জ্যৈষ্ঠ মাসের মধুর ফলে কেমিক্যালের ভয়!
নগরের মুরাদপুর মোড়ের ফলের দোকান থেকে ল্যাংড়া ও হিমসাগর মিলে তিন কেজি আম কিনেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী তৌহিদুল আনোয়ার। ল্যাংড়া এবার আগেভাগে বাজারে আসায় বেশ আগ্রহ নিয়ে আমগুলো কিনেন তিনি। দামও খুব বেশি না—৮০ টাকা কেজি। কিন্তু বাসায় নিয়ে কাটার পর দেখেন, আমের বাইরের অংশ পাকা কিন্তু আঁটি প্রায় কাঁচা। আমও বিস্বাদ, এক ধরনের পানসে। প্রায় সব আমে এ অবস্থা দেখে হতাশ হন। পরে সেগুলো ফেলে দেন। জ্যৈষ্ঠ মাসের মধু ফলের ম-ম গন্ধ এখন চারদিকে। নগরের সবখানে রকমারি দেশি ফলের পসরা নিয়ে বসেছে বিক্রেতারা। আম, জাম, কাঁঠাল, লিচু—মৌসুমি সব ফল এখন বাজারে। কিন্তু ফলের মেলায় মৌসুমি ফলের স্বাদ নিতে ভয় ক্রেতাদের। কারণ রাসায়নিক দ্রব্যে (কেমিক্যালে) পাকানো ফলে বাজার সয়লাব। বিশেষ করে পাকা আম খেতে ভয়টা বেশি। কোনটি কেমিক্যালে পাকানো আর কোনটি গাছে পাকা আম তা বোঝা মুশকিল। দোকানে থরে থরে সাজানো আম দেখতে রসাল মনে হয়। কিন্তু কাটার পর দেখা যায় আসল রূপ।ফলমণ্ডিতে গিয়ে দেখা যায়, প্রতিটি আড়তে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির একটি বিশেষ বিজ্ঞপ্তি টাঙানো আছে। বিজ্ঞপ্তিতে কার্বাইড মেশানো আম বিক্রি না করতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কার্বাইড মেশানো আম কোনগুলো তা নির্ণয় করার কোনো ব্যবস্থা চোখে পড়েনি। ফলে কার্বাইড মেশানো আম ঢুকছে। ফল ব্যবসায়ীরা দাবি করেন, প্রথমদিকে যেসব ভারতীয় আম (সুন্দরী, মহুয়া ও গোপালকাশ) এসেছে সেগুলোতে কার্বাইড মেশানো ছিল। এখন দেশি আম বাজারে আসছে। আর এমনিতে এখন আম পাকার সময়। ফলে কেমিক্যাল মেশানো আম আসা কমে যাবে। ফলমণ্ডির পাইকারি ব্যবসায়ীরা জানান, এখন ভারতীয় আমের ওপর ভরসা করতে হচ্ছে না। কুষ্টিয়ার মেহেরপুর থেকে আসছে হিমসাগর, গুটি ও বোম্বাই আম। প্রতিদিন ট্রাকে ট্রাকে আম আসছে। এ ছাড়া পাবনা ও বান্দরবান থেকে আসছে লিচু। বান্দরবানের এ লিচু খুব মিষ্টি আকারেও বড়। ফলে অনেক খুচরা বিক্রেতা এসব লিচুকে রাজশাহীর বলে চালিয়ে দিচ্ছে। রাজশাহীর লিচু ও আম বাজারে এখনো আসেনি। সপ্তাহখানেক পর আসবে এগুলো। মূলত তখন বলা যাবে মৌসুমি ফলের মৌসুম। এদিকে, স্টেশন সড়কের কাঁঠাল ও আনারসের আড়তেও প্রতিদিন পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে প্রচুর ফল। কাঁঠাল প্রচুর আসলেও আনারস কম আসছে বলে জানান আড়তদাররা।নগরের রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট ও মুরাদপুরে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আম হিমসাগর বিক্রি হচ্ছে কেজি ৭০-১০০, ল্যাংড়া ৮০-১০০, গুটি ৮০-১০০ ও গোপালকাশ ১০০-১২০ টাকায়। এ ছাড়া দেশি কিছু আম বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। পাবনার লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ২০০-২৪০ টাকা ও বান্দরবানেরটা ১৮০-২০০ টাকায়। কাঁঠাল ৬০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী আমে কার্বাইড মেশায় এ কথা সত্য। আমরা সমিতির পক্ষ থেকে এ ব্যাপারে ব্যাবস্থা নিচ্ছি। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। কারও কাছে কার্বাইডে পাকানো আম পাওয়া গেলে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। আর এখন এমনিতে পাকা আমের সময়। কার্বাইড মেশাতে হবে না।’ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চট্টগ্রাম শাখার সভাপতি নাজের হোসাইন বলেন, ‘কেমিক্যাল মেশানো ছাড়া কোনো ফলই নেই বাজারে। আমরা টাকা দিয়ে জীবাণু কিনে খাচ্ছি। কিন্তু এসব দেখভাল করার জন্য সরকারি যে সংস্থাগুলোর নজরদারি বাড়ানো দরকার তারা সেটা করছে না।’বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) ফার্মেসি বিভাগের শিক্ষক ইরফান নেওয়াজ খান বলেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ফলে ক্যালসিয়াম কার্বাইড মেশায়। বিশেষ করে এখন বাজারে আসা আম কিনতে সাবধান। অপরিপক্ক এসব আম কার্বাইডে পাকানো হচ্ছে। এ আম খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া লিভার ও কিডনির সমস্যা হবে। তিনি বলেন, এ জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা জরুরি। মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুলকুতর রহমান বলেন, ‘বাজারে কার্বাইড মেশানো আম বিক্রি হচ্ছে। কেমিক্যাল মিশ্রিত এ আম কিডনি, লিভার ও পেটের ক্ষতি করে বেশি। এ জন্য এসব আম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। বিশেষ করে শিশুদের এসব ফল খাওয়ানো থেকে বিরত থাকতে হবে।’বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) সূত্র জানায়, নগরে গত মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। ফলের আড়ত ও দোকানগুলোতে অভিযান চালানো হবে।চট্টগ্রাম সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেট কাজী মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি, বাজারে কেমিক্যাল মেশানো আমসহ অন্যান্য ফল বিক্রি হচ্ছে। সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শকেরাও এ ব্যাপারে সজাগ আছেন।’ তিনি বলেন, ‘এসবের বিরুদ্ধে শিগগির ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হবে।’