জয়ধ্বনির ‘আলোকচ্ছটা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি প্রতিষ্ঠার ১০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে জয়ধ্বনি ১২ মার্চ ‘আলোকচ্ছটা’ শিরোনামে দিনব্যাপী উৎসব ও পুনর্মিলনীর আয়োজন করে। উৎসব শুরু হয় সকালে আনন্দ শোভাযাত্রা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এর পর কথক মিত্রের আঁকা ছবি ও মোমতার আঁকা কার্টুন নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রপ্রদর্শনী। বিকেলে উৎসবকে আরও আকর্ষণীয় করে পিঠা উৎসব, মেহেদি উৎসব ও ঘুড়ি উৎসব। সবশেষে সন্ধ্যায় ছিল জয়ধ্বনির সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ-গান আর মজার মজার সব আয়োজনে তাঁরা চুয়েট মিলনায়তনকে তিন ঘণ্টা মন্ত্রমুগ্ধ করে রাখে। অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন ছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মঞ্চনাটক প্রতিকৃতি। নাটকটি রচনা ও পরিচালনা করেন সোহেল মাহমুদ। এ ছাড়া তিশা-নুসরাতের নাচ, ফ্যাশন শো, ইমরুল-ঊর্মির দ্বৈত আর তাকবীর, মৌসুমী, দীপু ও শিপলুর একক সংগীত মুগ্ধ করেছে। অনুষ্ঠানে নাটিকা ও ভিডিও ছবির মাধ্যমে চুয়েটের বিভিন্ন সমস্যাকে হাস্য রসাত্মকভাবে তুলে ধরেন জয়ধ্বনির কর্মীরা। সেতু আর লিটন যখন গান গাওয়ার জন্য মঞ্চে ওঠেন তখন উপস্থিত দর্শকদের মধ্যে সাড়া পড়ে যায়। তারা একে একে গেয়ে শোনান ‘একটা গোপন কথা’ আর ‘চাইতে পারো আবার সেই জোছনা’ গান দুটি। সবশেষে জয়ধ্বনির সাবেক সদস্যদের পরিবেশনায় উৎসবের সমাপ্তি ঘটে।প্রকৌশল শিক্ষার বৈচিত্র্যহীন একঘেয়ে জীবনে অল্প স্বল্প বিনোদন দেওয়ার লক্ষ্যে ২০০০ সালের ১৬ ফেব্রুয়ারি জয়ধ্বনি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা সভাপতি সানাউল উপল। শুরু থেকেই ‘শিল্পসত্তার একাত্মতা’ এ মন্ত্রকে সামনে রেখে ক্যাম্পাসে সংগঠনটি নিয়মিত বিভিন্ন উপলক্ষ এবং জাতীয় দিবসগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে।