
সাগরের পাহাড়সমান ঢেউকে টেক্কা দিয়ে সার্ফিং করার কথা হরহামেশা শোনা যায়। যুক্তরাষ্ট্রের পেশাদার অভিযাত্রী অ্যালিসন টিলেরও এমন অভিজ্ঞতার কমতি নেই। কিন্তু পুরো দুনিয়া চষে বেড়ানো এ অভিযাত্রী এবার যা করলেন তা সত্যি সত্যি পিলে চমকানো ব্যাপার। কারণ তিনি প্রশান্ত মহাসগরের যে জায়গাটায় সার্ফিং করেছেন তার ঠিক সামনেই ছিল জ্বলন্ত আগ্নেয়গিরি। যার তপ্ত লাভা প্রতিনিয়ত সাগরে এসে মিশছে কয়েক ফুট দূরেই। এর মধ্যেই চলেছে তাঁর সাঁতার আর সার্ফিং। এই জীবন্ত আগ্নেয়গিরির নাম কিলাউইয়া। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের উত্তর-পূর্বভাগে অবস্থান এই আগ্নেয়গিরির। যার এক পাশে নীল জলরাশির প্রশান্ত মহাসগর। ১৯৮৩ সাল থেকে আগ্নেয়গিরির লাভা উদ্গিরণ শুরু হওয়ার পর এখনো চলছে। ৩০ বছর বয়সী পেশাদার অভিযাত্রী অ্যালিসন টিল তাঁর গোলাপি রঙের সার্ফবোর্ড নিয়ে সেখানেই সার্ফিং করেছেন। তিনি এই দুঃসাহসী কাজটা করেছেন ৩ আগস্ট। সার্ফিংয়ের সময় অ্যালিসন টিলের ছবি তুলেছেন আলোকচিত্রী পেরিন জেমস।
অ্যালিসন অভিযান শেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর প্রোফাইলে অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। যেখানে পুরো অভিযানের নানা প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি উল্লেখ করেছেন, ‘এটা আমার সারা জীবনের স্বপ্ন ছিল।’
ডেইলি মেইল অবলম্বনে সজীব মিয়া
ছুটির দিনে