জয় বাংলা: আবেগময় এক অভিজ্ঞতা
‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত চারদিক। সেই শব্দে একে একে উড়ে যাচ্ছে শকুনের পাল। এই ভূখণ্ডে রাজত্ব ফুরিয়েছে ওদের। জেগে উঠতে শুরু করেছে বাংলাদেশ। শুরু হয়ে গেছে ‘শ্মশান’ থেকে ‘সোনার বাংলা’ গড়ার লড়াই। নাগিসা ওশিমার জয় বাংলার এই দৃশ্য চোখে লেগে থাকবে অনেক দিন। জাপানের নাগিসা ওশিমাকে কাহিনিচিত্রের নির্মাতা হিসেবে জানতাম। তিনি ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সেরা নির্মাতার পুরস্কার জিতেছিলেন। ওশিমার মতো একজন বড় মাপের নির্মাতা সদ্য জন্ম নেওয়া বাংলাদেশে এসেছিলেন। জয় বাংলা নামে তথ্যচিত্র তৈরি করেছিলেন। সত্যিই বিস্ময়কর। ছবি শুরু হয় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে। স্লোগানের সঙ্গে তাল মিলিয়ে ক্যামেরা ট্র্যাক করে সরু গলি থেকে এসে পৌঁছায় উন্মুক্ত জায়গায়। ইটের ভাটা, নৌকা আর উন্মুক্ত বিরানভূমিতে ভ্রাম্যমাণ ক্যামেরা এরপর চলে যায় সোহরাওয়ার্দী উদ্যানে। সেদিন ২৬ মার্চ, ১৯৭২। স্বাধীনতার ঘোষণার এক বছর পূর্তির দিনে সাবেক রেসকোর্স ময়দান লোকে লোকারণ্য। কুচকাওয়াজ চলছে। বাজছে বিউগল। সকাল আটটা পঁচিশ মিনিট। মঞ্চে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমবেত জনতার উল্লাস যেন বাঁধ ভাঙল। তবে শুধু বিজয়ের উল্লাস আর বঙ্গবন্ধুকে নিয়ে শেষ নয় জয় বাংলা। ওশিমার প্রায় ১৮ মিনিটের এই তথ্যচিত্র সদ্যস্বাধীন দেশের রাজধানীর জীবনযাত্রার একটি চিত্রও আমাদের সামনে হাজির করে। নিউমার্কেটের রাস্তার ধারের ভাতের হোটেল, কসাইয়ের দোকান, মুড়ির টিন বাসে বাদুড়ঝোলা মানুষ, শরণার্থী মানুষ, প্রতিবাদী মিছিল—সব মিলিয়ে প্রায় চল্লিশ বছর আগের ঢাকা পুরোমাত্রায় সরব। ওশিমার ক্যামেরা বারবার ঘুরেফিরে এসেছে যে জায়গায়, সেটি রায়েরবাজার বধ্যভূমি। এদিক-সেদিক ছড়ানো মানুষের খুলি, হাড়গোড়। তার মধ্যে নির্বিকার ঘুরে বেড়াচ্ছে দুরন্ত ছেলেপিলের দল। ওদের কেউ কেউ আশ্চর্য অবলীলায় হাতে তুলে নিচ্ছে মানুষের খুলি, হাড়গোড়। কে জানে, যুদ্ধের ভয়াবহতা হয়তো এমনকি শিশুদের এমন আবেগশূন্য করে দেয়। খালি গায়ের এসব দুরন্ত শিশুই পথ দেখিয়ে নাগিসা ওশিমাকে নিয়ে যায় রায়েরবাজার বধ্যভূমি অবধি; তারপর দাঁড়িয়ে থাকে ভাবলেশহীন। ১৯৭২ সালে নির্মিত এই তথ্যচিত্র পুরোপুরি রঙিন। ছবির প্রিন্টও তুলনামূলক বেশ ঝকমকে। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য হয়নি, তাদের জন্য ওশিমার জয় বাংলা সত্যিকার অর্থেই অসাধারণ আবেগময় এক অভিজ্ঞতা। জয় বাংলা আমাদের আপ্লুত করে। আবেগে ভাসায়। রোমাঞ্চিত করে। এবং সবশেষে যে অসামান্য অনুভূতির জন্ম দেয়, তার নাম ‘দেশপ্রেম’।