জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হওয়ার স্বপ্ন ও সম্ভাবনা

মহাকাশের বিভিন্ন গ্রহ-উপগ্রহ, তারকা নিয়ে যাঁদের বিশেষ আগ্রহ রয়েছে, জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হওয়ার স্বপ্ন তাঁরা দেখতেই পারেন। পদার্থবিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে মহাকাশের অজানা রহস্য উদ্ঘাটনই একজন জ্যোতিঃপদার্থবিজ্ঞানীর কাজ।
কাজের ধরন ও প্রকৃতি বিভিন্ন ধরনের হতে পারে। এটা নির্ভর করে কী নিয়ে কাজ করছেন, তার ওপর—নিরীক্ষাধর্মী, নাকি তাত্ত্বিক জ্যোতির্বিদ্যা? তাত্ত্বিক জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হতে হলে জানতে হয় এই মহাজগতের ভৌত প্রক্রিয়াগুলো। যেমন ব্রহ্মাণ্ডের প্রথম ছায়াপথগুলো কেমন ছিল, ভেতরের তারাগুলোই বা দেখতে কেমন? অন্যদিকে, নিরীক্ষাধর্মী জ্যোতিঃপদার্থবিজ্ঞানীরা গাণিতিক মডেলগুলো ঠিক আছে কি না, তা যাচাই করে দেখেন। কম্পিউটারে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা, গবেষণাপত্র লেখা, আলোচনা সভায় অংশ নেওয়া—এসবের মধ্য দিয়েই একজন জ্যোতিঃপদার্থবিজ্ঞানীর বেশির ভাগ সময় কাটে। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।
জ্যোতিঃপদার্থবিজ্ঞানে প্রাথমিক পর্যায়ের চাকরি পেতে হলে জ্যোতির্বিদ্যা, জ্যোতিঃপদার্থবিজ্ঞান অথবা পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি প্রয়োজন। গবেষণা সহকারী ও পরামর্শকের চাকরির জন্য স্নাতকোত্তর ডিগ্রিও থাকা চাই। যদি কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা কিংবা গবেষণা করতে চান, সে ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি প্রয়োজন। আমাদের দেশে এ বিষয়ে আলাদাভাবে কাজ করার তেমন কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে এই বিষয়ের চাকরিগুলোর ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি লাগে। চাকরি পাকাপাকি হওয়ার আগে অনেককে তিন থেকে ছয় বছর ‘পোস্ট-ডক্টরাল ফেলো’ হিসেবে কাজ করতে হয়।
বাংলাদেশে এ বিষয়ে পড়ালেখার খুব একটা সুযোগ নেই। তবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন জ্যোতিঃপদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সংগঠনটির চেয়ারম্যান মশহুরুল আমিন বললেন, বর্তমানে অ্যাসোসিয়েশন থেকে বছরে দুটি কর্মশালা ও একটি অলিম্পিয়াড আয়োজন করা হয়। মাসে একবার হয় ‘স্কাই অবজারভেশন’ প্রোগ্রাম। যাঁরা এ বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান, তাঁদের জন্য অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তির সুযোগও আছে। মশহুরুল আমিন বলেন, ‘এখন থেকে প্রতিবছর রাশান দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ থেকে স্নাতক পর্যায়ে একজন ও স্নাতকোত্তর পর্যায়ে দুজনকে রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হবে।’
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আরশাদ মোমেন মনে করেন, দেশে জ্যোতিঃপদার্থবিজ্ঞানে কাজের সুযোগ না থাকলেও শিক্ষার্থীদের দমে গেলে চলবে না। তিনি বলেন, ‘যাঁরা এ বিষয়ে কাজ করতে চান, তাঁদের পদার্থবিজ্ঞানের বুনিয়াদি বিষয়গুলোর ওপর ভালো দখল থাকতে হবে। জ্যোতির্বিজ্ঞানের বর্তমান জগতে সংশ্লিষ্ট হতে গেলে বৈজ্ঞানিক কম্পিউটিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে। বিশেষত, এই দ্বিতীয় জিনিসটির জন্য ইউনিক্স (লিনাক্স অথবা ম্যাক) সিস্টেমে কাজ করার সাবলীলতা থাকা আবশ্যক। সিমুলেশন করার প্রকৃত অভিজ্ঞতা থাকলে আরও ভালো হয়।’