জ্বালানি কাঠ পাচারকারীরা বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জ্বালানি কাঠ পাচারকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের বাধা দিতে গিয়ে বন বিভাগের এক বনরক্ষক (ফরেস্টার) আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। জ্বালানি কাঠ পাচারকারীরা এখন প্রকাশ্যে জ্বালানি কাঠ চট্টগ্রামের বিভিন্ন ইটভাটায় পাচার করছেন। গত রোববারও বিভিন্ন নৌযানে করে কাঠ পাচার করতে দেখা গেছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় জ্বালানি কাঠ পাচার’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকার মসজিদঘাটে অবৈধ জ্বালানি কাঠ আসার খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের বনরক্ষক (ফরেস্টার) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টহল দল সেখানে যায়। এ সময় তাঁদের সঙ্গে গোয়েন্দা বিভাগের কয়েকজন সদস্যও ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে মসজিদঘাট থেকে জ্বালানি কাঠবোঝাই একটি চান্দের (হুডখোলা জিপ) গাড়ি চট্টগ্রামের দিকে যাওয়ার পথে মনিরুজ্জামান বাধা দিতে চেষ্টা করেন। কিন্তু গাড়িটি না থামিয়ে তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে মনিরুজ্জামানের দুই পা মারাত্মক জখম হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মনিরুজ্জামানকে ওই দিনই রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। গত রোববার মানিকছড়ি মসজিদঘাটে গেলে দেখা যায়, কমপক্ষে আটটি ট্রলারে (ইঞ্জিনচালিত দেশীয় নৌকা) করে জ্বালানি কাঠ নিয়ে আসা হয়েছে। সেগুলো একদল শ্রমিক ঘাটে তুলছেন। পাশে বসে আছে কয়েকজন যুবক। জ্বালানি কাঠের কোনো পারমিট (পরিবহন অনুমতি) আছে কি না, প্রশ্ন করা হলে যুবকেরা নিজেদের পরিচয় না দিয়ে বলেন, ‘পারমিটের প্রয়োজন কেন? বন বিভাগের বড় কর্তারা সব জানে।’মানিকছড়ি জ্বালানি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন খুবই অসহায়। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সোলায়মানের নেতৃত্বে সরকারি দলের যুবকেরা ব্যাপক পাচারের মাধ্যমে জ্বালানি কাঠ ব্যবসাটাকে শেষ করে দিয়েছে। তারা কোনো কিছু বোঝে না, কাউকে ভয় পায় না।’ তবে মো. সোলায়মান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সেখানে কোনো সংশ্লিষ্টতা নেই।’ তিনি পাল্টা অভিযোগ করে বলেন, মো. নুরুল ইসলামের বিরুদ্ধে বরং অনেক অভিযোগ রয়েছে।পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হোসাইন মো. নিশাদ বলেন, ‘আমরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টার কারণে বন বিভাগের কর্মকর্তাদের হামলার চেষ্টা করছে। একজনকে গাড়ি চাপা দিয়ে চলে গেছে। পাচারকারীরা নানা কিছু বলে আমাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।’