডর ও আইলার আঘাতে নাফ নদী ও বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়। এর ফলে জোয়ারের পানি ঢুকে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করছে। সম্প্রতি সরেজমিনে কয়েকটি গ্রামে ঘুরে এই তথ্য পাওয়া যায়। এ সময় কথা হয় পৌর এলাকার মধ্যম জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের (৫৮) সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার এ বয়সে এমন ঈদ আর দেখিনি। ঈদের নামাজ আদায় করতে যেতে হয়েছে পানি ভেঙে।’সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের চাষি আজিজুর রহমান আক্ষেপ করে বলেন, ‘গ্রামের ফসলের খেতগুলোতে বুক সমান পানি জমে রয়েছে। ঘরে ফসল না উঠলে গ্রামের কৃষকেরা পথে বসে যায়। তাই এ ঈদে অনেকেই আপনজনদের নতুন জামা-কাপড় কিনে দিতে পারেনি। এমনকি ঈদের দিন আমাদের ভাগ্যে সেমাই-চিনিও জোটেনি।’সাবরাং ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আমির আহমদ বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিরা আমাদের দুর্ভোগ দেখে গেছেন অনেকবার। জোয়ারের পানি আসা বন্ধ হবে—এমন আশ্বাসও তাঁরা বহুবার দিয়েছেন। কিন্তু পাঁচ বছর ধরে এই সমস্যার সমাধান হচ্ছে না।’ টেকনাফ পৌরসভার মেয়র মো. ইসলাম জানান, ‘জোয়ারের পানি ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে। বাঁধের পার্শ্ববর্তী স্থানের লোকজন ঘর-বাড়ি ফেলে জোয়ার-ভাটার সময় বাঁধের ওপর আশ্রয় নিচ্ছেন। এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।’টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া জানান, ‘৩৪টি গ্রামে জলাবদ্ধতার কারণে ফসল হয়নি। জলাবদ্ধতার কারণে এলাকার বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সম্প্রতি সরেজমিনে এই এলাকা পরিদর্শন করেছি। বাঁধ মেরামত বিষয়ে স্থানীয় লোকজন অনেক অভিযোগ করেছেন। সামগ্রিক বিষয় উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।’এ প্রসঙ্গে কক্সবাজারের জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড ও সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।’