জ্ঞানের নীলাঞ্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটাই তো জীবন, সে জীবন যদি অর্থপূর্ণ কিছু করতে না পারি, তবে আর বাকি রইল কী? এ লক্ষ্য নিয়েই পড়ালেখা করেছি এবং এ পর্যন্ত আসা।’ দৃঢ়প্রত্যয়ে কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩তম রোকেয়া স্বর্ণপদক বিজয়ী নীলাঞ্জনা পাল।জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তিনি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সিঁড়ি পার করে এসেছেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে। দুটোতেই জিপিএ ৫.০০। ফলাফলে বরাবরই থাকতেন প্রথম থেকে তৃতীয় স্থানের ভেতর। ‘আমার কখনো অন্য কারও সঙ্গে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা করেছি আমার নিজের সঙ্গেই। একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে তার পেছনেই পরিশ্রম করেছি।’ বললেন নীলাঞ্জনা।পরিবারের দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় নীলাঞ্জনা। পরিবার সম্পর্কে তিনি বলেন, ‘আমার অনুপ্রেরণা আমার বাবা-মা। তাঁরা সব সময়ই আমাকে উৎসাহ দিয়েছেন। তবে কখনোই চাপ দেননি যে এই ভালো ফল করতেই হবে। তা ছাড়া আমার বিভাগের শিক্ষক ও সিনিয়ররা অনেক সহযোগিতা করেছেন আমার ভালো ফলের জন্য।’রোকেয়া হলের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেওয়া হয়। রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লায়লা নূর ইসলাম বলেন, ‘আমরা মূলত একজন শিক্ষার্থীর ফলাফল ও সহশিক্ষা কার্যক্রম—এ দুটোর ওপর ভিত্তি করে পদকটি দিয়ে থাকি। ২০০৪-০৫ ব্যাচে নীলাঞ্জনা ছিল সবচেয়ে মেধাবী শিক্ষার্থী। পাশাপাশি নিয়মশৃঙ্খলা, খেলাধুলায়ও ওর অংশগ্রহণ ছিল।’স্বর্ণপদক পাওয়ার অনুভূতি জানতে গিয়ে নীলাঞ্জনা বলেন, ‘রোকেয়া স্বর্ণপদক পাওয়া সত্যিই অনেক গর্বের। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে পদকটি একদিন আমি পাব।’ নীলাঞ্জনা সম্পর্কে উচ্চকিত তাঁর শিক্ষকবৃন্দ। জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারপারসন ড. জেসমিন বলেন, ‘নীলাঞ্জনা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে সে এই বিভাগে ভর্তি হয়েছে। মাঝে সে কিছুদিন অসুস্থ ছিল কিন্তু তারপরও ও পড়ালেখাটা ঠিকমতোই চালিয়েছে। ওর সাফল্য কামনা করি।’পড়ালেখার পাশাপাশি নীলাঞ্জনার শখ গল্পের বই পড়া। ‘ছোটবেলায় গান শিখতাম। কিন্তু এখন তা আর হয়ে ওঠে না। তা ছাড়া পড়ালেখার চাপটা সারা বছরই থাকে বলে বন্ধুদের সঙ্গে আড্ডাও ঠিক ভালোভাবে দেওয়া হয় না। তবে সময় পেলেই বন্ধুরা মিলে ঘুরতে যাই। পয়লা বৈশাখে, পয়লা ফাল্গুনে অনেক মজা করি।’ বললেন নীলাঞ্জনা। ভবিষ্যতে নীলাঞ্জনা গবেষণা বা শিক্ষকতা পেশায় যেতে চান।