জয় বাংলার খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় সংগ্রাহক জামাল আহমেদের কাছে আছে দুর্লভ সব রেকর্ড। ছবি: শঙ্খ ঘোষ
কলকাতায় সংগ্রাহক জামাল আহমেদের কাছে আছে দুর্লভ সব রেকর্ড। ছবি: শঙ্খ ঘোষ

ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। তার আগেই আরেকটি ঐতিহাসিক কাজ করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও মুক্তিযুদ্ধের পরম বন্ধু জর্জ হ্যারিসন, যা অনেকেরই অজানা। তাঁরা ওই বছরের মধ্য জুলাইয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রেকর্ড প্ল্যান্ট ওয়েস্টে রেকর্ড করেছিলেন জয় বাংলা। তখন চলছিল কনসার্ট ফর বাংলাদেশের প্রস্তুতিপর্ব।

জয় বাংলা অ্যালবামটি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য হলো শিল্পী পণ্ডিত রবিশঙ্কর (সেতার ও কণ্ঠ), ওস্তাদ আলী আকবর খান (সরোদ) ও ওস্তাদ আল্লা রাখা খান (তবলা)। আয়োজনে জর্জ হ্যারিসন। প্রকাশক বিশ্বখ্যাত অ্যাপল কোম্পানি (রেকর্ড নম্বর: অ্যাপল ১৮৩৮)। ৪৫ আরপিএমের (প্রতি মিনিটে ঘূর্ণন গতি) এই রেকর্ডের প্রথম পিঠে আছে রবিশঙ্কর ও সহশিল্পীদের গাওয়া দুটি গান ‘জয় বাংলা’ এবং ‘ও ভগবান, খোদাতায়ালা’। দুটি গানই রবিশঙ্করের নিজের লেখা ও সুর করা। দ্বিতীয় পিঠে আছে রবিশঙ্কর ও আলী আকবরের যুগলবন্দী, মিশ্র ঝিনঝোটি রাগে। তাঁদের সঙ্গে বাজিয়েছিলেন তবলার মহিরুহ আল্লা রাখা খান। সাত ইঞ্চি মাপের এই ইপির (এক্সটেনডেড প্লে) দুই পিঠে সব মিলিয়ে সময় ১২ মিনিট ৪৫ সেকেন্ড।

অ্যাপল স্টুডিওতে (বাঁ থেকে) জর্জ হ্যারিসন, আল্লা রাখা খান, রবিশঙ্কর ও আলী আকবর খান। ছবি: সংগৃহীত
অ্যাপল স্টুডিওতে (বাঁ থেকে) জর্জ হ্যারিসন, আল্লা রাখা খান, রবিশঙ্কর ও আলী আকবর খান। ছবি: সংগৃহীত

অ্যালবামটি যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়েছিল ১৯৭১ সালের ৯ আগস্ট এবং যুক্তরাজ্যে ২১ আগস্ট। একই বছর অ্যাপল রেকর্ডটি নেদারল্যান্ডস থেকেও প্রকাশ করে। অ্যাপলের কাছ থেকে স্বত্ব নিয়ে ভারত থেকে প্রকাশ করেছিল হিজ মাস্টারস ভয়েস (এইচএমভি)। অ্যালবামটি থেকে সংগৃহীত টাকা ইউনিসেফের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের দুস্থ ও অসহায় শিশুদের জন্য ব্যয় হয়েছিল।

ঐতিহাসিক এই অ্যালবাম সংগ্রহের জন্য কয়েক বছর ধরে কসরত করে যাচ্ছিলাম, কিন্তু নাগাল পাচ্ছিলাম না। বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন বন্ধুকে অনুরোধ করেছিলাম। তেমন সাড়া পাইনি। কলকাতায় রেকর্ড সংগ্রাহক জামাল আহমেদ ও শেখ মোহাম্মদ ইলিয়াসকে বলেছিলাম। তাঁদের বক্তব্য, কলকাতায় আসেন, তারপর দেখা যাবে।

