জৌলুশ হারাচ্ছে রুস্তমহাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জৌলুশ হারাচ্ছে আনোয়ারার ঐতিহ্যবাহী রুস্তমহাট। পশু বেচাকেনার জন্য বিখ্যাত এই হাটটিতে আগের মতো ক্রেতা সমাগম হয় না। হাটের উচ্চ হাসিলের কারণে ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে।শাহ মোহছেন আউলিয়ার মাজারসংলগ্ন এই হাট দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বড় গ্রামীণ বাজার। এই হাটে কাপড়, তৈজসপত্র, শাকসবজি, অলঙ্কার, গবাদিপশুসহ নানা পণ্য কেনাবেচা হয়। কিন্তু এখন দোকানগুলোতে ভিড় নেই। পশুর বাজারে পশু নিয়েও আসছেন না ব্যবসায়ীরা। অলস সময় কাটাচ্ছেন জুয়েলারি দোকানের মালিক-কর্মচারীরা।জানা গেছে, মূলত পশু বেচা-বিক্রির ওপর এই হাটের ব্যবসা-বাণিজ্য নির্ভরশীল। কয়েক বছর ধরে পশু কেনাবেচা কমে যাওয়ায় লোকসানের ভয়ে কেউ ইজারাও নেয়নি। পাশাপাশি পশুর বাজারে মন্দা দেখা দেওয়ায় হাটে ক্রেতারাও আসা কমিয়ে দিয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, এই হাটে পশুপ্রতি (গরু, মহিষ) দেড় হাজার টাকা হাসিল আদায় করা হলেও পাশের সরকারহাটে হাসিল আদায় করা হয় না। এর ফলে ক্রেতারা ভিড় করছেন সরকার হাটে। পশুর হাট না জমায় গত দুই বছর ধরে রুস্তমহাটের ইজারা নিচ্ছেন না ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, সব হাটে সমান হাসিল আদায় করা হোক। এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য রুস্তমহাট ব্যবসায়ী সমিতি স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর কাছে আবেদনও করেছেন। রুস্তমহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুচ ছবুর বলেন, ‘হাটে ছোট-বড় এক হাজারের বেশি ব্যবসায়ী আছেন। বর্তমানে ব্যবসা কমে যাওয়ায় আমরা সবাই হতাশায় দিন কাটাচ্ছি।’ তিনি আরও জানান, কিছুদিন আগে হাটে ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ১৭ দিন টোল আদায় করেনি বাজার কমিটি। তবে পরে ওই দিনগুলোর জন্য জরিমানা দিতে হয়েছে ব্যাবসায়ীদের। এখন এ হাট পরিচালনা করছে বটতলী ইউনিয়ন ভূমি কার্যালয়। তারাই সপ্তাহে দুই দিন টোল আদায় করে আর কোষাগারে জমা করে। বটতলী ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা আক্কাস মিয়া বলেন, হাট থেকে গড়ে প্রতিদিন আড়াই হাজার টাকার মতো টোল আদায় হচ্ছে। এই টাকা জমা হচ্ছে সরকারি কোষাগারে।