জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে পাঁচ হাজার গাছ সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে ফলদ-বনজসহ নানা প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানুয়ারির শেষ সপ্তাহ এবং চলতি মাসের প্রথম সপ্তাহে দফায় দফায় এসব গাছ কাটা হয়। এ বিষয়ে বোয়ালখালী থানায় পৃথক মামলা ও ডায়েরি করা হয়েছে। পুলিশ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। তবে অভিযুক্ত মোহাম্মদ আলী গাছ কাটার কথা স্বীকার করে পাহাড়টি নিজেদের পৈতৃক ও রায়তি (মালিকানাধীন) সম্পত্তি বলে দাবি করেন। বন বিভাগ ও পুলিশের মতে, ব্যক্তিমালিকানাধীন বাগান থেকেও এভাবে গাছ কেটে নেওয়া যায় না। নির্বিচারে গাছ কাটা পরিবেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সত্যজিৎ রায় প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিমালিকানাধীন পাহাড় থেকে নিজের প্রয়োজনে গাছ কাটা যাবে, তবে তা অন্য জায়গায় পরিবহন করা যাবে না। রাস্তায় নামলে আমরাসহ সংশ্লিষ্ট যেকোনো সংস্থা তা ধরবে।’ তিনি জানান, ইতিমধ্যে যেসব গাছ কাটা হয়েছে তা বন বিভাগের অগোচরে হয়েছে। আগামী দিনে সতর্ক দৃষ্টি রাখা হবে। এদিকে, গাছ কাটার অভিযোগে বোয়ালখালী থানায় মামলা করেছেন জ্যৈষ্ঠপুরা এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা জয়ধন বড়ুয়ার স্ত্রী কাননবালা বড়ুয়া। এতে মোহাম্মদ আলীসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। পুলিশ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। গত ৩১ জানুয়ারি দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, জ্যৈষ্ঠপুরা মৌজার লট ৬৭ বি (আরএস ১ নম্বর খতিয়ানের দাগ নম্বর ৮৯) থেকে তাঁর স্বামী মুক্তিযোদ্ধা জয়ধন বড়ুয়া বন্দোবস্তিমূলে (মামলা নম্বর ২০১/৮৮-৮৯) ৪০ শতক পাহাড়ি ভূমি ইজারা পান। তাতে ফলদ-বনজ পাঁচ-ছয় হাজার গাছ লাগিয়ে ভোগদখলে রয়েছেন। ২৯ জানুয়ারি ২৫-৩০ জন লোক বাগান থেকে গাছ কাটা শুরু করেন। তাঁর ছেলে বাধা দিতে চাইলে তাঁকে মারধর করা হয়। পরদিন আরও লোকজন দিয়ে বাগানের ৩০-৪০টি বড় আকারের আম, জাম, কাঁঠালগাছসহ পেয়ারা, লেবু, জলপাই, আমড়াসহ বিভিন্ন প্রজাতির পাঁচ-ছয় হাজার মাঝারি, ছোট ও চারাগাছ কেটে ফেলা হয়। কানন বালা প্রথম আলোকে বলেন, ‘৪০ বছর ধরে বাগান ভোগদখল করে আসছি। দুবছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তাঁরা জোর করে বাগান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। আইনের আশ্রয় নিলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বাগানের সব গাছ কেটে নেওয়ার পর একেবারে নিঃস্ব হয়ে গেছি।’ এদিকে, আবু বক্কর নামে এক ব্যক্তিও তাঁর বাগান থেকে গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে ৭ ফেব্রুয়ারি বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। তিনি জানান, একই ব্যক্তি (মা. আলী) ও তাঁর লোকজন সেগুন, কাঁঠাল, জলপাইসহ নানা প্রজাতির বড় আকারের ৩০টি গাছ কেটে নিয়ে গেছে। অভিযুক্ত মো. আলী মুঠোফোনে বলেন, ‘ওই পাহাড়ের ৫২ একর পৈতৃক এবং আরও ৫১ একর জায়গা নিকটাত্মীয়দের রায়তি (মালিকানাধীন) সম্পত্তি। আমাদের জায়গার দলিলপত্র রয়েছে। তাঁদের (কানন বড়ুয়াদের) বর্গাচাষ করার জন্য কিছু ভূমি দেওয়া হয়েছিল।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাগানে ৭০ হাজার গাছ রোপণ করেছি। আমাদের বাগান থেকে গাছ আমরা না কেটে কে কাটবে।’ মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, ‘বাগানটি দীর্ঘ দিন কানন বড়ুয়াদের ভোগদখলে ছিল। মো. আলী অনেক গাছ কেটেছেন।’ তিনি জানান, একটি করাতকল (স মিল) থেকে ৪৯ টুকরো কাঠ জব্দ করা হয়েছে। বাকি কাঠ অন্য জায়গায় সরিয়ে ফেলা হয়েছে। অনেক চারাগাছ পাহাড়ে পড়ে রয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের অনুমতি না নিয়ে মালিকানাধীন পাহাড় থেকেও নির্বিচারে গাছ কাটা অবৈধ বলে তিনি মন্তব্য করেন।