রেকর্ডের প্রথম পিঠেই আছে ‘জয় বাংলা’ গানটি
রেকর্ডের প্রথম পিঠেই আছে ‘জয় বাংলা’ গানটি
রেকর্ডের দ্বিতীয় পিঠ
রেকর্ডের দ্বিতীয় পিঠ

এরই মধ্যে গত ১০ ডিসেম্বর প্রথম আলোতে সম্পাদক মতিউর রহমান লিখলেন ‘রবিশঙ্করের বাংলা ধুন’। তাঁর লেখা থেকে জানলাম, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে রবিশঙ্করের সঙ্গে তাঁর আলাপ হয়। আলাপের একপর্যায়ে তিনি জয় বাংলা সম্পর্কে জানতে চান। উত্তরে রবিশঙ্কর বলেছিলেন, ‘সে সময়ে বড় মনঃকষ্টে ছিলাম। তখন ওই অবস্থাতেই কম্পোজ করেছিলাম গান দুটি।’ রবিশঙ্কর এ তথ্যও দিয়েছিলেন, রেকর্ডটি এখন আর কোথাও পাওয়া যায় না।
লেখাটি পড়ে প্রচণ্ডভাবে আবেগতাড়িত হয়ে পড়ি। নিজের উৎসাহে আবার জোয়ার আসে। জামাল আহমেদ ও শেখ ইলিয়াসের সঙ্গে টেলিফোনে কথা বলি। তাঁদের সেই একই কথা। কলকাতায় গেলে খুঁজে দেখবেন।
তার আগে বলে নিই, জয় বাংলা অ্যালবামটি যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফ্রান্স ও সুইডেনে কয়েক ব্যক্তির সংগ্রহে আছে। ভারতেও আছে বেশ কয়েকজনের সংগ্রহে। এ নিয়ে ব্লগে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারি, কলকাতায় জামাল আহমেদের কাছে অ্যালবামটি পাওয়া যেতে পারে। টাইমস অব ইন্ডিয়ারতথ্য অনুযায়ী, এই ভদ্রলোকের সংগ্রহে চার লাখের বেশি রেকর্ড রয়েছে।
প্রত্যাশা নিয়ে ২৬ ডিসেম্বর সন্ধ্যার পর কলকাতায় হাজির হলাম। কাছাকাছি হওয়ায় পরের দিন সকালে গেলাম লেনিন সরণিতে শেখ ইলিয়াসের দোকানে। বললেন, খুঁজলে পাওয়া যেতে পারে। তিন দিন খোঁজাখুঁজি করলেন শেখ ইলিয়াস। ২৯ ডিসেম্বর হতাশা প্রকাশ করে বললেন, পাওয়া গেল না। তবে মুম্বাই ও ইন্দোরে দুই ব্যক্তির কাছে আছে। সময় দিলে তিনি এনে দিতে পারবেন।
আমি বললাম, এ তথ্য আমার জানা। কিন্তু তাঁদের কাছ থেকে রেকর্ডটি কেনার আর্থিক সামর্থ্য আমার নেই।
ঠিক করলাম, পরের দিন জামাল আহমেদের বাড়ি যাব। বন্ধু চলচ্চিত্র পরিচালক শঙ্খ ঘোষ ও তাঁর স্ত্রী অভিনেত্রী মৌমিতা মিত্রকে জানালাম। দুজনই তখন তাঁদের ছবিওয়ালীছবিনির্মাণ নিয়ে ব্যস্ত। কিন্তু দুজনই বেশ উৎসাহ নিয়ে বললেন, ‘ইতিহাসের সন্ধান করা আর ইতিহাসের অংশ হওয়া—দুটোই যেনতেন সুযোগ নয়।’

