জ্যেষ্ঠ নেতাদের 'পোশাকি' ঐক্য তৃণমূলে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের শেষ সময়ে এসে বিভক্ত নগর আওয়ামী লীগে ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে। সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চলছে এই প্রচেষ্টা। কিন্তু জ্যেষ্ঠ নেতাদের আপাতত ‘পোশাকি’ ঐক্য থাকলেও তৃণমূলে বিভক্তি রয়েই গেছে এখনো। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড সম্মেলনে দুই পক্ষে মারামারি, উত্তেজনা এবং পাল্টা কমিটিতে তার রেশ দেখা গেছে।
নেতা-কর্মীরা জানান, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পরাজয় এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রচেষ্টা শুরু হয়েছে। এর অংশ হিসেবে এখন এক মঞ্চে দেখা যাচ্ছে দলের বিবদমান নেতাদের। বিশেষ করে সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও যুগ্ম সম্পাদক আফছারুল আমীন একসঙ্গে বেশকিছু ওয়ার্ড সম্মেলনে উপস্থিত ছিলেন। এ ছাড়া মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সহসভাপতি নুরুল ইসলাম বিএসসির দূরত্বও কমেছে। এ বিষয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কাজ চলছে। দেখা যাক।’ বিভক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আপনি সাংবাদিক হিসেবে যা বোঝেন লেখেন। আমি পত্রিকা দেখব।’
দলীয় সূত্রে জানা গেছে, যতই ঐক্য প্রক্রিয়া চলুক না কেন, ওয়ার্ড সম্মেলন নিয়ে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। সর্বশেষ ষোলশহর ওয়ার্ডে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর মধ্যে একটি পক্ষ মহিউদ্দিন চৌধুরীর এবং অপরটি নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের অনুসারী বলে জানা গেছে।
এদিকে ছালাম মন্ত্রী আফছারুলের সঙ্গে একই ধারাভুক্ত। অপর দুই ধারার মধ্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম বিএসসি পক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রচেষ্টা চলছে। তবে ভেতরে ভেতরে কোন্দল রয়ে গেছে। এখন যে ঐক্য দেখা যাচ্ছে তা পোশাকি।’
সর্বশেষ গত ২০ আগস্ট চান্দগাঁও ওয়ার্ডে সর্বশেষ পাল্টা কমিটি হয়েছে। এর আগে গত ২১ জুন এই ওয়ার্ডে মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে কমিটি হয়েছিল। ওই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছিল যথাক্রমে নূর আহমদ ও আইয়ুব খানকে। পরে ২০ আগস্ট নিজাম উদ্দিনকে সভাপতি ও সাইফুদ্দিন খালেদকে সাধারণ সম্পাদক করা হয়। তবে সর্বশেষ পাল্টা সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সহসভাপতি নুরুল ইসলাম বিএসসির উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তাঁরা ছিলেন না। তবে মহিউদ্দিনপন্থী হিসেবে পরিচিত সাংগঠনিক সম্পাদক বদিউল আলম পাল্টা সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে সরাইপাড়া ও মোহরা ওয়ার্ডেও পাল্টা সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছিল।
তৃণমূলের নেতারা জানান, ওয়ার্ডের বিভক্তি জ্যেষ্ঠ নেতাদের কোন্দলেরই বহিঃপ্রকাশ। তা দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
মন্ত্রী আফছারুল আমীন বলেন, ‘মানুষে মানুষে দূরত্ব হয় সম্পদ, অর্থ, আঞ্চলিক সমস্যা ইত্যাদি নিয়ে। সংগঠনের মধ্যে অনৈক্য দেখা দেয় প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ না করা হলে। কিন্তু দেশে যখন সাম্প্রদায়িক শক্তি ঐক্যবদ্ধ হয় তখন আর স্বাধীনতার পক্ষের মানুষের মধ্যে অনৈক্য থাকতে পারে না।’ তিনি আরও বলেন, ‘এখন ওয়ার্ড কাউন্সিল হচ্ছে। সেখানে কিছু কিছু ক্ষেত্রে গণ্ডগোল হচ্ছে। দীর্ঘদিন ধরে এসবের চর্চা ছিল না। তাই কিছুটা সমস্যা হচ্ছে।’