জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে ঘর থেকে বের হয়েছিলেন তাঁরা। কেউ ছিলেন চালকের আসনে, কেউ ছিলেন যাত্রী। হরতাল ও অবরোধকারীদের ছোড়া ঢিলের আঘাত ও পেট্রলবোমার আগুনে দগ্ধ হয়ে মারা যান তাঁরা। গত এক মাসে নগর ও জেলায় না ফেরার দেশে চলে যান এমন আট ব্যক্তি। এসব ঘটনার সঙ্গে যুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় মৃত্যুর মিছিল বাড়ছে বলে নিহত ব্যক্তিদের পরিবারের দাবি।
এসব ঘটনায় মামলা হলেও পুলিশ জড়িতদের ধরতে পারছে না। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানতে চাইলে জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘তদন্ত অব্যাহত আছে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
এই প্রসঙ্গে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, সংবাদপত্র ও মিডিয়ায় প্রকাশিত ছবি ও ফুটেজ দেখে নগরে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরে গত ৪ নভেম্বর চান্দগাঁও মৌলভী পুকরপাড় এলাকায় পিকেটারদের ধাওয়া খেয়ে টেম্পো উল্টে জাকির হোসেন (৪০) নামের এক চাকরিজীবী নিহত হন। এরপর হরতাল-অবরোধকারীদের হামলায় মারা গেছেন আরও সাতজন সাধারণ মানুষ। সর্বশেষ গত সোমবার দিবাগত রাতে নগরের ইপিজেডের সল্টগোলা এলাকায় দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করলে কনটেইনার লরিতে আগুন লেগে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে নিহত হন চালক মাহবুব। অগ্নিদগ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান চালকের সহকারী মিজান। ওই দিন রাঙ্গুনিয়ার ভবানি এলাকায় পিকেটারদের ধাওয়া খেয়ে অটোরিকশা উল্টে মারা যান চালক ইসমাইল।
ইপিজেড এলাকায় নিহত চালকের সহকারী মিজানের বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে। শোকে কাতর তাঁর স্ত্রী জেসমিন জানেন না স্বামীর কী অপরাধ। মিজানের বাবা আবদুল খালেক বলেন, ‘কারা, কী অপরাধে আমার ছেলেকে পুড়িয়ে মারল জানতে চাই।’ এ ঘটনায় ইপিজেড থানায় হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
একইভাবে টেম্পো উল্টে নিহত হওয়া জাকির হত্যার ঘটনায় মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি বলে জানান তাঁর বাবা আলী হোসেন।
৩ নভেম্বর হাটহাজারীর মদুনাঘাট থেকে সিএনজি অটোরিকশা করে কর্মস্থলে যাওয়ার পথে পিকেটারদের ছোড়া ঢিলে গাড়ি উল্টে নিহত হন নির্মল জলদাস। নিহতের ভাগনে ছোটন জলদাস বাদী হয়ে থানায় মামলা দায়ের করলেও জড়িত কাউকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
এ ছাড়া সাতকানিয়ার কেরানীহাটে অবরোধকারীদের ককটেলের আঘাতে মায়ের সামনেই নিহত হন শাহেদ (২৭)।
একই দিন নগরের ফকিরনীরহাটে পিকেটাররা ঢিল ছুড়লে নসিমন উল্টে মারা যান এরাশদ (২৫) নামের এক চালক। ৩০ নভেম্বর সাতকানিয়ার আধারমানিকে অবরোধকারীদের ধাওয়ায় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে নিহত হন নিমাই নাথ (৪৮) নামের এক ব্যক্তি। এসব ঘটনায় মামলা হলেও পুলিশ জড়িতদের ধরতে পারছে না।