জামাল আহমেদের সংগ্রহশালা
জামাল আহমেদের সংগ্রহশালা

৩০ ডিসেম্বর। জামাল আহমেদের বাড়ি বালিগঞ্জের ব্রডস্ট্রিটে। সকাল ১০টার পর বালিগঞ্জ পুলিশ ফাঁড়ির মোড়ে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে শঙ্খ আর মৌমিতা এসে পড়লেন। তারপর হেঁটে হেঁটে ব্রডস্ট্রিটে।

বাসার সামনে গিয়ে দেখি, জামাল আহমেদ আমাদের জন্য অপেক্ষা করছেন। কথা বলতে বলতেই নিজের ঘরের দিকে হেঁটে চললেন। বলতে শুরু করলেন, জয় বাংলা অ্যালবাম এইচএমভি থেকেও বের হয়েছিল। শুনে আমার হোঁচট খাওয়ার মতো অবস্থা। কারণ, তথ্যটি আমার আগে জানা ছিল না।

‘জোয়ান বায়েজের ৪৫ আরপিএমের সং অব বাংলাদেশ অ্যালবামটি পরে এলপি (১২ ইঞ্চি মাপের লংপ্লে রেকর্ড) আকারে বেরিয়েছিল।’ বলে যান জামাল আহমেদ। শুনে আমার মধ্যে মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার আনন্দ। জামাল আহমেদ বলছেন, ‘রেকর্ডটি বের করেছিল যুক্তরাষ্ট্রের এঅ্যান্ডএম রেকর্ডস। অ্যালবামের নাম কাম ফ্রম দ্য শ্যাডোস। মূল অ্যালবামের নাম সং অব বাংলাদেশ। জয় বাংলার মতো সেটিও ৪৫ আরপিএমের ইপি।’

ধৈর্য আর ধরা গেল না। জিজ্ঞেস করি, অ্যালবামটি আপনার কাছে আছে? বিনয়ী জামাল আহমেদ মৃদু হেসে বললেন, ‘আমি মাঝে বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। যে কারণে কোন অ্যালবামটি কোথায় আছে, তা মনে করতে পারি না। আগে সব মুখস্থ থাকত।’

ততক্ষণে আমরা বাড়ির ভেতরে ছোট্ট এক ঘরে। হিসাব কষে দেখলাম, সেখানে লাখ দেড়েক রেকর্ড আছে। ভদ্রলোককে জয় বাংলা সম্পর্কে কিছুটা জ্ঞান দিতে গেলাম। কিছুটা বিরক্ত হয়ে হাত তুলে থামিয়ে দিয়ে বললেন, ‘আমার কাছে দেড় লাখ ইপি আছে।

তার মধ্য থেকে জয় বাংলা খুঁজে বের করতে হবে। আমি খুঁজি, আপনারাও খোঁজেন।’

জামাল আহমেদের সংগ্রহ নিয়ে প্রতিবেদন হয়েছে বিভিন্ন পত্রিকায়
জামাল আহমেদের সংগ্রহ নিয়ে প্রতিবেদন হয়েছে বিভিন্ন পত্রিকায়

দেড় লাখ! শঙ্খ ততক্ষণে ক্যামেরা চালাতে শুরু করেছেন। জামাল আহমেদ এক গাদা ইপি খাটের ওপর রাখলেন। মৌমিতা আর আমি দেখতে শুরু করলাম। সময় তখন ১২টার মতো। ঘণ্টা দুয়েক ঘাঁটাঘাঁটির পর আমরা অনেকটাই হতাশ। জামাল আহমেদের দিকে তাকিয়ে দেখি, তিনি একটার পর একটা ইপি দেখে যাচ্ছেন। হঠাৎ জামাল আহমেদ দুটি ইপি খাটের ওপর ছুড়ে মারলেন। বললেন, নিন জয় বাংলা। চোখ তুলে তাকিয়ে দেখি, জামাল আহমেদ মিটি মিটি হাসছেন। হাতে নিয়ে পরম যত্নে চোখ রাখলাম। জর্জ হ্যারিসনের অ্যালবাম বাংলা দেশ। অ্যাপলের রেকর্ড। ভাবলাম, লোকটি এ কী বের করে দিল!

