জয় হোক!
চেষ্টায় কী না হয়! আমরা সবাই জানি। অন্তত শুনে এসেছি সবাই কমবেশি। কিন্তু চোখের সামনে জলজ্যান্ত একটা উদাহরণ দেখে কার না ভালো লাগে! শেইলা রেডজিউইক সে রকমই একজন। তায়কোয়ান্দো নামের ক্রীড়ার কথা আপনারা নিশ্চয়ই জানেন। শেইলা এই সুকঠিন শারীরিক কসরত রপ্ত করার কাজে নেমেছিলেন দুটো হাত ছাড়াই। সত্যি কথা বলতে কি, হাত বলে যে দুটো জিনিস মানুষের থাকে, সেটা কোনো কালে ছিলই না ৩২ বছর বয়সী এই মার্কিন নারীর। কিন্তু হাত নেই বলে ‘হাত গুটিয়ে’ বসে থাকবেন, সে বান্দাও তিনি নন। তায়কোয়ান্দো খেলায় বাদামি বেল্ট অধিকার করে নিয়েছেন মোটে তিন বছরের চেষ্টায়। দুই হাত ছাড়াই লাথি দিয়ে বোর্ড ভেঙে, নান চাক চালিয়ে শেইলা মাত করেছেন চৌদিক। এখন স্বপ্ন ব্ল্যাক বেল্ট জয়ের। গত সোমবার (১০ মে, ২০১০) প্রথম আলোর সারা বিশ্ব পাতায় ছাপা হয়েছিল শেইলার এ খবর।শেইলার কৃতিত্ব আমাদের আশাবাদী করে। ‘অসম্ভব’ শব্দটা মোটেও দীর্ঘস্থায়ী কিছু নয়—মনে গেঁথে থাকে তাঁর এ মন্তব্য। আমাদের দেশেও শেইলার মতো বহু অদম্য মেধাবী মানুষ আছেন। শারীরিক অক্ষমতা তাঁদের কাছে কোনো বাধা হতে পারেনি। তাঁদের হাত নেই, তবু পা দিয়ে লিখেই চালিয়ে যাচ্ছেন পড়ালেখা। নিজে চোখে দেখেন না, কিন্তু পিছপা হননি অন্যের জন্য জ্ঞানের আলো বিলিয়ে দিতে। জয় হোক মানুষের অদম্য আগ্রহ শুভ ইচ্ছার! —ই. হো. চৌ.