বকুলাপ্পুদের বাসায় ঢুকতেই তিনি বললেন, ‘অ্যাই, তুমি কোন দল?’ আমি তাঁর হাবভাব দেখেই বুঝলাম, অবস্থা খারাপ। বুঝেশুনে উত্তর দিতে হবে। আমি বললাম, ‘আপনি যে দল, আমিও সেই দল।’ বকুলাপ্পু আমাদের কয়েকজনের দলনেতা। তিনি বরুণাকে বললেন, ‘অ্যাই, খাতা-কলম নিয়ে আয় তো।’ আমি বললাম, খাতা দিয়ে কী হবে। বকুলাপ্পু বললেন, ‘খাতায় লিখবে।’ আমি ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের জন্য আমার সাধ্যানুযায়ী যা করার করব। ‘ঠিক আছে’ বলে আমি খাতায় লিখে দস্তখত করে, চা-নাশতা করে চলে এলাম জয়িতাদের বাসায়। জয়িতাও আমাদের দলের সদস্য। ও আবার কথা খুব কম বলে। কিন্তু সাংঘাতিক চালাক। আমাকে প্রশ্ন করল, ‘তোমার কোন দল?’ আমি আগে জানতে চাইলাম, তার প্রিয় দল কোনটি। কিন্তু সে বলবে না। আমাকে আবার প্রশ্ন করল, ‘আমার প্রিয় খেলোয়াড় কে, কাকা, না মেসি?’ আমি বললাম, যেকোনো একজন। তারপর আরও দু-চারটা প্রশ্ন করে সে বুঝে নিল, আমি ব্রাজিলের সমর্থক। শুধু বলল, ‘ধন্যবাদ।’ আমাদের দলে শুধু ফাহাদ বাদে আর সবাই ব্রাজিলের সমর্থক। ফাহাদকে বকুলাপ্পু আনতে পারেননি। ও আর্জেন্টিনাই রয়ে গেল। দেখা যাক, শেষ পর্যন্ত কে হাসে। জয়তু বিশ্বকাপ!আফজাল হোসেনজগদল, সুনামগঞ্জ।