
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে কিশোর চারুকলা উৎসবের আয়োজন করে ফুলকি। শিশু-কিশোরদের চারুকলা ক্যাম্পের মাধ্যমে শুরু হয় উৎসব। ২৪ ডিসেম্বর ক্যাম্পে অংশগ্রহণকারীদের ছবি নিয়ে শুরু হয় তিন দিনের প্রদর্শনী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক প্রদর্শনীর উদ্বোধন করেন।
চারুকলা ক্যাম্পের প্রথম পর্ব পরিচালনা করেন শিল্পী নাজলি লায়লা মনসুর। ক্যাম্পের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন শিল্পী খাজা মোহাম্মদ আবদুল কাইয়ুম। সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও ফুলকির সোনারতরীর শিক্ষকেরা।
চারুকলা ক্যাম্পে জয়নুলের অঙ্কন রীতির সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেন শিক্ষকেরা। মোম, কালি ও জলরঙের মাধ্যমে ছবি আঁকে শিশুরা।
শিশুদের প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে আসাদুজ্জামান নূর বলেন, বর্তমানে শিক্ষার্থীদের ওপর পড়ার যে চাপ তা জ্ঞান অর্জনে সহায়ক নয়। এ ছাড়া জিপিএ–৫ পাওয়ার প্রতিযোগিতা শিশুদের অস্থির করে তুলেছে। এ থেকে শিশুদের রক্ষার জন্য শিক্ষাবিদদের আরও ভাবতে হবে।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, তিনি ফুলকির শিক্ষার্থীদের কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছেন। জয়নুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্বরচিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন তিনি। ফুলকির সম্পাদক আবুল মোমেন বলেন, ১৯৭৬ সাল থেকে ফুলকি শিশুদের নিয়ে কাজ করছে। অনেক বাধা পেরিয়ে প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে এসেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অধ্যক্ষ শীলা মোমেন ও ট্রাস্টি শামসুল হোসাইন। এরপর সহজপাঠ ও সোনার তরীর শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।