জ্ঞানের দীপাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের ছুটির পর কালই তো খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি কি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? ইতিমধ্যেই হয়তো গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে? আর না গেলে আজই যান। দেখুন, কত সমৃদ্ধ এই লাইব্রেরি। সকালের প্রথম ক্লাসটি শেষ করে ব্যস্ত ভঙ্গিতে লাইব্রেরির দিকে যাচ্ছে সমাজকল্যাণ বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী শুচিতা। প্রশ্ন করি, কী ব্যাপার, এত হন্তদন্ত হয়ে ছুটছ কোথায়? আরে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আর মাত্র দুই দিন বাকি। কিন্তু এখনো কিছুই করা হয়নি। নিজের বিভাগে এত বড় সেমিনার লাইব্রেরি থাকতে কেন কেন্দ্রীয় লাইব্রেরিতে এলেন? শুচিতার উত্তর, এটা ঠিক, আমাদের সেমিনার লাইব্রেরি নিঃসন্দেহে অনেক বড়। কিন্তু কেন্দ্রীয় লাইব্রেরি আরও অনেক বেশি সমৃদ্ধ। আর গৎবাঁধা নিয়মে অ্যাসাইনমেন্ট না করে একটু প্রাসঙ্গিক ও তথ্যবহুল করতে কেন্দ্রীয় লাইব্রেরিতে আসা।এরপর দেখা হয় ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রিপার সঙ্গে। প্রশ্নের আগেই একটু মুচকি হেসে রিপা বলেন, আগামী সপ্তাহ থেকে মিডটার্ম পরীক্ষা। প্রয়োজনীয় রেফারেন্স বইয়ের সমন্বয়ে একটা ভালো নোট দাঁড় করাতেই লাইব্রেরিতে যাচ্ছি। খানিকটা এগোতেই দেখা মিলল গণযোগাযোগ বিভাগের ধ্রুবর সঙ্গে। প্রশ্ন করি, গন্তব্য কোথায় মহাশয়? উত্তর আসে, রিসার্চ মনোগ্রাফের কাজ করতে হচ্ছে। তাই পেপার সেকশনে যাচ্ছি। কেননা পুরোনো পত্রিকা নিয়েই কাজ। হ্যাঁ, লাইব্রেরির পেপার সেকশনে আপনি পাবেন পঞ্চাশের দশক থেকে বর্তমান সময়ের পত্রিকাগুলো। পেপার সেকশনের সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় সানজিদাকে আসতে দেখে খানিকটা অবাক না হয়ে পারলাম না। দৃষ্টিপ্রতিবন্ধী সানজিদা সমাজবিজ্ঞান বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। প্রশ্ন করি, এখানে কেন? উত্তর মেলে, কেন্দ্রীয় লাইব্রেরির একটি সেকশন হলো ব্রেইল সেকশন। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হয়েছে এই ব্রেইল লাইব্রেরি।লাইব্রেরির সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছেন রাষ্ট্রবিজ্ঞানের শায়লা। ফোনের অপর প্রান্তে বন্ধুকে বলছেন, আমি মুক্তিযুদ্ধবিষয়ক সেলে যাচ্ছি, তুমি জার্নাল সেকশনের কাজ শেষে ওখানে চলে এসো। হ্যাঁ, এই মুক্তিযুদ্ধ সেল কেন্দ্রীয় লাইব্রেরির আরেকটি সমৃদ্ধ বিভাগ। যেখানে মুক্তিযুদ্ধসম্পর্কিত প্রায় ছয় হাজার বই রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ে যেকোনো কিছু জানতে এই বিভাগ বিশেষভাবে সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আর জার্নাল সেকশনে আপনি পাবেন ১৭০ ধরনের মুদ্রিত জার্নাল। এ ছাড়া ই-জার্নাল রয়েছে প্রায় ২০ হাজার।আর সেমিনার সেকশন থেকে একজন শিক্ষার্থী বই তুলে বাসায় নিয়ে পড়তে পারেন। রেফারেন্স সেকশনে পাওয়া যাবে বাংলাপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, বিজ্ঞান কোষ, বিভিন্ন ডিকশনারি ও গবেষণাধর্মী নানা বই। পাণ্ডুলিপি সেকশনে রয়েছে ২০০ বছরের পুরোনো পাণ্ডুলিপি। রিডার সেকশন থেকে একজন শিক্ষার্থী লাইব্রেরি কার্ডের মাধ্যমে বই তুলে পড়তে পারবেন।বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে রয়েছে একটি সমৃদ্ধ আর্কাইভ। সংস্কৃত ভাষায় কলহনের লেখা রাজতরঙ্গিনী (আনুমানিক খ্রিষ্টীয় ১১৪৭—১১৮৯ অব্দে রচিত, যা কাশ্মীরের ইতিহাস জানান দেয়) আবুল ফজলের আকবরনামা, রাজা রামমোহন রায়ের ব্যাকরণ বই, ১৮৬১ সালে প্রকাশিত ঢাকা প্রকাশ, মাইক্রো ফিল্ম ও মাইক্রো ফিশ আকারে রয়েছে কিছু দুর্লভ বই আর পাতায় ও পাথরে খোদাই করা পাণ্ডুলিপি। এ ছাড়া কেন্দ্রীয় লাইব্রেরির রয়েছে নিজস্ব একটি সাইবার সেন্টার, যেখান থেকে একজন শিক্ষার্থী ইন্টারনেটের মাধ্যামে পড়াশোনাসংক্রান্ত যেকোনো তথ্য সংগ্রহ করতে পারবেন। এমনিভাবে প্রতিনিয়ত শিক্ষার্থীদের জ্ঞানভান্ডারকে পূর্ণ করে চলেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি। যেকোনো শিক্ষার্থীর কাছে এই লাইব্রেরি একটা বড় পাওয়া। বিশ্ববিদ্যালয় পর্যায়ে জ্ঞানের চর্চা অনেক গভীরে প্রোথিত। তাই লাইব্রেরির প্রয়োজনীয়তা অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে। এই লাইব্রেরির বইয়ের সংখ্যা প্রায় ছয় লাখ। তবে সময়ের পরিক্রমায় নানা অনিয়ম আর অব্যবস্থাপনার শিকার হয়েছে এই লাইব্রেরি। ইতিহাস বিভাগের এমফিল গবেষক আজিজুল রাসেল বলেন, এখানে অনেক দুর্লভ এবং পুরোনো বই ও পাণ্ডুলিপি রয়েছে। কিন্তু এগুলো যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে না। বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘আমাদের এই লাইব্রেরিতে প্রচুর বই কিন্তু পদ্ধতিগত জটিলতার কারণে শিক্ষার্থীদের তেমন একটা উপকারে আসে না বইগুলো। অধিকাংশ বইয়ের নতুন কোনো সংস্করণ নেই এখানে।’ এ ছাড়া ২০০ বছরের পুরোনো পাণ্ডুলিপিগুলো নিয়ে গবেষণা করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আর লাইব্রেরির স্থানাভাবের কথা নতুন করে বলার কিছু নেই। লাইব্রেরির এসব সমস্যা নিয়ে কথা হলো প্রধান লাইব্রেরিয়ান এবং লাইব্রেরি সায়েন্স বিভাগের অধ্যক্ষ নাসিরউদ্দিন মুন্সীর সঙ্গে। তিনি বলেন, ১৯৫৬ সালে যখন এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়, তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র পাঁচ হাজার। বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার। কিন্তু সে অনুপাতে বাড়েনি সুযোগ-সুবিধা বা বইপত্র। আগের চেয়ে লাইব্রেরি ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। লাইব্রেরির আধুনিকায়নের অংশ হিসেবে ডিজিটাল ক্যাটালগিং পদ্ধতি চালু করা হয়েছে, ডেটা ইনপুটের কাজ চলছে। লাইব্রেরিকে পুরোপুরি ডিজিটালাইজড এবং অটোমেটেড করাই এর লক্ষ্য। আর লাইব্রেরির ঐতিহাসিক নিদর্শনগুলো অবিকৃত রেখে এর সমপ্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু নতুন বই কেনার কাজ সম্পন্ন হয়েছে। তিনি আশা করেন, এই লাইব্রেরি জ্ঞানপিপাসুদের জন্য একটি আদর্শ জায়গায় পরিণত হবে। তবে আর দেরি কেন? আজই চলে আসুন এই লাইব্রেরিতে, উন্মুক্ত করুন জ্ঞানের দ্বার...।