আমার সর্বনাশ করতে পিছু লেগেছে স্বয়ং আমার ছোট ভাই! বিয়ে করাবে। কেন তার এই তোড়জোড়, সে তো আমার জানা। সবাই আমাকে বোকা বললে কী হবে, আমি কিন্তু অতটা বোকা না। আমায় বিয়ে দিতে পারলে ওর রাস্তাটা পরিষ্কার হয়!
ঈদের দুদিন পরই একেবারে বাড়িতে একজনকে আনা হলো। আমার সঙ্গে পরিচয় করাবে। আমি ঘর থেকে বেরও হইনি। ভাবি এসে একবার হাত ধরে টেনেছে। একনজর যেন দেখি। মেয়েটাকে আমি যে দেখিনি তা নয়। জানালার ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখেছি। বড়ই লজ্জার কথা। কাউকে বুঝতে দিইনি। তবে ভাবি ঠিকই ধরে ফেলে বলেছে, ‘কী, দেখতে কেমন?’
‘দূর, কী দেখতে কেমন। আমি কিছু দেখিনি।’
‘ভালো লেগেছে?’
‘থামবে তুমি! ঝগড়া করার জন্য তো তোমার আরও তিনটা জা আছে, আর কী চাও।’
‘তোমারটা না হলে যে আমার চলবে না!’ এমন সরস তর্ক হলো খানিকটা।
আচ্ছা, কাউকে ভালো লাগে না এ কথা মুখ ফুটে বলা যায়? অন্তত আমি বলতে পারি না। তবে সেই মেয়েটাকে আমার পছন্দ হয়েছিল। কিন্তু ভালো লাগলে কী হবে, বিয়ে তো করব না। যে নিজে চলে ছোট ভাইয়ের চাকরির টাকায়, সে কীভাবে সাহস করবে বিয়ের! আমার ছোট ভাই একজনের সঙ্গে প্রেম করে। ওর ইচ্ছে, আমায় বিয়ে দিয়েই সে নিজের কাজটা সারবে।
বাড়ি থেকে চলে আসার দিন ছোটকে ডাকলাম। বড় ভাইয়ের গাম্ভীর্য নিয়ে বললাম, ‘শোন, আমায় নিয়ে ভাবিস না। কিছু টাকা জমা। তোকে বিয়ে দেব।’
ছোট ভাই মুচকি হাসল। মনে মনে ভাবলাম, যাক, একটা সমাধান অন্তত করা গেল। কিছুদিন পরই হয়তো আমি জ্যাঠু ডাক শুনতে পাব।
জহির উদ্দিন লস্কর