জ্ঞানের গহীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে সবুজ আর সবুজ। পাহাড়ের ঢাল বেয়ে মাইলের পর মাইল মাচান দেওয়া। খেতে কাজ করছেন কিষান-কিষানিরা। মাঝে হঠাৎ করে কয়েকটি পাহাড়ের চূড়ায় কতগুলো আধুনিক ভবন। এক ভবন থেকে আরেক ভবনে উপত্যকার মতো আসা-যাওয়ার দারুণ পথ। বিশাল লালমাই পাহাড়ি অঞ্চলের ছোট্ট একটি অংশ এটি, সবুজের মাঝে যেখানে জ্ঞানের চাষ হয়। নির্মল সভ্যতা আর সবুজ আধুনিকতায় যেন নিদারুণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।সিঁড়ি বেয়ে মানুষ যেমন ওপরে ওঠে, ঠিক সে রকম শত সিঁড়ির পর পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন, ক্লাসরুম আর ছাত্রছাত্রীদের হইচইয়ের নাগাল। দারুণ আনন্দঘন পরিবেশ এখন এই ক্যাম্পাসে। রাজনীতি নিষিদ্ধ বলে এমনিতেই এখানে কোনো গোলযোগ সাধারণত হয় না। নিবিড় একটা পরিবেশ সব সময় বিরাজ করে এখানে। ছিমছাম একটা আবহে পড়াশোনাও হয় অনেক ভালো। তবে এত সুন্দর একটা বিশ্ববিদ্যালয় এমনিতেই চলে আসেনি। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই ক্যাম্পাসের বাস্তবতা। ১৯৬২ সালে প্রথম সিদ্ধান্ত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে চট্টগ্রামে স্থাপিত হয় বিশ্ববিদ্যালয়। সেই থেকে অপেক্ষা। কুমিল্লার প্রতিটি মানুষের অন্তর থেকে দাবি উঠতে থাকে। ৪৪ বছর ধরে চলে এই অপেক্ষা। অবশেষে ২০০৬ সালের ৮ মে সরকার কুমিল্লায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় ২৮ মে ২০০৭ সালে। ৩০০ জন শিক্ষার্থী এবং ১৫ জন শিক্ষক নিয়ে চালু হয় শ্রেণীর কার্যক্রম। প্রথম চারটি স্কুলের (অনুষদ) অধীনে সাতটি বিভাগ চালু হয়। গণিত শুরু হয় বিজ্ঞান, ইংরেজি হয় কলা ও মানবিক, অর্থনীতি ও জনপ্রশাসন হয় সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায়। আরও তিনটি বিভাগ চালু হয়। সেগুলো যথাক্রমে ইনফরমেশন সিস্টেম ও হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও মার্কেটিং। এই তিনটি বিভাগ ব্যবসায় শিক্ষা অনুষদের আওতায় চালু হয়। ৫০ একর জায়গার ওপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থাপিত। এখন ১১টি বিভাগের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় এটি। এরই মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলা, নৃবিদ্যা, আইসিটি, পদার্থ, রসায়ন, পরিসংখ্যানসহ আরও নতুন তিনটি বিভাগ চালু হয়েছে। শিক্ষার্থীদের জন্য মোট তিনটি হল আছে। ছেলেদের দুটি হল হচ্ছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ও কাজী নজরুল ইসলাম হল। আর ছাত্রীদের একমাত্র হলটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল।সার্বিকভাবে নতুন অথচ গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের মুখ উজ্জ্বল করার চেষ্টায় শিক্ষার কার্যক্রম চালাচ্ছে। বিশ্বের বুকে নতুন জ্ঞান সরবরাহের জন্য বাংলাদেশে নানা গবেষণার মাধ্যমে নতুন আবিষ্কারের লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। গবেষণা ও শিক্ষার কার্যক্রমের জন্য এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত উপযোগী ও নির্মল বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী আহসান হাবীব। তিনি আরও যোগ করেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভৌগোলিকভাবে একটি গুরুত্ববহ স্থানে হওয়ায় এর গুরুত্ব আছে। যাকে কাজে লাগিয়ে একে অনেক উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা সম্ভব।’বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে গিয়ে তৃতীয় ব্যাচের শিক্ষার্থী কামরুন নাহার বলেন, ‘আমাদের বাস, আবাসন, শিক্ষকরুম, ক্লাসরুম এসব সংকট এখন অনেক চরমে। আমাদের কমনরুমও কম। এসব সমস্যা অত্যন্ত দ্রুত সমাধান করা উচিত।’মিথিলা আফরিন (চতুর্থ ব্যাচ) বলেন, ‘নতুন ভবন তৈরিই এখন বেশি জরুরি। হলের ভেতর গ্যাস, পানিসুবিধা অপ্রতুল। এগুলোতে এখন বেশি নজর দিতে হবে।’‘এখান থেকে শহর অনেক দূরে। ফলে কোনো কাজ করতে পারছি না। সময়মতো সন্ধ্যার আগে হলে না ফিরলে শিক্ষকদের বকা শুনতে হয়।’—এমনই বলছিলেন তৃতীয় ব্যাচের ছাত্রী আফসানা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আমীর হোসাইন খান বলেন, ‘সব শিক্ষার্থীকে বাংলাদেশ সরকারের ভিশন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে সুউচ্চ ও গবেষণাধর্মী ফলপ্রসূ শিক্ষায় শিক্ষিত হতে হবে।’ তিনি সব শিক্ষার্থীকে ক্যাম্পাসে নিষিদ্ধ অপরাজনীতি ও অপসংস্কৃতির চর্চায় নিরুৎসাহিত করেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব সময়ই চলছে নানা তারুণ্যময় আনন্দের আয়োজন। বিশ্ববিদ্যালয় তো এমনই হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল বেরিয়েছে। এখন চলছে নতুনদের ভর্তির কার্যক্রম। কিছু মেধাবী তারুণ্য, নতুন করে ভর্তি হবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাস ভরে উঠবে নবউচ্ছ্বাসে। ঢেউ তুলবে সবুজের বুকে ফুটে থাকা এ বিশ্ববিদ্যালয়ে। জয়তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়।