পিচ্ছিল পাথুরে পাহাড় বেয়ে যতই ওপরে উঠি, মনে হয় প্রকৃতির বিশালতার কাছে নিজেকে সমর্পণ করছি। প্রাচ্যের সঙ্গে প্রতীচ্যের এখানেই বড় পার্থক্য। পশ্চিম মনে করে পাহাড়ের চূড়ায় ওঠা মানে পাহাড়কে জয় করা; পর্বতে ওঠা মানে পায়ের নিচে ফেলে পাহাড়জয়ের দাম্ভিকতা প্রকাশ করা। বিপরীতে ভারতীয় দার্শনিকতায় পাহাড়ে ওঠা মানে জয় নয়, সমর্পণ প্রকৃতির কাছে, মাথা নোয়ানো মুগ্ধতার কাছে। জয় আসলে পরাজয়; কার কাছে? সৌন্দর্যসম্ভোগের অতৃপ্তির কাছে। কেওক্রাডংয়ে ওঠে আদিবাসী পাহাড়ি মানুষের কাছে আমি এ দীক্ষা নিয়েই ফিরে এসেছি যে ওটা আসলে জয় নয়, হয় পরাজয়, নয়তো সমর্পণ।বড়দিনের ছুটিতে আমরা কজন সেই আকাশছোঁয়ার নেশায় ছুটে গেলাম পার্বত্য জেলা বান্দরবানে। উদ্দেশ্য, বাংলাদেশের সুউচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ের শিখর ছোঁব।কেওক্রাডংয়ে যাওয়ার পথে মাটি থেকে ২৭০০ ফুট উঁচুতে বগা লেকে থামতে হয়। পাহাড়ের মাথায় এটি অসাধারণ এক প্রাকৃতিক লেক। আশ্চর্য সুন্দর! বগা লেক দেখে মনে হতে পারে এটি মৃত কোনো আগ্নেয়গিরির জ্বালামুখ। সত্যি বলতে কি, এটি আমাকে ২০১০ সালে দেখা ইতালির পম্পেই নগরের ভিসুভিয়াস আগ্নেয়গিরির সুপ্ত জ্বালামুখের কথাই মনে করিয়ে দিয়েছে। মনে হবে, হাজার বছর আগে কোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শেষে এ যেন এক ক্লান্ত জ্বালামুখ। রাগ-ক্ষোভের সব গলিত লাভা বের করে দিয়ে দুঃখী হূদয়ের অশ্রুপাত দিয়ে ভরে রেখেছে এই লেকের টলটলে জল। স্থানীয় বম জনগোষ্ঠীর মানুষের কাছে এই লেক তৈরির অসাধারণ মিথ শোনা যায়, প্রজন্মপরম্পরায় যা বয়ে চলেছে। অজগরের সঙ্গে বম মেয়ের হূদয় দেওয়া-নেওয়ার কষ্টমাখা এক মিথ। কিন্তু মিথে পা রাখার আগে ভ্রমণপিপাসুদের মোকাবিলা করতে হবে নিরেট বাস্তবতা। বগা লেকে যেতে প্রথম দফায় রুমা বাজারে বাংলাদেশ সেনাবাহিনী, দ্বিতীয় দফায় পুলিশের কাছে এবং তৃতীয় দফায় লেকে ওঠার আগে আবারও সেনা ক্যাম্পে নাম নিবন্ধন আর বদনদর্শন করাতে হয়। বগা লেকের পাড়েই সাদামাটা থাকার ব্যবস্থা। লেকের স্নিগ্ধ-গভীর জলে স্নান সরা যায়। এর পানি কখনোই শুকায় না; পানির গড় গভীরতা ১৭৫ ফুটের মতো। জনশ্রুতি আছে, লেকের পানি পরিব্রাজকের মানসিক কষ্ট আর শারীরিক ক্লান্তি নিমেষেই দূর করে দ্রুত ফুরফুরে মেজাজ উপহার দেয়! প্রতিজনে রাতপ্রতি এক শ টাকা দিলে আয়েশ করে ঢালা বিছানায় ঘুমানো যায়। সস্তায় সুস্বাদু কলা আর পেঁপে পাওয়া যায়। বগা লেক ধরে জঙ্গলের দিকে একটু এগোতেই দেখি ‘স্টান্ট’ আর ‘গিমিক’-এর নমুনা—বাংলাদেশের তথাকথিত উন্নয়নের ভিত্তিপ্রস্তর। বগা লেকে সাংসদ বীর বাহাদুর পর্যটন মোটেলের ভিত্তিপ্রস্তর করেছেন; ভিত্তি কবে প্রস্তর হয়ে গেছে, কিন্তু মাটি ফুঁড়ে মোটেলের চারাগাছ এখনো উঁকি দেয়নি।লেকপাড়ের অধিবাসীরা সহজ-সরল জীবন যাপন করে। স্থানীয় অধিবাসীদের বেশির ভাগই খ্রিষ্টানদের ইভানজেলিস্ট ধর্মাবলম্বীর মানুষ। আছে বাঁশ-টিন দিয়ে তৈরি তাদের গির্জাঘর। এদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। বগা লেক থেকে ক্রেওক্রাডং পর্যন্ত পথে বমরা সংখ্যাগরিষ্ঠ হলেও মারমা আর ত্রিপুরাদের গ্রামেরও দেখা মিলবে। চোখে পড়বে কিছু পাড়া, রিসোর্স সেন্টার; যেগুলো ইউনিসেফ আর অ্যাকশন এইডের উদ্যোগে নির্মিত হয়েছে। আমরা বগা লেকে এক রাত থেকে কেওক্রাডংয়ের উদ্দেশে রওনা দিই। ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়েছি কেওক্রাডং (তিন হাজার ১৭২ ফুট) বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ; কিন্তু বেশ কয় বছর আগেই কেওক্রাডং তার মর্যাদা হারিয়েছে। পাহাড়ে মানুষ কেন ওঠে? খোলা মন নিয়ে আমি এটা বোঝার চেষ্টা করেছি। এই যে ঝুঁকি নেওয়া, এই যে কষ্ট স্বীকার করা, এর মানে তবে কী? ১৯৫৩ সালের ২৯ মে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ গিরিরাজ হিমালয়ের এভারেস্ট (২৯ হাজার ২৯ ফুট)—স্থানীয় নেপালিদের ভাষায় সাগরমাথা—মানবজাতির ইতিহাসে প্রথম জয় করেন নেপালি নাগরিক তেনজিং নোরগে শেরপা এবং নিউজিল্যান্ডার এডমন্ড হিলারি। শেরপাদের লোকায়ত একটা বিশ্বাস ছিল, সাগরমাথা কেবল শেরপারাই জয় করতে পারেন। কারণ, তাঁদের বিবেচনায় ওটা জয় নয়, ঈশ্বরের কাছে সমর্পণ; আর সমর্পণের এই দার্শনিকতা কেবল শেরপারাই ধারণ করতে পারেন। এভারেস্ট জয়ের পর তেনজিং শেরপার সন্তানেরা তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘বাবা, কেন তুমি এভারেস্টে উঠতে গেলে?’ জবাবে বুক-কাঁপানো উত্তর দেন তেনজিং, ‘আমি উঠেছিলাম এই জন্য, যেন তোমাদের আর কোনো দিন না উঠতে হয়।’ আমার কাছে কেওক্রাডংয়ে উঠে মনে হয়েছে, প্রকৃতি ও অপার সৌন্দর্যের কাছে নিজেকে সমর্পণ করলাম। আমার পায়ের নিচে কেওক্রাডং—এটা বলাটা ভয়ংকর ঔদ্ধত্য, এটা আমি পছন্দ করি না। কোনো মেয়েকে ভালোবাসলে আমরা যেমন বলি ‘মেয়ে তুমি আমার’, কিন্তু পাহাড়িরা বলে, ‘মেয়ে আমি তোমার হয়ে গেলাম’। আদিবাসীদের দার্শনিক বচনটি এ প্রসঙ্গে লক্ষ্যযোগ্য: প্রকৃতি আমার নয়, আমিই প্রকৃতির। আমার কাছেও তাই মনে হয় পৃথিবী ও প্রকৃতি আমার না, আমিই পৃথিবী আর প্রকৃতির সন্তান। রবীন্দ্রনাথের গানের মতো: ‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,/ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে...’। পৃথিবীর মাঝে এই স্থান পাওয়াটা সত্যিই বিস্ময়কর! কেওক্রাডং গিয়ে পার্বত্যদর্শনের এই নতুন দীক্ষা আমার হয়েছে। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক স্টিফেন স্কিমিড তো পর্বতে আরোহণের দার্শনিকতা নিয়ে ক্লাইম্বিং-ফিলোসফি ফর এভরিওয়ান নামে রীতিমতো একটা বই-ই গ্রন্থনা করে ফেলেছেন। বইতে বলা হয়েছে, পর্বতে ওঠা নিছক শারীরিক বিবেচনায় উচ্চতায় ওঠা নয়, মানসিক উচ্চতা নির্মাণেও এর আছে অসামান্য ভূমিকা। আমি, আইএলওর আদিবাসীবিষয়ক কনসালট্যান্ট লিনা লুসাই, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ত্রিমিতা চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনোয়ার আর বম গাইড পানুয়াম ২৮ ডিসেম্বর ২০১১ বগা লেক থেকে সাড়ে চার ঘণ্টা হেঁটে কেওক্রাডংয়ে পৌঁছাই। এ যাত্রায় বগা লেক পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন চাকমা রাজা দেবাশীষ রায়ের ছেলে রাজকুমার আর্য দেব, আর ছিলেন অসাধারণ সংগীতপ্রতিভা টিনটিন চাকমা, যদিও তাঁরা কেওক্রাডং পর্যন্ত যাননি। আনোয়ার বহুবার কেওক্রাডং জয় করেছে। পাহাড় ওর ‘প্যাশন’। কদিন পরপরই ছুটে আসে পাহাড়ের টানে। ও থাকাতে দারুণ সুবিধা হয়েছে; পাহাড়ি পথে হাঁটার নানান টিপস ওর কাছ থেকে জেনেছি। কী করে ক্রস করে হাঁটতে হয়, কখন স্ট্রেচিং করতে হয়, কীভাবে লাঠি ধরতে হয়, দম নিয়ন্ত্রণ করতে হয়—এসব। হাঁটতে যখন কষ্ট হচ্ছিল, তখন পার্বত্য পথে হাঁটায় তার গুরুর কাছ থেকে শেখা হাঁটার সহজ সংজ্ঞাও সে আমাদের সঙ্গে শেয়ার করেছে; হাঁটা খুবই সোজা, হাঁটা মানে আর কিছুই না, ‘পেছনের পা টেনে সামনে আনা’। দারুণ সহজ কিন্তু কষ্টের সময় হাঁটা অব্যাহত রাখার জন্য খুবই জুতসই ‘ডেফিনিশন’! কেওক্রাডংয়ে উঠে আমার এক স্বর্গীয় অনুভূতি হয়েছে। আমার মনে হয়েছে, নিজেকে সুন্দরের কাছে সমর্পণ করছি। কুয়াশা ও হালকা বৃষ্টির মতো আবহাওয়া আচ্ছন্ন করে রেখেছিল চারপাশ। এ আবহাওয়ার কারণেই ওখানে ওঠার পথটা ছিল পিচ্ছিল আর বন্ধুর। কেওক্রাডংই শেষ নয়, আমরা আরও খানিকটা এগিয়ে গেলাম। মাইল খানেক দূরে আমরা পেলাম পাছিংপাড়া—বাংলাদেশের সর্বোচ্চ গ্রাম—তিন হাজার ফুট উঁচুতে। পাছিংপাড়া ঘুরে এসে আমরা ফিরতি পথে সমতলে আসতে থাকলাম। তবে যা অভিনব তা হলো পর্বতে ওঠার চেয়ে নামা সহজ, কিন্তু ঝুঁকি অনেক বেশি; পা ঠিক রাখা যায় না, পিছলে বেরিয়ে যায়। কীভাবে যেতে হয় কেওক্রাডং? খুবই সোজা—মনে পর্যাপ্ত জোর ‘লোড’ করে ঢাকা থেকে বাসে চলে আসুন বান্দরবান; বান্দরবান সদর থেকে জিপে কুক্ষ্যংছড়ি ৩০ কিলোমিটার, সেখান থেকে ১২ কিলোমিটার দূরে রুমা বাজার, যেতে হয় নৌকায়; রুমা থেকে ১৪ কিলোমিটার গেলে বগা লেকের পাদদেশ। পাদদেশ থেকে নাক বরাবর খাড়া দুই কিলোমিটার পাহাড় বেয়ে উঠলে বগা লেক তার উন্মুক্ত জলাশয় নিয়ে আপনাকে স্বাগত জানাবে। আপনি যদি এক দিনে আট ঘণ্টায় ২২ কিলোমিটার হাঁটতে পারেন, তবে সহজেই কেওক্রাডং জয় করা বা তার সৌন্দর্য সম্ভোগ করা সম্ভব। রোবায়েত ফেরদৌস: সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। [email protected]