বঙ্গোপসাগর ও শঙ্খের ভাঙনে বাঁশখালী উপজেলায় তিনটি ইউনিয়নের ১২টি গ্রামে অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানি ঢুকছে। এতে ছয় হাজার পরিবারের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ, হাটবাজারগামী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় সাগর ও নদীতীরবর্তী মানুষগুলো প্রতিনিয়তই জোয়ার-আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ও স্থানীয় পরিষদ সূত্র জানায়, উপকূলে বেড়িবাঁধ অরক্ষিত থাকায় প্রতিবছর সাগর ও শঙ্খের ভাঙন তীব্র হওয়ায় বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। বর্তমানে খানখানাবাদ, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নের ১২ গ্রামের মানুষ সাগর ও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছেন। গ্রামবাসী জানান, নানা আবেদন-নিবেদন সত্ত্বেও এসব ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করছে না। পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মনির উদ্দিন বলেন, প্রতি অমাবস্যা ও পূর্ণিমার সময় শঙ্খের কূল ভেঙে পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢোকে। এ সময় পশ্চিম পুকুরিয়া তেচ্ছিপাড়া, উত্তর পুকুরিয়া ও দক্ষিণ বরুমছড়া গ্রামের দুই হাজার পরিবারের সাত হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। প্রতি বছর তেচ্ছিপাড়া ও দক্ষিণ বরুমছড়া গ্রামের একাধিক বসতবাড়ি শঙ্খের গর্ভে বিলীন হয়। ১০ বছরে এলাকার দুইটি আশ্রয়কেন্দ্র, চারটি মসজিদ, দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৩০০ একর ফসলি জমি বিলীন হয়ে যায়। পশ্চিম বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক বলেন, ‘শঙ্খের ভাঙনের ফলে ২০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আছি। বেড়িবাঁধ না হলে বিদ্যালয় ভবনটি দুই বছরের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। জোয়ারের সময় বিদ্যালয় এলাকায় বাঁধ উপচে পানি ঢুকে।’ খানখানাবাদের ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাফেজ জানান, পানি উন্নয়ন বোর্ডের আওতার বাইরে রয়েছে প্রেমাশিয়ার উত্তর অংশে এক কিলোমিটার বাঁধ। প্রতি বছর উপজেলা পরিষদের বরাদ্দ থেকে বাঁধ মেরামতের কাজ হয়। চলতি বছরে প্রায় সাড়ে ছয় লাখ টাকা খরচ করে বাঁধ মেরামতের কাজ হলেও গত অমাবস্যায় তা বিলীন হয়ে যায়। প্রেমাশিয়া বাজারের ব্যবসায়ী আবু আহমদ ও রশিদ আহমদ জানান, অমাবস্যার সময় পানিবন্দী হয়ে পড়ে প্রেমাশিয়া, মৌলভিপাড়া, সুন্দপীপাড়া, রোসাংগীরিপাড়ার ১২ হাজার মানুষ। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর পরেও পানি উন্নয়ন বোর্ড এলাকাটি প্রকল্পভুক্ত করেনি। পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন সিকদার জানান, প্রতি বছরই তেচ্ছিপাড়া ভাঙনের শিকার হচ্ছে। এ গ্রামের দুই শতাধিক পরিবার ইতিমধ্যে পাহাড়ে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড পুকুরিয়া এলাকায় বেড়িবাঁধ রক্ষার জন্য অর্থবরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে। তিনি জানান, প্রতি বছর নদীভাঙনের শিকার হয়ে এলাকার অন্তত ২০টি বসতঘর বিলীন হয়।সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও গ্রামের ফজল আহমদ (৬৭) প্রথম আলোকে বলেন, ‘শঙ্খের ভাঙনের কবলে পড়ে আমার বসতবাড়ি সাতবার নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে পাহাড়ে আশ্রয় নিয়েছি।’ একই এলাকার বৃদ্ধ মোহাম্মদ উল্লাহ জানান, তাঁর আট একর ফসলি জমি নদীগর্ভে হারিয়ে গেছে। প্রেমাশিয়া গ্রামের বাসিন্দা নজির আহমদ বলেন, ‘সাগরের ভাঙনের কাছে এলাকার মানুষ অসহায় বেড়িবাঁধটি স্থায়ী না হলে তিনটি গ্রামই অচিরে বিলীন হয়ে যাবে।’সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের ৬৪/১ বি পোল্ডারের বেড়িবাঁধটি প্রতি বছর ভাঙনের শিকার হয়। জোয়ারের পানি বেড়ে গেলেই তা লোকালয়ে ঢুকে পড়ে। রাতাখোর্দ্দ, পশ্চিম বৈলগাঁও ও উত্তর বৈলগাঁও গ্রামের ৩০০ পরিবার শঙ্খের ভাঙনের শিকার হয়। তিন হাজার একর ফসলি জমি শঙ্খ গ্রাস করে নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে পাহাড়ে আশ্রয় নিয়েছে।’ পানি উন্নয়ন বোর্ডের বাঁশখালী উপবিভাগীয় প্রকৌশলী সব্যসাচী চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২০০৮-০৯ অর্থবছরে সাধনপুর এলাকা ভাঙন থেকে রক্ষা করতে ১২ চেইন বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। পুকুরিয়া ইউনিয়নসহ স্থায়ীভাবে বাঁধের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ এলে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।’ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন বলেন, ‘উপকূলীয় এলাকায় প্রেমাশিয়ায় বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ার পর উপজেলা পরিষদ থেকে অর্থবরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু জোয়ারের পানিতে বাঁধটি ভেঙে যায়। এখানে সিসি ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধের জন্য কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।’চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল বলেন, ‘প্রেমাশিয়া গ্রামের ভাঙন এলাকা পানি উন্নয়ন বোর্ডের আওতায় নয়। সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে বেড়িবাঁধটি সংস্কারের জন্য আগামী অর্থবছরে দরপত্র আহ্বান করা হবে।’