চট্টগ্রাম সমিতির অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান
জ্ঞানচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হতে হবে

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সত্যিকারের মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম সমিতি, ঢাকা শাখার উদ্যোগে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২২ আগস্ট বেলা তিনটায় চট্টগ্রাম সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ‘চট্টগ্রাম সমিতি শিক্ষাবৃত্তি-২০১৫’ প্রদান করা হয়। পাশাপাশি এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।
সমিতির সভাপতি লায়লা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান।
অনুষ্ঠানে ২০১৫ সালে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ১৫ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে প্রথম কিস্তি ও এককালীন থোক বরাদ্দের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়লা কবির, মো. আবদুল মোবারক, মো. জাহাঙ্গীর আলম খান, আবু আলম চৌধুরী ও রেজাউল হক চৌধুরী। বিজ্ঞপ্তি।