জৌলুস হারাচ্ছে তেওয়ারী হাট
এলাকায় জনশ্রুতি আছে ব্রিটিশ আমলে পদুয়া জমিদারবাড়ির বিশ্বস্ত প্রহরী নারায়ণ তেওয়ারী মারা যাওয়ার পর তাঁর নামানুসারে পদুয়া তেওয়ারী হাট প্রতিষ্ঠা করেন এলাকার জমিদারেরা। একসময় জমজমাট থাকলেও ঐতিহ্যবাহী এই বাজার অবৈধ দখল, স্থানসংকট, দালালদের দৌরাত্ম্যের কারণে জৌলুস হারাতে বসেছে।এই বাজারে সবজি, মাছ, চাল ও গবাদিপশু সস্তায় বিক্রি হতো বলে দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা জড়ো হতেন। কিন্তু বর্তমানে আগের সেই জমজমাট চেহারা নেই। একশ্রেণীর দালালচক্রের কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন তাঁদের ন্যায্য মুনাফা থেকে। ফলে এই বাজারে পণ্য বিক্রি করতে নিরুৎসাহিত হন চাষি ও উৎপাদকেরা।এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ বাজার অতীত ঐতিহ্য হারাচ্ছে। বাজারের জায়গা অবৈধ দখলে চলে যাওয়ার পাশাপাশি ভরাট হয়ে গেছে রাস্তাঘাট ও নালা-নর্দমা।সরেজমিন অনুসন্ধানে জানা যায়, নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে একটু বৃষ্টি হলেই এ বাজারে জলাবদ্ধতা দেখা দেয়। ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় যত্রতত্র ময়লা ফেলা হয়। বাজারের খাস জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। এতে বেদখল হয়েছে বাজারের দুই-তৃতীয়াংশ জায়গা।সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার বাজার বসলেও প্রতিদিন এ বাজারে ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। তবে দালালদের কারণে প্রান্তিক চাষিরা পণ্য বিক্রি করে লাভবান হতে পারছেন না বলে অভিযোগ আছে।চরম্বা ইউনিয়নের কৃষক মো. শেখ বলেন, ‘নিজ গাছের লিচু বাজারে বিক্রি করতে গেলে দালালেরা কম দামে বিক্রি করতে বাধ্য করেন। বাইরের কোনো মাছ ব্যবসায়ী এখানে মাছ বিক্রি করতে পারেন না। পণ্য বিক্রিতে নিয়মের বাইরে টোল আদায় করা হচ্ছে। এ কারণে এই বাজারে এখন অনেকেই আসতে চান না।’তেওয়ারী হাট ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হাকিম চৌধুরী বলেন, এ বাজারে প্রকাশ্যে সরকারি টোল আদায়ের তালিকা টাঙানোর কথা থাকলেও তা করা হয়নি। তা ছাড়া বাজারের মূল সড়কটি সংস্কার করা হয়নি।তবে এ ব্যাপারে বাজারের ইজারাগ্রহীতা শহীদুল ইসলাম ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই টোল আদায় করা হচ্ছে।ব্যবসায়ীরা অভিযোগ করেন, যত টাকা রাজস্ব আদায় হয় তার থেকে শতকরা পাঁচ ভাগ কেটে রাখা হয়। কিন্তু এ টাকা বাজারের উন্নয়নে ব্যয় করা হয় না। পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন লিয়াকত আলী চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘বাজারের জায়গা জবরদখল হয়েছে এটা মিথ্যে নয়। তবে উন্নয়ন বরাদ্দ নেই বলে বাজারের সংস্কার হচ্ছে না। প্রশাসনের সহযোগিতা ছাড়া আমি একা কী করব?’ এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা প্রথম আলোকে জানান, ‘টোলের তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে দিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের বলা হয়েছে। অবৈধ দখলদার চিহ্নিতকরণ ও পদুয়া তেওয়ারী হাটের উন্নয়নকল্পে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’