জয় চুয়েটের আলরাজীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১০-এ বাজিমাত করলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলরাজী সনেট। ইভ টিজিংয়ের ওপর নির্মিত আট মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র এক্লিপস অফ লাইট উৎসবে দ্বিতীয় সেরা হিসেবে জিতে নিয়েছে ‘জহির রায়হান বেস্ট শর্ট’ পুরস্কার। চলচ্চিত্রে বখাটেদের উৎপাতে একটি মেয়ে কীভাবে আত্মহত্যার পথ বেছে নেয় তা-ই তুলে ধরা হয়েছে। প্রথম পুরস্কার পেয়েছে নেপালের টাইম ইজ...পারহেপ। তৃতীয় হয় বাংলাদেশের রাহু চলচ্চিত্রটি। চুয়েটের ছাত্র সায়েমুল সেনাজ সায়েম নির্মিত টু বি কন্টিনিউড উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত চার দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয় গত ২৫ এপ্রিল। উৎসবে বাংলাদেশের ২৯টি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্র, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় অংশ নেয়। জমা পড়া ৬৩টি চলচ্চিত্র থেকে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হয় ৪৩টি। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক (টিএসসি) মিলনায়তন ও জার্মান সাংস্কৃতিককেন্দ্রে প্রদর্শন করা হয়। পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে আলরাজী সনেট বলেন, ‘আমাদের সিমি, তিশা, পিংকি, ইলোরাসহ অনেকে কিশোরী-তরুণী ইভ টিজিংয়ের বলি হয়েছেন। চলচ্চিত্রে আমার আহ্বান ছিল—আসুন ইভ টিজিংকে না বলি। পুরস্কার পাওয়ায় আমি অভিভূত ও গর্বিত বিশ্ববিদ্যালয়ের জন্য সাফল্য আনতে পেরে।’ জানালেন, এবার তিনি ‘অদম্য বাংলাদেশ নবীন চলচ্চিত্র নির্মাতা’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। এতে অভিনয় করেন আফরা, বিনয়, রুবায়েত, সজল, শামিম, সালামত, আনিকা, বাণী ও দীপ। চুয়েটর শিক্ষার্থী সোহেল মাহমুদের গল্প অবলম্বনে এটি তৈরি হয়।অভিনেত্রী নুজহাত তাবাসসুম আফরা ও বিনয় সাহা জানান মজার অভিজ্ঞতার কথা। একটি দৃশ্য ছিল বিনয়কে আফরা চড় দেবেন। চিত্রধারণের সময় আফরার হাতে আটবার চড় খেতে হয়েছে বিনয়কে। আফরা বলেন, ‘ভাইয়া আমার চেয়ে তিন বছরের বড়। অস্বস্তি লাগছিল, কিন্তু দৃশ্যটি প্রাণবন্ত করতে আমাকে আটবার কাজটা করতে হয়েছে।’চলচ্চিত্রের চিত্রধারণে অনেক ঝামেলা পোহাতে হয়েছে বলে জানান তাঁরা। ‘আমাদের একজন শিক্ষকের ধাওয়া খেয়ে ঝোপের ভেতর লুকিয়ে ছিলাম।’ হাসতে হাসতে বললেন সজল, রুবায়েত আর শামিমরা।