জ্ঞানের নতুন ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর আর আশপাশ থেকে একের পর এক বাস এসে ঢুকছে ক্যাম্পাসে। শিক্ষার্থীরা নেমেই ছোট ছোট দলে ভাগ হয়ে ছুটছেন নিজ নিজ অনুষদের দিকে। নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ধরে ৩৪ কিলোমিটার গিয়ে কাঞ্চননগর রৌশনহাট। এর আগেই বিশাল এলাকাজুড়ে অনেকগুলো বিশাল ভবন। এখানে গড়ে উঠেছে ‘বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়’। একদিন সকালে ক্যাম্পাসে হাজির হই। প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী স্বপ্ন দেখছেন এই প্রতিষ্ঠানের ওপর ভর করে জীবনের শীর্ষে যাওয়ার। ক্যাম্পাসের উত্তর প্রান্তে কৃত্রিম হ্রদের পাড়ে নারকেল গাছের সারি। এর ছায়ায় দাঁড়িয়ে কথা হয় রাঙ্গুনিয়া থেকে আসা ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র বিটন মল্লিক, চন্দনাইশের হাশিমপুর থেকে আসা একই বর্ষের জান্নাতুল ফেরদৌস, পাঠানদণ্ডীর শিমুল মজুমদার (বিবিএ ষষ্ঠ সেমিস্টার), সাবরিনা সুলতানা ও মিজান চৌধুরীর সঙ্গে। শহর থেকে দূরে অনেকটা গ্রামীণ পরিবেশে এই বিশ্ববিদ্যালয়কে বেছে নিলেন কেন—এমন প্রশ্নের নানা উত্তর পাওয়া গেল। ভালো শিক্ষার পরিবেশের কথা বললেন বেশির ভাগই। নিজস্ব ছাত্রীনিবাসের কথা বললেন এক ছাত্রী। রাজনীতিমুক্ত পরিবেশের কথা জানান কয়েকজন। আর্থিক সাশ্রয়ের কথাও বললেন অনেকে। তবে সবার যে এ ক্যাম্পাস মন কেড়েছে, সেটা বুঝতে অসুবিধা হলো না।তবে গ্রন্থাগারে বসার জায়গার স্বল্পতা এবং ইংরেজি বিষয়ে বইয়ের পর্যাপ্ত অভাবের কথাও জানালেন তাঁরা।শিক্ষার্থীদের অনেকেই জানান, এলাকার বাইরের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য শহর ছাড়াও লোহাগাড়া, বোয়ালখালী ও আনোয়ারা থেকে ক্যাম্পাস পর্যন্ত বিনা খরচায় পরিবহনসুবিধা রয়েছে এখানে।বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সাইফুদ্দিন শাহরিয়ার জানান, ২০০১ সালের ২২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায় এ বিশ্ববিদ্যালয়। শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৩ সালের জানুয়ারি থেকে।বর্তমানে এখানে চারটি অনুষদে সাতটি বিষয়ে পড়ালেখা হচ্ছে। এগুলো হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদ; বিষয়—বিবিএ ও এমবিএ। বিজ্ঞান অনুষদ; বিষয়—বিএসসি (অনার্স), এনসিএসই ও বি ফার্ম (অনার্স)। আইন অনুষদ; বিষয়—এলএলবি (অনার্স) ও এলএলএম। কলা অনুষদ; বিষয়—বিএ অনার্স (ইংরেজি)। খোঁজ নিয়ে জানা গেল, বিভিন্ন বিষয়ে কোর্স ফি দেশের অন্য সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফরিদ আহমদ চৌধুরীর সঙ্গে কথা বলে জানা গেল, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পল্লি অঞ্চলের জনগোষ্ঠীর কাছাকাছি নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, শিল্পপতি ও প্রকৌশলী আফছার উদ্দীন আহমদ। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮২ সালে প্রায় ১০০ একর জমির ওপর তাঁর মায়ের নামে বিজিসি ট্রাস্ট (বেগম গুল চেমনআরা ট্রাস্ট) প্রতিষ্ঠা করেন। আর এর অধীনে পরিচালিত হচ্ছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় ছাড়াও এ ট্রাস্টের আওতায় গড়ে উঠেছে বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ।উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, এটি একটি অলাভজনক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে রয়েছে মাসিক ভিত্তিতে টিউশন ফি দেওয়ার সুবিধা। আছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্বল্প বেতনে শিক্ষার সুযোগ, বিশেষ করে জিপিএ-৪.৮৮ থেকে ৫ পর্যন্ত পাওয়া গরিব শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানো হয়।