জৌলুশ হারিয়ে ফেলেছে কমল মহাজন হাট
সরকারি প্রশাসনের উদ্যোগের অভাব এবং স্থানীয়ভাবে নেতৃত্বশূন্যতার কারণে জৌলুশ হারিয়ে ফেলছে পতেঙ্গা এলাকার ৮০ বছরের ঐতিহ্যবাহী কমল মহাজন হাট। বাজারের আশপাশের সড়ক যোগাযোগসহ অবকাঠামোগত সমস্যার কারণে একদিকে অনেকে ব্যবসা গুটিয়ে ফেলছেন, অন্যদিকে হাতের কাছে হাট থেকেও কেনাকাটায় বিড়ম্বনার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজন জানান, ৫৬ শতক জায়গাজুড়ে অবস্থিত প্রাচীন এ হাটটি বসে প্রতি সপ্তাহের রবি ও বুধবার। একসময় চট্টগ্রামজুড়ে এটির সুনাম ছিল। ভোগ্যপণ্য থেকে সংসারের ব্যবহার উপযোগী প্রায় সব জিনিস পাওয়া যেত এ হাটে। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও আনোয়ারা, বাঁশখালী, ডাঙাচরসহ বেশ কয়েকটি গ্রামের ব্যবসায়ীরা নৌযানে করে পণ্য নিয়ে আসতেন এ হাটে। গরু বেচাকেনার জন্যও এটি ছিল বেশ পরিচিত। কিন্তু প্রায় ১৫ বছর ধরে হাটটির আশপাশের সড়ক যোগাযোগ অত্যন্ত নাজুক হয়ে পড়ে। হাটের অভ্যন্তরীণ অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে। বিদ্যুৎ, পানীয় জল, শৌচাগার ও পয়োনিষ্কাশনব্যবস্থাও নাজুক। ফলে হাটের ব্যবসায়ীরা ধীরে ধীরে এ হাট থেকে ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যেতে থাকেন। ১৫ বছর আগেও হাটে খুুদে দোকানি ছাড়াও শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। বর্তমানে আছে মাত্র ১২-১৫টি। এ ছাড়া বাজারটিকে ঘিরে উঠেছিল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও কবরস্থান। বর্তমানে এসব স্থাপনা টিকে থাকলেও সুষ্ঠু অবকাঠামো না থাকার কারণে জমছে না হাটটি। স্থানীয় লোকজনের মতে, সরকারি প্রশাসনের নজরদারির অভাব এবং নেতৃত্বের উদ্যোগী ভূমিকার অভাবে হাটটি দিন দিন নিষ্প্রাণ হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, মূল বাজার ও গুপ্ত খালের মধ্য দিয়ে একটি সড়কের পূর্ব প্রান্ত মিলিত হয়েছে সিমেন্ট ক্রসিং ১ নম্বর সড়কের সঙ্গে। পতেঙ্গার কাটগড় স্টেশনের সঙ্গে মিলিত হয়েছে পশ্চিম প্রান্ত। কিন্তু সড়কের পূর্ব প্রান্তসহ আশপাশের যাতায়াতব্যবস্থা অত্যন্ত খারাপ। কথা হয় হাটের ইজারাদার আবু সিদ্দিকের সঙ্গে। তিনি জানান, তিন বছর ধরে সিটি করপোরেশনের কাছ থেকে হাটটি ইজারা নিচ্ছেন তিনি। কিন্তু ক্রেতা-বিক্রেতার সমাগম কম হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, ‘বর্ষায় হাটটি হাঁটুপানিতে তলিয়ে যায়। ফলে ব্যবসায়ীদের সড়কের ওপর বসে বেচাকেনা করতে হয়। বাজারে সরকারিভাবে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পরপরই মালামাল গুটিয়ে বিক্রেতারা চলে যান।’ বাঁশখালী, দোহাজারীসহ বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েকজন ব্যবসায়ী জানান, হাটসংলগ্ন ও আশপাশের যোগাযোগ এবং পয়োনিষ্কাশনব্যবস্থা নাজুক। ব্যবসা চালানোর মতো অবকাঠামো নেই। বর্ষায় বেচাকেনা প্রায় হয়ই না। ফলে ব্যবসায়ীরা এ হাট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এসব সমস্যার সমাধান হলে বাজারটি আগের মতো জমে উঠবে বলে তাঁরা মত দেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক বলেন, ‘এ হাটটি আমাদের গর্ব। তাই হাটটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সড়ক প্রশস্তকরণসহ পয়োনিষ্কাশনব্যবস্থা কার্যকর করা গেলে বাজারটি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে।’ এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে তিনি জানান।হাটের ব্যবসায়ী আবুল হোসেন জানান, ব্রিটিশ আমলে কমল মহাজন নামের এক ব্যক্তি নিজের নামে হাটটি প্রতিষ্ঠা করেন। পাকিস্তান আমলে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য কমল মহাজনের হাটের জমিটি অধিগ্রহণ করা হয়। তবে স্বাধীনতার পর স্থানীয় বাসিন্দাদের নিত্যপণ্যের কেনাকাটা নিয়ে সমস্যার কথা বিবেচনা করে এলাকার জেবর মুল্লুক নামের এক ব্যক্তি তাঁর বড় ছেলে ইসলাম মিয়ার নাম অনুযায়ী হাটটি চালু করেন। কিন্তু মানুষের মুখে এটি এখনো কমল মহাজন হাট হিসেবেই উচ্চারিত হয়ে থাকে। সিটি করপোরেশনের দলিলেও এটি কমল মহাজন হাট নামে উল্লেখ আছে।