যেদিকে চোখ যায় শুধু জ্ঞানী-গুণীদের ভিড়। কোথাও জটলা করেছেন দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থীরা। আবার কোথাও বা নিজেদের মধ্যে মতবিনিময় সেরে নিচ্ছেন বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। আর এমনটি হবেই বা না কেন? আন্তর্জাতিক এই সম্মেলনটির নাম যে ‘নলেজ গ্লোবালাইজেশন’! সহজ বাংলায় ‘জ্ঞানের বিশ্বায়ন’।৮, ৯ ও ১০ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বসেছিল এই আন্তর্জাতিক সম্মেলনটি। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, কানাডা, চীন, ভারত, পাকিস্তান, ভুটানসহ মোট ২০টি দেশের প্রতিনিধিদের পদধ্বনিতে তিন দিনের জন্য মুখরিত হয়ে উঠেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের ‘ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিসেস’ যৌথভাবে যুক্তরাষ্ট্রের ‘সাফোক ইউনিভার্সিটি’ এবং ‘নলেজ গ্লোবালাইজেশন ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্র’-এর সঙ্গে তিন দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনের আয়োজন করেছিল। এই আয়োজনের লক্ষ্য হলো দুনিয়াজোড়া মেধাবিদের এক ছাদের নিচে নিয়ে এসে জ্ঞান বিনিময়ের সুযোগ করে দেওয়া। আর তা ছাড়া এ ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব—জানালেন এই অনুষ্ঠানের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের পরিচালক আবদুল হান্নান চৌধুরী। ‘জ্ঞান বিনিময়ের মাধ্যমেই সম্ভব উন্নতি এবং ক্ষমতায়ন’ (Empowerment through knowledge transfer and progress through knowledge sharing)।—এই ছিল সম্মেলনের স্লোগান।সম্মেলনে অংশ নিতে পেরে কেমন লাগছে জানতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসা কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধির কাছে। যুক্তরাষ্ট্রের সাফোক ইউনিভার্সিটি থেকে আসা জেনিফার, আঞ্জেলিনা, ড্যানিয়া ও ক্যাথরিন জানালেন তাঁদের ভালো লাগার কথা। এঁদের মধ্যে জেনিফার বলেন, ‘জ্ঞানের বিশ্বায়ন ছাড়া বিশ্বের উন্নতি সম্ভব নয়। এই সম্মেলনে আমরা এসেছি জ্ঞান বিনিময় করতে।’এবার এগিয়ে যায় দেশের শিক্ষার্থীদের জটলার দিকে। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু একসঙ্গে বসে ছিলেন। জানতে চাই কেমন লাগছে? সবার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফুল ইসলাম বলে ওঠেন, ‘চমত্কার। এখানে সত্যিকারের অর্থেই জ্ঞানের বিনিময় হচ্ছে। অনেক বিষয়ে অনেক নতুন তথ্য জানলাম, যা এক কথায় অসাধারণ’।তাঁদের কথার প্রমাণ পাওয়া গেল সম্মেলনের তিন দিনে। সম্মেলনের উপস্থাপন করা বিভিন্ন গবেষণাপত্রে উঠে আসে সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তা, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার কথা, জ্বালানি ও পানিসম্পদের পরিমিত ব্যবহারের কথা, গ্রামীণ জনপদে ক্ষুদ্রঋণের গুরুত্বের কথা, নৈতিকতার গুরুত্ব, আন্তর্জাতিক বিনিয়োগ, নারীর ক্ষমতায়নের সুফল, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োজনীয়তাসহ আরও বিভিন্ন সমকালীন গুরুত্বপূর্ণ বিষয়। সম্মেলনের প্রথম দিনে সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘অনেক দেশ বিশ্বায়ন নিয়ে ভীত। এই বিশ্বায়ন এক পক্ষীয়, দরিদ্ররা এর সুবিধা পায় না। জ্ঞানের বিশ্বায়ন হওয়া উচিত সর্বজনীন। যাতে সব মানুষ এর সঙ্গে সম্পৃক্ত হতে পারে। শিক্ষার উদ্দেশ্য ভালো চাকরি পাওয়া নয়, হওয়া উচিত দেশের সমস্যার সমাধান।’বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভরনর্সের চেয়ারম্যান এম এ কাশেম ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, ‘সত্যিকারের উন্নয়নে জ্ঞান বিনিময়ের বিকল্প নেই। এ জন্যই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিয়মিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের সাফোক ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট জেনিথ গ্রাফিথ, যুক্তরাষ্ট্রের নলেজ গ্লোবাইলাইজেশন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট নার্গিস মাহমুদ প্রমুখ।