জ্যাকেটে ওম
সোজাসাপটা, ঝরঝরে স্টাইল করা যায় জ্যাকেটে। জ্যাকেটের ওপর বাড়তি কাপড় বহনের ঝামেলা থাকে না। এখন তো লম্বা ধাঁচের জ্যাকেট তৈরি হচ্ছে দেশি কাপড় দিয়েই। তবে নকশায় আর কাটে থাকছে চলতি ধারার কাজ।
উত্তুরে হাওয়া ধাক্কা দিচ্ছে জানালায়। ধুলা এনে ছড়িয়ে দিচ্ছে বারান্দায়। পড়ন্ত বিকেলের আলো বাড়ির কার্নিশ থেকেই হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। শীতের আমেজ চলে এসেছে সব জায়গায়। প্রতিদিনের জীবনে, বাড়ির অন্দরে আর পোশাকে তো বটেই। এবার একটু যেন তাড়াতাড়িই চলে এসেছে শীতের আবহ। খুব ভারী পোশাকে জবুথবু হওয়ার দিন এখনো আসেনি। বরং শহুরে শীত মোকাবিলায় হালকা কাপড়ের জ্যাকেট দিয়ে লেয়ারিং করে শীতের আমেজ নিতে পারেন।
ডেনিমের জ্যাকেট সব সময়ই জনপ্রিয়। এই শীতেও ভালো ডিজাইনে আসবে এগুলো। মাঝারি দৈর্ঘ্যের জ্যাকেটটি পাশ্চাত্য পোশাকের সঙ্গে ভালো যাবে। হাতের ওপর এমব্রয়ডারির কাজ।
উষ্ণতা এনে দেওয়া লিনেন-ভিসকস কাপড়ে তৈরি ট্রেঞ্চ কোট। হাতাকাটা জ্যাকেট। এ কারণে লেয়ারিং করা হয়েছে ফুলহাতার নিট কাপড়ের ফুলেল ছাপা ফ্রেড কলার টিশার্ট দিয়ে।
সোনালি রঙের কাপড়ের ওপর কাঁথা স্টিচের ভরাট কাজ নজর কাড়ে। পুরো সাজেই ফুটে উঠেছে আভিজাত্য।
প্যাচওয়ার্কের জ্যাকেট। এখনকার হালকা শীতের জন্য আরামদায়ক। কাঁথা স্টিচ আর প্যাচওয়ার্কের কাজ গ্রামের অলস দুপুরের গল্পের কথাই মনে করিয়ে দেয়। এ দেশের আদি কাজ হলেও এখনকার চলতি ধারায় দাপটের সঙ্গেই চলছে। হুডিও আছে, কুয়াশাচ্ছন্ন সন্ধ্যার জন্য।
লেয়ারিং বা একাধিক স্তরে পোশাক পরার ধারা এ বছরও থাকবে। শাড়ির সঙ্গেও জ্যাকেট দিয়ে লেয়ারিং করতে পারেন। শাড়ি এমনিতেই একটু ভারী। শীত অনুযায়ী আপনার জ্যাকেট বেছে নিন। এখানে সুতির জ্যাকেটের ওপর করা হয়েছে লাল রঙের টাই-ডাই। শাড়ির রঙও লাল। দিন কিংবা বিকেলের জন্য আদর্শ।