জ্যাকেট
শীতকাল বরাবরই আমার পছন্দের। গরম কাপড় পরে শীতের পিঠা খাওয়া আর রাতে লেপ মুড়ি দিয়ে ঠাসাঠাসি করে শুয়ে থাকার মতো মজা আর কোথাও আছে বলে আমার জানা নেই। এমনই এক শীতের কথা। সবে প্রকৃতিতে শীত তার আগমনী বার্তা পৌঁছে দেওয়া শুরু করেছে। আমরাও সবাই শীতকে জাঁকালোভাবে অভিনন্দন জানানোর অপেক্ষায় দিন গুনছি। বাসার মুরব্বিরা তৈরি হচ্ছেন তাঁদের হাতের জাদু দিয়ে জিভে জল এনে দেওয়া পিঠা বানানোর জন্য।সেদিন কলেজ থেকে খুব ফুরফুরে মেজাজে বাসায় ঢুকছিলাম। ঢুকেই যথারীতি মায়ের খোঁজ করা শুরু করলাম। মাকে কোথাও দেখতে না পেয়ে ছোট বোনকে জিজ্ঞেস করাতেই সে যা বলল, তাতে আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। শীত আসি আসি করছে, সে জন্যই মা নাকি ট্রাংক থেকে সব গরম কাপড় বের করে ধোয়ার প্রস্তুতি নিয়েছেন। আমার মধ্যে তখন উসাইন বোল্ট ভর করেছে। বাথরুম পর্যন্ত যেতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ দৌড়টা সে দিন দিয়েছিলাম। কিন্তু তার পরও শেষ রক্ষা হলো না। আমি বাঁচাতে পারলাম না আমার জ্যাকেটটাকে। আর সব কাপড়ের সঙ্গে ওটাও বালতির পানিতে হাবুডুবু খাচ্ছিল। এদিকে মা আমার অবস্থা দেখে একের পর এক প্রশ্ন করেই চলেছেন। তাঁর প্রশ্নের কোনো উত্তরই আমি দিতে পারিনি সে দিন। কীভাবে বলব মাকে, কোনো এক শীতের দিনে ওর সঙ্গে দেখা করতে গিয়ে শীতের দমকে ভীষণ কাঁপছিলাম দেখে ওর পরনের জ্যাকেটটা ও আমাকে দিয়ে দেয়। সেটা আর ওকে ফেরত দেওয়া হয়নি, হয়তো ইচ্ছা করেই। শীত এলেই ওটা আমার সব সময়ের সঙ্গী হয়। আজ পর্যন্ত জ্যাকেটটা ধুইনি আমি। তাহলে যে ওর শরীরের ঘ্রাণ আর পাওয়া হবে না আমার! কীভাবে বোঝাব মাকে এ কথা?নাদিয়া মুসতারী[email protected]