জ্যাকেট পরিয়ে নিউমোনিয়া নির্ণয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২৬ বছর বয়সী অলিভিয়া কবুরোঙ্গোর দাদি অসুস্থ হয়ে পড়েছিলেন। কী হয়েছে জানতে তাঁকে নিয়ে একের পর এক হাসপাতালে ছোটাছুটি করতে হলো। শেষে চিকিৎসকেরা নিশ্চিত হলেন, নিউমোনিয়া হয়েছে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
সময়মতো রোগ নির্ণয় করতে পারলে ওই বৃদ্ধাকে বাঁচানো হয়তো সম্ভব হতো। সেই আফসোস থেকেই উগান্ডার তরুণী কবুরোঙ্গোর মাথায় ভাবনা এল, এমন একটা জিনিস যদি বানানো যায়, যেটা চিকিৎসকের চেয়েও দ্রুত বলে দিতে পারবে রোগীর নিউমোনিয়া হয়েছে কি না। দেরি না করে বন্ধু ব্রায়ান টুরিয়াবাগিকে জানালেন। তিনি টেলিযোগাযোগ প্রকৌশলে স্নাতক। তাঁদের সঙ্গে একদল চিকিৎসক যোগ দিলেন। সম্মিলিত প্রচেষ্টায় একটি বায়োমেডিকেল স্মার্ট জ্যাকেট ও একটি মোবাইল ফোন অ্যাপ্লিকেশন তৈরি করলেন। এ দুটি জিনিস নিউমোনিয়া নির্ণয় করতে পারে। জ্যাকেটের নাম ‘মামা-ওপে’ (মায়ের আশা)। এটি শিশুর গায়ে পরিয়ে দিতে হয়। এই পোশাকে যুক্ত সেনসরগুলো ফুসফুসের আওয়াজ, শরীরের তাপমাত্রা ও শ্বাস-প্রশ্বাসের গতি মেপে নেয়। টুরিয়াবাগি বলেন, এই তথ্য প্রক্রিয়াজাত করে ব্লুটুথ প্রযুক্তিতে মুঠোফোনের অ্যাপে পাঠানো হয়। সেখানে বিশ্লেষণের পর জানা যায়, নিউমোনিয়া হয়েছে কি না বা হয়ে থাকলে কতটা শক্তিশালী। পরীক্ষামূলক ব্যবহারে দেখ যায়, জ্যাকেটটি তিন গুণ দ্রুত রোগনির্ণয় করতে পারে।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উগান্ডায় প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশুর মৃত্যু হয়। এটা ইউনিসেফের তথ্য।
উগান্ডায় রোগনির্ণয়ের পরীক্ষাগারে সবার যাওয়া কঠিন। অবকাঠামোর অভাবও রয়েছে। স্বাস্থ্যকর্মীরা রোগনির্ণয়ের জন্য সাধারণ ও সময়সাপেক্ষ পদ্ধতির ওপর নির্ভর করেন। এ ক্ষেত্রে স্টেথেস্কোপ দিয়ে ফুসফুসের আওয়াজ শুনে নিউমোনিয়া ও ম্যালেরিয়া বা যক্ষ্মার মধ্যে বিভ্রান্তি হতে পারে। নিউমোনিয়া নির্ণয়ে ভুল বা চিকিৎসায় দেরি হলে রোগীর মৃত্যুর ঝুঁকি বেশি।
টুরিয়াবাগি ও তাঁর সহযোগীরা প্রথমে উগান্ডার বড় বড় হাসপাতাল এবং পরে প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মামা-ওপে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চান। ভবিষ্যতে আফ্রিকার অন্যান্য দেশেও এটি পাঠানোর পরিকল্পনা তাঁদের আছে। এই উদ্ভাবন চলতি বছর রয়েল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং আফ্রিকা পুরস্কারের জন্য সম্ভাব্য সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছে।