জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবেন ৭০ নতুন ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন সরগরম। কাল বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে শিক্ষকেরা বরাবরের মতো সরাসরি দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হচ্ছে—আওয়ামী লীগ ও বামপন্থী প্রগতিশীল শিক্ষকদের সমন্বয়ে গঠিত বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘হলুদ প্যানেল’ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ ‘সাদা প্যানেল’। আগেরবারের নির্বাচনে সাদা প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোটে জিতেছিল। বিভিন্ন স্তরের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে নতুন নিয়োগ পাওয়া ৭০ জন শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ ছাড়া উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, আবাসনসংকট নিরসন, পরীক্ষার পারিতোষিক বৃদ্ধির বিষয়গুলো এবারের নির্বাচনে প্রাধান্য পাবে।জানা যায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে মোট ৭০ জন নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এ কারণে এঁদের বেশির ভাগ ভোট হলুদ প্যানেলের পক্ষে যাওয়ার সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্ট লোকজন মনে করছেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, শিক্ষক সমিতিতে পাঁচটি সম্পাদকীয় পদসহ ১১টি পদ রয়েছে। প্রতিটি পদে দুজন করে মোট ২২ শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬৪৫ শিক্ষক।প্রধান নির্বাচন কমিশনার ও দর্শন বিভাগের অধ্যাপক আফসার আলী জানান, সুুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। বুধবার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন। এদিকে, ২৩ ডিসেম্বর আগাম ভোট প্রদান করেছেন ৫৬ শিক্ষক। ছুটি-ছাটাসহ বিভিন্ন কারণে ক্যাম্পাসে না থাকার কারণে সময়-সুযোগমতো তাঁরা এই আগাম ভোট দেন বলে জানা গেছে। হলুদ প্যানেলের আহ্বায়ক ও ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান হোসেন বলেন, ‘শিক্ষকদের সমস্যা সমাধানে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন সমিতি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ ছাড়া সম্প্রতি নিয়োগ পাওয়া শিক্ষকদের অধিকাংশই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। সব মিলিয়ে নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’ একই মত ব্যক্ত করেন সভাপতি প্রার্থী অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন, ‘শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা বরাবরই সোচ্চার ছিলাম। তাই শিক্ষকদের আস্থার প্রতিদান এবার আমাদের পক্ষে যাবে।’সমিতির ভূমিকা প্রসঙ্গে হলুদ প্যানেলের অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নছরুল কদির। প্রথম আলোকে তিনি বলেন, শিক্ষকদের সমস্যা নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন নিয়োগের ৭০ শিক্ষক এবারের নির্বাচনে কিছুটা প্রভাব রাখবেন। এই প্যানেলের সাধারণ সম্পাদক কমিশন সূত্র আরও জানায়, নির্বাচনে সভাপতি পদে হলুদ প্যানেলের প্রার্থী হচ্ছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক রুহুল আমিন, সহসভাপতি পদে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক শফিউল আলম, সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের সেকান্দর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদার্থবিদ্যার আসাদুল হক, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির এবং সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন—আনোয়ারুল ইসলাম, সালামত উল্লাহ ভূঁইয়া, কামাল উদ্দিন, আবুল মনসুর, আবদুল আল ফারুক ও তফজল হক। অন্যদিকে, সাদা প্যানেলের প্রার্থীরা হচ্ছেন—সভাপতি পদে উদ্ভিদবিদ্যার অধ্যাপক আতিকুর রহমান, সহসভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক পদে বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক আল-আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ মো. আল আযাদী এবং সদস্য পদে আবুল কাশেম চৌধুরী, এ কে এম গোলাম মহিউদ্দিন, আবুল কালাম আযাদ, আতিয়ুর রহমান, মো. আনোয়ার হোসেন ও আবু তাহের চৌধুরী।