জোয়ারের পানি কেড়ে নিয়েছে ঈদের খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার অর্ধলক্ষাধিক মানুষের এবারের ঈদুল ফিতরও নিরানন্দে কেটেছে। সারা দেশের মানুষ যখন আনন্দে মেতেছে, তখন এ উপজেলার তিনটি ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ জোয়ারের পানির সঙ্গে লড়াই করে সময় কাটিয়েছে।বেড়িবাঁধসংলগ্ন এলাকার বানভাসি মানুষ এবার ঈদের নামাজ পড়েছেন রাস্তা, স্কুল ভবন, আশ্রয়কেন্দ্র বা বিকল্প স্থানে। পানিবন্দী অনেক মানুষ ঈদের নামাজ পড়তেও যেতে পারেননি। এদিকে গত পাঁচ সপ্তাহেও শাহপরীর দ্বীপের সঙ্গে টেকনাফ-কক্সবাজারের সড়ক যোগাযোগ স্থাপন না হওয়ায় সংশ্লিষ্টদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, অমাবস্যা, পূর্ণিমা, ও টানা ভারি বর্ষণ ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশের কারণে টেকনাফ পৌরসভার সাইডপাড়া, চৌধুরীপাড়া, জালিয়াপাড়া, খাংকার ডেইল, সদর ইউনিয়নের সুধারপাড়া, নাজিরপাড়া, মৌলভিপাড়া, সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, জালিয়াপাড়া, বিলপাড়া, পশ্চিম উত্তরপাড়া, মাঝেরপাড়া ও দক্ষিণপাড়া বসবাসরত লোকজন অকালবন্যা ও জলাবদ্ধতায় জীবনযাপন করছেন। গত ছয় বছর ধরে এসব এলাকার বাসিন্দাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।সাবরাং ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মোকতার আহমদ বলেন, ‘পশ্চিমপাড়ার ঈদগাহে চার গ্রামের মানুষ ঈদের নামাজ পড়ে আসছেন যুগ যুগ ধরে। বর্তমানে ওই স্থান পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি অধিকাংশ বসতবাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় এবার পাঁচ কিলোমিটার দূরে সড়কের ওপর এ গ্রামের বাসিন্দারা ঈদের নামাজ পড়েছেন। অনেকে নামাজ পড়তে আসতেও পারেননি। বাড়িতে ছিল না ঈদের দিনের জন্য আলাদা কোনো খাবার।’ একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিনসহ অনেকে বলেন, ‘জোয়ারের পানিতে তাঁদের বসতবাড়ি তলিয়ে গেছে অনেক আগেই। প্রায় পাঁচ সপ্তাহ ধরে তাঁরা পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করেছেন। আশপাশের কয়েকটি গ্রাম চার-ছয় ফুট পানির নিচে থাকায় কোনো মাঠেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। ওইসব এলাকার অনেকে বাধ্য হয়ে উঁচু জায়গায় বা বেড়িবাঁধে নামাজ পড়েছেন। ঈদ উদ্যাপন করা হয়নি তাঁদের।’জালিয়াপাড়া গ্রামের গৃহিণী লাইলা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন,‘ ঈদের দিন সকালে জোয়ারের পানি প্রবেশ করায় পরিবারের কেউ খাটের ওপর থেকে নিচে নামতে পারেনি। এবারের ঈদে অনেকেরই ঘরের চুলা জ্বলেনি। তাই সেমাই জোটেনি অনেকের ভাগ্যে।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘১৫ গ্রামের বসতভিটা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ঈদ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।’