
কহে বীরাঙ্গনা নাটকে জ্যোতি সিনহার অভিনয় দেখে চমকে উঠেছিলাম। মুগ্ধতার রেশ যেন কাটতেই চায় না। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে এ নাটক নির্মাণ করেছেন মণিপুরি থিয়েটারের চালিকাশক্তি শুভাশিস সিনহা। এ নাটকেই জ্যোতির একক অভিনয়। এমন শক্তিমান অভিনয়শিল্পী যে এত দিন নিভৃতে ছিলেন, মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি সমাজে, তা ভাবতেই পারিনি।
মাইকেলের ভাষা কঠিন, তার ওপর কাব্য। জ্যোতির মাতৃভাষা বাংলা নয়। কিন্তু তা সত্ত্বেও যেভাবে সে বীরাঙ্গনা কাব্য-এর চরণগুলো আত্মস্থ করেছে, তা ভাবলে কেবলই বিস্মিত হতে হয়। চার পর্বে মহাভারতের চারটি চরিত্র—শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা ও জনার ভূমিকায় সম্পূর্ণ আলাদা ব্যক্তি হয়ে অভিনয়ের পারঙ্গমতা প্রদর্শন করেছে জ্যোতি। চরিত্রের গভীরতা অনুভব করা, সংলাপ প্রক্ষেপণে স্পষ্টতা, উচ্চারণের শুদ্ধতা, নৃত্যগীতে দক্ষতা—সব মিলিয়ে জ্যোতির অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলতে সক্ষম হয়। পরিচিত অনেক মানুষ, যাঁরা সচরাচর নাটক দেখেন না, তাঁদের আমন্ত্রণ করে কহে বীরাঙ্গনা দেখিয়েছি। তাঁরা মুগ্ধ হয়ে পরবর্তী সময়ে মঞ্চনাটকের নিয়মিত দর্শকে পরিণত হয়েছেন। মঞ্চে মুগ্ধ করার মতো অভিনয় দেখার অভিজ্ঞতা অন্য কোনো মাধ্যমের সঙ্গে তুলনীয় হতে পারে না। এ প্রসঙ্গে কলকাতার মঞ্চে শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ও কেয়া চক্রবর্তীর নাম মনে পড়ছে। যেকোনো নাটকে তাঁদের অভিনয় দেখাই এক বিরল অভিজ্ঞতা ছিল।
যত দূর মনে পড়ে, জ্যোতি সিনহাকে প্রথম দেখি মণিপুরি থিয়েটারের শ্রীকৃষ্ণ কীর্তন-এ রাধার ভূমিকায়। তাদের দলেরই আরেকটি মণিপুরি ভাষার নাটক ইঙাল আঁধার পালাতেও জ্যোতি সূত্রধরের ভূমিকায় অভিনয় করেছিল। তার পরই এল ২০১০ সালে কহে বীরাঙ্গনা। আমরা বিভিন্ন উপলক্ষে ঢাকায় অনেকবার নাটকটি প্রদর্শনের আয়োজন করেছি।
রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মণিপুরী থিয়েটার প্রযোজনা করেছিল দেবতার গ্রাস অবলম্বনে শুভাশিস সিনহার নাটক। সেখানেও মায়ের ভূমিকায় জ্যোতির অভিনয় মর্মস্পর্শী। মণিপুরি ও বাংলা ভাষায় তাদের আরেকটি নাটক ভানুবিল-এও জ্যোতি অভিনয় করেছিল। জ্যোতির আরেকটি উল্লেখযোগ্য অভিনয় ছিল লোরকার ইয়ের্মা অবলম্বনে শুভাশিসের লেইমা নাটকে। চরিত্রটাকে জ্যোতি চমৎকারভাবে আত্মস্থ করতে পেরেছে।

ব্যক্তিগত জীবনে জ্যোতি লাজুক, বিনয়ী ও নিভৃতচারী। কেউ প্রশংসা করলে লজ্জায় লাল হয়ে যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেছে। তারপর একই বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে রাসলীলা ও মণিপুরি সমাজ বিষয়ে এমফিল শেষ করেছে। এখন চাকরি করছে মৌলভীবাজারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবে।
একবার আমি তাদের বিষু উৎসব দেখে ওর সঙ্গে মৌলভীবাজার থেকে ঢাকা ফিরছিলাম। তখনো জ্যোতি এ চাকরিটা পায়নি। বলল, সে ঢাকা বা অন্য কোথাও চাকরি করতে চায় না, যত কম টাকাই হোক, তাদের গ্রামে থেকে নাটকটা করে যেতে চায়। নাটকের কাছে ওর ক্যারিয়ার কিছু নয়। ভাগ্যক্রমে নিজের জায়গায় থাকার মতো চাকরিই পেয়েছে। তারা গড়ে তুলেছে তাদের স্বপ্নের স্টুডিও থিয়েটার—নটমণ্ডপ, ঘোড়ামারা গ্রামে—যেখানে এখন তারা নিয়মিত নাটক করে।
সম্প্রতি মণিপুরি থিয়েটার একটি নাট্যোৎসবের আয়োজন করেছিল, যেখানে আমরা গিয়ে নটমণ্ডপে মুক্তি নাটকটি অভিনয় করেছি। কী চমৎকার পরিবেশ! শুভাশিসের নাট্যামোদী বাবা প্রয়াত লালমোহন সিংহ তাঁর বাড়ির সামনের জমি মণিপুরি থিয়েটারকে দান করেছিলেন, সেখানেই শুভাশিসরা গড়ে তুলেছে তাদের নটমণ্ডপ।
জ্যোতি-শুভাশিসদের মণিপুরি থিয়েটারের কর্মীদের মধ্যে যে নিষ্ঠা ও আন্তরিকতা, তা আমাদের অনুপ্রাণিত করে। তারা সেখানে নাটকের দর্শক সৃষ্টি করতে পেরেছে। নির্ধারিত দিনে নাটকের আগে চারদিক থেকে দর্শক এসে হল ভরিয়ে তোলেন। তাও টিকিটের বিনিময়ে। মণিপুরি সম্প্রদায়ের রক্তে মিশে আছে সাংস্কৃতিক কৃত্য। তারই প্রকাশ নানা উৎসবে। বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির গৌরবের অংশী মণিপুরি সম্প্রদায়।
জ্যোতির জন্য আন্তরিক শুভাশিস। ঘটনাচক্রে জ্যোতির শিল্পী হিসেবে গড়ে ওঠার কারিগরের নামও শুভাশিস।
লেখক: নাট্যব্যক্তিত্ব