জ্ঞান আর বিজ্ঞানের রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা লামমীম আহাদ
সৈয়দা লামমীম আহাদ

পড়াশোনাতে সৈয়দা লামমীম আহাদ সব সময় সেরাদের দলে। প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি পাওয়া দিয়ে শুরু। এরপর এসএসসির ফলাফলে মাদারীপুর জেলায় প্রথম। কলেজ শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতেও তাঁর বাজিমাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে পঞ্চম, বুয়েটে ৪০তম আর চট্টগ্রাম মেডিকেল কলেজে সুযোগ পান তিনি। ফলিত পদার্থবিজ্ঞান পড়ার আগ্রহ থেকে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগে।
লামমীমের বিজ্ঞানের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। ২০০৭ সালে প্রথম জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডে বরিশাল বিভাগ থেকে অংশ নিয়ে প্রথম হন তিনি। ওদিকে ২০০৯ সালে জাতীয় অ্যাস্ট্রোনোমিক্যাল অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অলিম্পিয়াডের জন্য নির্বাচিত হন। ২০১০ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত ‘চতুর্থ আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতির্পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে প্রথম মেয়ে প্রতিযোগী হিসেবে অংশ নেন তিনি।
এরপর লামমীম ও তাঁর বন্ধুরা মিলে শুরু করেন ‘স্কুল অব লাইফ’ কার্যক্রম। লামমীম বলেন, ‘এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো ঢাকার বাইরের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা, দেশের প্রতি দায়িত্ববোধ এবং সহশিক্ষামূলক কাজকর্মে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।’
২০১৪ সালে ডাবলিনে অনুষ্ঠিত ‘ওয়ান ইয়াং ওয়ার্ল্ড’ সামিটে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দলে যুব প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ তাঁর জীবনের উল্লেখযোগ্য ঘটনা।
মহাশূন্যের প্রতি লামমীমের আগ্রহের শুরু ছোটবেলাতেই, তাঁর মায়ের হাতে। ছোটবেলায় তাঁর মা তাঁকে চাঁদ-তারার পাশাপাশি আকাশে কালপুরুষ আর সপ্তর্ষিমণ্ডল চিনতে শেখান; জানান উল্কা আর ধূমকেতুর কথাও। সময় পেরিয়ে মহাশূন্যে অভিযানের এক অপার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছেন লামমীম। রাইজিং স্টার প্রোগ্রাম নামে একটি প্রতিযোগিতা চলছে বিশ্বব্যাপী, যে প্রতিযোগিতার মধ্য দিয়ে সারা বিশ্ব থেকে নির্বাচিত একজন পাবেন মহাশূন্যে যাত্রার সুযোগ। ক্রুগার কোওন করপোরেশনের সহায়তায় এবং ওয়ান ইয়াং ওয়ার্ল্ড এবং স্পেসশিপ আর্থ গ্রান্টের যৌথ উদ্যোগে আয়োজিত ওই প্রতিযোগিতায় ৮০টি দেশ থেকে আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে ৩০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। যেই ৩০ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন এই লামমীম। এখান থেকে দুটি ধাপ পেরিয়ে একজনকে রাইজিং স্টার হিসেবে বাছাই করা হবে, যে সুযোগ পাবে মহাশূন্যে যাওয়ার।
৩০ জন থেকে শীর্ষ তিনে আসার জন্য লামমীমের এখন প্রয়োজন বাংলাদেশের মানুষের সমর্থন। যেই সমর্থন দিতে পারবেন যে কেউ। খুব সহজে সামাজিক যোগাযোগমাধ্যমে লামমীমের নিচের প্রোফাইল শেয়ার করার মাধ্যমে। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা লামমীমের সেরা তিনে জায়গা করে নেওয়া তাই এখন আমাদের হাতে। আপনার একটি ফেসবুক, টুইটার বা লিংকড ইন প্রোফাইল থাকলে তাতে লগইন করে এই www. krugercowne.com/risingstar/shortlist/syeda-lammim-ahad/লিংকটি শেয়ার করুন। এর ফলে লামমীমের মহাশূন্যে যাত্রার স্বপ্নে শামিল হবেন আপনিও।