জ্যাকব জুমার জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) জাতীয় সম্মেলনে তীব্র সমালোচনার মুখে পড়বেন প্রেসিডেন্ট জ্যাকব জুমা। কিন্তু বাস্তবে দেখা গেছে, প্রেসিডেন্ট এ সম্মেলনের মধ্য দিয়ে উল্টো দলে তাঁর অবস্থান আরও পাকাপোক্ত করেছেন।তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুই হাজারেরও বেশি প্রতিনিধির এ সম্মেলন যে উত্তেজনায় ঠাসা ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সাংবাদিকেরা বলেছেন, সম্মেলন না হয়ে এটি যদি বক্সিং ম্যাচ হতো তাহলে নির্ঘাত প্রথম রাউন্ডের পরই রেফারির হস্তক্ষেপ লাগত।উদ্বোধন করতে এসে শুরুতে খোশমেজাজেই ছিলেন প্রেসিডেন্ট জুমা। মাইকের সামনে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী আফ্রিকান কায়দায় শরীর দুলিয়ে একটু নেচেও নেন। মুখে হাসি। কিন্তু ভাষণ শুরু করেই গম্ভীর হয়ে ওঠেন। দলের ভেতর বিভেদের বিরুদ্ধে কড়া ভাষায় সাবধান করে দেন সবাইকে। জোরালো কণ্ঠে বলেন, ‘দলের কনিষ্ঠদের অবশ্যই বয়োজ্যেষ্ঠদের সমীহ করতে হবে।’ এ সময় সম্মেলন কক্ষের পেছনের দিকের একটি আসনে বসা ছিলেন এএনসির যুবসংগঠন ইয়ুথ লিগের প্রেসিডেন্ট জুলিয়াস মালেমা। স্পষ্টবাদী হিসেবে এই নেতার পরিচিতি থাকলেও সেদিন জ্যাকব জুমার এই তীব্র আক্রমণেও তিনি ছিলেন একেবারেই নিশ্চুপ। সম্মেলন থেকে বের হওয়ার পথে উইনি মাদিকিজেলা ম্যান্ডেলাকে দেখা যায় তরুণ মালেমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে। জুমা সম্মেলনে শৃঙ্খলার ওপর এত বেশি জোর দেওয়াতেই হয়তো যুবসংগঠনের নেতা তাঁর কথা তুলে ধরার তেমন সুযোগ পাননি। অনুষ্ঠানে কয়েকবারই উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, কিছু ঘটনায় শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের উপস্থিতিরও প্রয়োজন হয়। কেউ কেউ সাহসের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলেছেন। এএনসির মহাসচিব গোয়েদে মান্তাশে দলের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন পেশ করেন। এতে তিনি দলে ক্রমবর্ধমান অন্তঃকলহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দলের চেতনা ও ভাবমূর্তির ওপর নগদ টাকার ছড়াছড়ি যে নেতিবাচক প্রভাব রাখছে, তাও তুলে ধরেন মান্তাশে।পরের দিন আলোচনায় আবারও শৃঙ্খলার বিষয়টি চলে আসে। দলের প্রাদেশিক সেক্রেটারি ডেভিড মাখুরা বলেন, দলের অসদাচরণকারী সদস্যদের ব্যাপারটি দেখার জন্য একটি ‘সমন্বয় কমিটি’ গঠনের সিদ্ধান্ত হয়েছে। তবে যত কড়া কথাই বলা হোক না কেন, এমনকি শীর্ষপর্যায়েও দৃষ্টিকটু রকমের বৈপরীত্য নজর এড়িয়ে যায়নি। সংবাদ সম্মেলনে স্বয়ং মাখুরার পাশেই বসা ছিলেন জালিয়াতির জন্য ২০০৬ সালে জেল খাটা টনি ইয়েঙ্গেনি! সম্মেলন চলাকালে একটি মিডিয়া আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। আশা করা হচ্ছিল, এত সব বিভেদের মধ্যে এ ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারটিই প্রতিনিধিদের মধ্যে ঐক্য আনবে। এটি অবশ্য গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য ব্যবহার করা হতে পারে বলে সাংবাদিকেরা হুঁশিয়ার করে দিয়েছেন।এএনসি মিডিয়া-বিষয়ক ওই ট্রাইব্যুনাল গঠনের পেছনে সব মহলের সমর্থনের মাত্রা খতিয়ে দেখতে তথ্যানুসন্ধানের সুপারিশ করেছে। এই প্যানেলের সদস্যরা অবশ্যই বাণিজ্যিক ও দলীয় রাজনীতির স্বার্থ থেকে মুক্ত থাকবেন। এএনসির লোকজনকে সংবাদপত্রের বিব্রতকর খবর থেকে রক্ষার জন্যই এ ট্রাইব্যুনাল—এ মর্মে অনেকের যে আশঙ্কা, তা এতে কিছুটা দূর হবে।সম্মেলনের শেষ দিন একটা বিজয়ের সম্ভাবনা জুলিয়াস মালেমার ছিল, যদি তিনি খনি জাতীয়করণের নীতি গ্রহণে দলকে রাজি করাতে পারতেন। এতে বোঝা যেত, সংবাদপত্রে মালেমাকে নিয়ে যে এত লেখালেখি হয় তা খামোখা নয়, সত্যিই ভালো রকম রাজনৈতিক প্রভাবের অধিকারী তিনি। বিষয়টির গুরুত্ব বুঝে মালেমার সমর্থকেরা দলে দলে অর্থনৈতিক নীতি কমিশনে ভিড় জমান। তুমুল তর্ক-বিতর্কে তাঁরা আলোচনা রাত পর্যন্ত নিয়ে যান। তবে শেষ পর্যন্ত বিতর্কে কোনো স্পষ্ট বিজয়ী বেরিয়ে আসেনি।সম্মেলনে দলের অর্থনৈতিক নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে খনি জাতীয়করণের বিষয়ে সম্ভাব্য বিকল্পগুলো এএনসিকে খতিয়ে দেখে এ নিয়ে দুই বছরের মধ্যে আবার আলোচনা করতে বলা হয়েছে। তবে সম্মেলনের প্রস্তাবটি পড়ে শোনানোর সময় মালেমার সমর্থকদের উল্লাসধ্বনিতে মনে হচ্ছিল, খনি জাতীয়করণের বিষয়টি যে এএনসির অর্থনৈতিক নীতিতে বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটাই তাঁদের নেতার বিজয়ের শামিল।কাজেই শেষ পর্যন্ত দলীয় সংগীতের সুরের মূর্ছনায় এএনসির সম্মেলনের ‘মধুরেণ সমাপয়েৎ’ই হয়েছে। বেশির ভাগ পর্যবেক্ষক একমত যে দলে জ্যাকব জুমার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আর ‘আহত’ মালেমাও শেষ পর্যন্ত সম্মান অক্ষুণ্ন রাখতে পেরেছেন। তবে জ্যাকব জুমা মালেমা তথা তরুণতর প্রজন্মকে ‘নক আউটে’ হারাতে পারেননি বলে আগামী সম্মেলনে এবারকার অনেক অমীমাংসিত ইস্যু যে আবার উঠে আসবে, এটা মনে হচ্ছে একরকম নিশ্চিতই।