আবারও আমার হতাশাকে আনন্দে রূপ দিয়ে জামাল আহমেদ আঙুল তুলে শঙ্খের দিকে ইঙ্গিত করলেন, ‘ওটি জয় বাংলা। আর কনসার্ট ফর বাংলাদেশ লংপ্লে থেকে “বাংলাদেশ, বাংলাদেশ” গানটি নিয়ে বাংলাদেশ ইপিটি বের হয়েছিল।’ দুটি ইপিই তখন আমার নাগালে।

আমার বন্ধু শঙ্খ ঘোষ। তাকিয়ে দেখি, তাঁর চোখ ছলছল। বললেন, ‘আমরা কত নির্বোধ! ঘরের পাশে পড়ে আছে রত্নভান্ডার। অথচ খোঁজ রাখিনি।’

ভালো লাগার রেশ শেষ হতে না-হতে জামাল আহমেদ বললেন, ‘আপনারা আমার সঙ্গে আসেন’ বলে তিনি ঘর থেকে বের হয়ে রাস্তার পাশে একটি দোকানের সামনে এসে দাঁড়ালেন। আমরা তাঁর পেছনে। তালা খুলে দোকানের শাটার তুললেন।

ছোট্ট ঘর। বেশ উঁচু উঁচু চারটি তাক। থরে থরে সাজানো এলপি। তাকের বাইরে মাটিতেও এলপির স্তূপ। শঙ্খ হিসাব কষে ফেলেছেন। ফিসফিস করে বললেন, এখানে চার-পাঁচ লাখ এলপি আছে। ততক্ষণে মই বেয়ে তাকের একটির পর একটি এলপি ছুড়ে মারতে শুরু করলেন জামাল আহমেদ। বব ডিলান, জন লেনন, এলভিস প্রিসলি, জোয়ান বায়েজ...আরও কত কী। বেশি সময় নিলেন না। মই ছেড়ে নেমে এলেন। আমার দিকে বাড়িয়ে দিলেন প্রায় নতুন একটি এলপি—কাম ফ্রম দ্য শ্যাডোস। ৪১ মিনিট ৩৮ সেকেন্ডের এই এলপির দ্বিতীয় পিঠে আছে ‘সং অব বাংলাদেশ’, সময়কাল ৪ মিনিট ৪৯ সেকেন্ড। বললেন, সাত ইঞ্চির ইপিটি নেই।

ততক্ষণে বিকেল। জামাল আহমেদের কাছে জানতে চাইলাম, রেকর্ড দুটি কীভাবে খুঁজে পেলেন? তিনি বললেন, ‘রেকর্ডের রন্ধ্রে রন্ধ্রে আমার বিচরণ। অবচেতন মনই আমাকে প্রয়োজনীয় রেকর্ডের কাছে নিয়ে গেছে।’

রন্ধ্রে রন্ধ্রে বলতে জামাল আহমেদ কী বোঝালেন? একটি এলপির সময়কাল ৩৫ থেকে ৫০/৫৫ মিনিট পর্যন্ত হয়ে থাকে। রেকর্ড প্লেয়ার চালুর পর এর পিন এলপির ট্র্যাক ধরে মিনিটে ৩৩ বারের কিছুটা বেশি ঘোরে। অর্থাৎ, একটি এলপিতে কমবেশি দেড় হাজার ট্র্যাক থাকে। যাকে রেকর্ড প্রেমিকেরা রন্ধ্র বলে থাকেন।

যাওয়ার সময় হয়ে এসেছে। জামাল আহমেদকে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, ‘জামাল ভাই, জয় বাংলার ইতিহাস বাংলাদেশ নিয়ে। আপনি সেই ইতিহাস সংরক্ষণ করেছেন এবং আমার হাতে তুলে দিয়েছেন।’

কৃতজ্ঞতা জানালাম না। কারণ, কৃতজ্ঞতা প্রকাশ করে এর দায় শোধ করা যাবে না।