জ্ঞানমেলা চলবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালে বৃষ্টি। তাও অল্প নয়, থেমে থেমে সারা দিনই বৃষ্টি। কিন্তু কিছুই যেন আটকাতে পারেনি জ্ঞানমেলায় আসা হাজার দুয়েক দর্শককে। তাদের অধিকাংশই স্কুল-কলেজের ছেলেমেয়ে। প্রযুক্তিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজির হয়েছিল বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের জ্ঞান মেলায়। দেখতে দেখতে সাতটি বছর পার হয়ে গেল। ২০০৪ সালের ১৫ ডিসেম্বর জ্ঞানমেলা নামে যে শিশুটির শুরু তা আজ পেরিয়ে গেছে সাত বছরেরও বেশিসময়। গত ৭ ও ৮ জানুয়ারি আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প আয়োজন করে সপ্তম জ্ঞানমেলার। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব।বেলা সাড়ে ১১টায় মেলা উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন। মেলার বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রীয়াজ বলেন, এমন আয়োজন গ্রামকে আলোকিত করে তুলবে। আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম বলেন, ‘জ্ঞানের বিস্তার শুধু শহরে নয়, গ্রামে ছড়িয়ে দেওয়ার জন্য এ আয়োজন আমরা শুরু করেছিলাম। এখন আর আমাদের দরকার নেই। স্থানীয় জনগণই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এটিকে তারা নিজেদেরই উৎসব মনে করছে। আমাদের এ উদ্যোগকে এখন সার্থক মনে হচ্ছে।’ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন চিত্রশিল্পী ও সংস্থাটির পরিচালনা পরিষদের সদস্য মাহমুদুল হক।গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে এমন সব বৈশিষ্ট্যই থাকে এই মেলায়। নাগরদোলা, চরকি আর নানা রকম স্টলে উৎসবমুখর ছিল মেলা প্রাঙ্গণ। ‘তথ্যপ্রযুক্তি হোক গ্রামের আয়ের উৎস’ স্লোগানে আয়োজিত এ মেলায় ছিল ২৮টি স্টল। তারা প্রযুক্তির বিভিন্ন ব্যবহার প্রদর্শন করেছিল। সবচেয়ে ভিড় ছিল মংলার মিঠেখালী গ্রামের আমার দেশ আমার গ্রামের স্টলে। এটি এফএসবি লিমিটেডের একটি ই-কমার্স প্রকল্প। প্রকল্পের পরিচালক আতাউর রহমান বলেন, ‘গ্রামীণ অর্থনীতিনির্ভর আমাদের দেশের গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটলেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। সে লক্ষ্যেই আমরা একেবারে গ্রামীণ উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য অনলাইনে ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করে দিচ্ছি।’ গত মেলার মতো এবারের মেলায়ও সেরা স্টলের পুরস্কার পেয়েছে পেড়িখালী মডেল স্কুল। স্কুলের কম্পিউটার শিক্ষক নাজমুল হুদা বলেন, ‘আমাদের বাচ্চারা প্রতিবারের মতো এবারও বিজ্ঞানের প্রতি তাদের অসীম আগ্রহ নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেছে।’বৃষ্টির মধ্যে মেলায় ঘুরে বেড়াচ্ছিল পেড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শিউলি। বলল, ‘আমাদের এলাকার মতো প্রত্যন্ত অঞ্চলে এ রকম মেলার আয়োজন নিয়ে আমরা গর্ববোধ করি। এ মেলায় এলে জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন অনেক কিছু জানতে পারি।’ রামপাল কলেজের ছাত্র সুমন জানান, প্রতিবারই এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গার আত্মীয়স্বজন বাড়িতে আসে। বাড়িটাই মেলা মেলা মনে হয়। মেলায় প্রথমবারের মতো এসেছিলেন শিশু একাডেমীর প্রধান গ্রন্থাগারিক রাজীনা আকতার। তিনি বলেন, ‘এখানকার মানুষের বিশেষ করে স্কুল-কলেজের ছেলেমেয়েদের এ মেলা নিয়ে যে আগ্রহ, তা আমাকে অভিভূত করেছে। নাগরদোলায় চড়তে গিয়ে ১১ বছর বয়সী মুন্নী আমার বন্ধু হয়ে গেছে। এই আঙ্গিকের মেলা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত।’ প্রতিবারের মতো মেলায় এবারও গুণীজন নির্বাচন করা হয়েছে। গুণীজন হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদেরকে। আর সেরা জ্ঞানকর্মীর পুরস্কার পেয়েছেন আমাদের গ্রামের খান জাহিদ হোসেন ।মেলার প্রথম দিনের আয়োজনে আরও ছিল বাল্যবিবাহ, ইভ টিজিং ও নারী পাচারবিরোধী পটগান। পটগান পরিবেশন করেন রূপান্তরের শিল্পীরা। চলে ঐতিহ্যবাহী ঢালী খেলা। বিকেলের পর্বে বাংলাদেশের সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম তাঁর এভারেস্ট বিজয়ের কাহিনি শোনান এবং বিজয়ের ছবি দেখান। প্রথম দিন সন্ধ্যায় মেলামঞ্চে দেখানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। দুই দিনব্যাপী আয়োজনে আরও ছিল স্কুলপর্যায়ের ছেলেমেয়েদের জন্য গণিত, দাবা, ক্যারম, সংগীত, নৃত্য, বিতর্ক ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। মেলার দ্বিতীয় দিন সন্ধ্যায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ হাবিবুন নাহার। কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা আবৃত্তি করে শোনান তাঁর অনুজ সুবীর ওবায়েদ।বাঙালি উৎসবপ্রিয় জাতি। উৎসবের মধ্য দিয়ে সে ধারণ করতে চায় তার ঐতিহ্য, সংস্কৃতি, প্রগতি ও জ্ঞান-বিজ্ঞানের চর্চাকে। তাই জ্ঞানমেলায় লোকজ আবহের মধ্যেই চলে জ্ঞানচর্চার প্রয়াস।জ্ঞানমেলা এই গ্রামে চলছে এবংজ্ঞানমেলা চলবেই।