জোয়ারের পানিতে ভাসছে বাঁশখালী উপকূলের পাঁচ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী উপকূলের পাঁচটি গ্রাম জোয়ারের লোনা পানিতে ভাসছে। বেড়িবাঁধ অরক্ষিত হওয়ায় উপকূলীয় খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল, মৌলভীপাড়া, জেলেপাড়া, রোশাঙ্গিরীপাড়া ও প্রেমাশিয়ায় জোয়ারের পানি ঢুকছে আর বেরোচ্ছে। ফলে গ্রামগুলোর ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে লোনা পানি ঢুকে পাকা ধান ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। লোনা পানিতে অর্ধশত একর জমির ফসল নষ্ট হয়েছে বলে এলাকাবাসী জানান। উপকূলীয় ৩৭ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় ১০ কিলোমিটার এলাকা বর্তমানে বিধ্বস্ত এবং খোলা হওয়ায় জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে তা সাগর তীরবর্তী এলাকায় ঢুকে পড়ে। ফলে ওই এলাকার পাকা ধান এবং বিভিন্ন ফসলসহ বেশ কিছু বসতবাড়িতেও লোনা পানি ঢুকছে। প্রেমাশিয়া গ্রামের কৃষক হাফেজ আহমদ ও কদমরসুল গ্রামের কৃষক আবুল কালাম জানান, জোয়ারে লোনা পানি ঢোকায় চার মাস থেকে তাঁরা চাষাবাদ করতে পারছেন না। এমনকি তাঁদের শত শত একর জমির ফসল লোনা পানিতে তলিয়ে গেছে।খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী সিরাজুল মোস্তফা চৌধুরী জানান, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে সাগরে পানি বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত তাঁদের এলাকার ধান ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। চলতি বর্ষায় এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া ৮৭৫ পরিবারের একটি তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জলিল মণ্ডল জানান, খানখানাবাদে লোনা পানি ঢুকে প্রতিদিন ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে একটি তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন জানান, বাঁশখালী উপকূলের বাসিন্দাদের জন্য স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে। এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি।এদিকে, এলাকায় ভুক্তভোগী লোকজন দ্রুত বেড়িবাঁধ সংস্কার করে বাঁশখালী উপকূলীয় এলাকার সাত লক্ষাধিক মানুষের জানমাল রক্ষায় দ্রুত এগিয়ে আসতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। বর্তমানে বেড়িবাঁধ অরক্ষিত হওয়ায় উপকূলীয় এলাকার লাখ লাখ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।