জয়ন্তীর জয়গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুর আর তালের সঙ্গে সখ্য সেই ছোটবেলা থেকেই। ঘুম ভাঙত বড় দিদির রেওয়াজে। শুধুই কী বড় দিদি, মেজো দিদির নূপুরের ঝংকার আর দাদার তবলার বোল—এর মধ্যেই বেড়ে ওঠা। একদিন মা-ই পরিয়ে দিলেন নূপুর। অভয় দিলেন দিদিরা। ব্যস, যাত্রা হলো শুরু। এর পরের গল্প মঞ্চ জয়ের। নেচে জয় করেছেন দর্শকের হূদয়। নাচের এই মানুষটির নাম জয়ন্তী বণিক। স্বীকৃতির ঝুলিতে সর্বশেষ ভরেছেন বাংলাভিশনের রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র দ্বিতীয় রানার আপের অর্জন। সম্প্রতি প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথায় কথায় উঠে আসে তাঁর এত দূর আসার আদ্যোপান্ত।হাত ফসকে গেছে নাচো বাংলাদেশের শিরোপা। আক্ষেপটা কী খুব বেশি? শুনেই মুক্তঝরা এক গাল হাসি। বললেন, ‘আক্ষেপতো কিছুটা ছিলই। তবে অর্জনটাই বেশি। অনেক কিছু শিখেছি। যা আমার ভবিষ্যতের পাথেয়। নাচের খুঁটিনাটি বিষয় জেনেছি। সবচেয়ে বড় ব্যাপার খ্যাতনামা শিল্পীদের সামনে নাচতে পেরে আত্মবিশ্বাসটা বেড়েছে।’ জানালেন, অনুপ্রেরণার মন্ত্র পেলেন প্রতিযোগিতার বিচারক প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মহম্মদের কথায়। তিনি প্রায় পর্বে বলতেন, ‘নাচের জন্য তোমার অভিব্যক্তি চমৎকার। তুমি বড় শিল্পী হবে।’ যা প্রতি মুহূর্তে অনুভব করেন জয়ন্তী।চট্টগ্রামের ঘাটফরহাদবেগে শৈশব কাটানো মেয়েটির প্রথম মঞ্চে ওঠাও সেখানেই। সময়টা ২০০১ সাল। টেরিবাজারে পয়লা বৈশাখের অনুষ্ঠানে এক ফাঁকে মঞ্চে এল খুদে শিল্পী জয়ন্তী। ‘মোমের পুতুল মমির দেশের মেয়ে’ গানের সঙ্গে নেচে মাত করেন দর্শকদের। বয়স তখন কত? বড়জোর পাঁচ। অনুষ্ঠান শেষে খুদে শিল্পীটির প্রশংসায় পঞ্চমুখ সবাই। এগিয়ে যাওয়ার মন্ত্রণায় জোরসে লাগল হাওয়া। এবার আসা-যাওয়া শুরু হলো নাচের স্কুলে। প্রথম গুরু স্বপন কুমার দাশ। হাতেখড়িও তাঁর হাতে। ১৪ বছর ধরে শিখছেন তাঁর কাছে। এরপর পাঁচ বছর ধরে ভরত নাট্যমে তালিম নিয়েছেন শুভ্রা সেনগুপ্তার কাছে। এ ছাড়া বিভিন্ন সময় তালিম নিয়েছেন রূপক সেন, অনন্য বড়ুয়া ও স্বপন বড়ুয়ার কাছে। শিল্পকলা থেকে শেষ করেছেন নাচের চার বছরের কোর্স। জয়ন্তী বারে বারে প্রমাণ করেছেন তাঁর সামর্থ্য। তাই পুরস্কারের ঝুলিও অনেক বড়। বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছেন স্বর্ণপদকসহ তিন শতাধিক পুরস্কার। ভবিষ্যতে নাচের কোন শাখায় হবে গন্তব্য? কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আর সংশয় মাখানো কণ্ঠ। বললেন, কত্থক নাকি ভরত নাট্যম—এ নিয়ে দোটানা নিজের মধ্যেও। আমার ভালো লাগে ভরত নাট্যম। নাচের গুরুরা বলেন কত্থকটা আমার জন্য ভালো হবে। শিবলী স্যারও বলেছেন আমি চেষ্টা করে গেলে কত্থকের বড় শিল্পী হতে পারব। তবে দুটোরই তালিম নেওয়া আছে। মনে হচ্ছে কত্থকেই ঠাঁই নেব।কথার ফাঁকে জানিয়ে দিলেন শুধু যে নাচেন তা কিন্তু নয়। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন অভিনয় ও গানও। সম্প্রতি জয়ন্তীর অভিনয় করা নাটক বাঁধন হারা পালক প্রচারিত হয়েছে বাংলাভিশনে। নাটকটিতে অভিনয় করেন মীর সাব্বির, সোহানা সাবা এবং কুসুম সিকদারও। গানেও সমানে চালিয়ে যাচ্ছেন রেওয়াজ। শিল্পকলায় গানে তৃতীয় বর্ষে পড়ছেন। তবে নাচই তাঁর প্রাণ। অবশ্য পড়ালেখা চলছে ব্যবসাপাতি নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষে। জয়ন্তী বর্তমানে চালাচ্ছেন একটি নাচের বিদ্যালয় দীপালয় নৃত্যকলা অ্যাকাডেমি। নাচের হাতেখড়ি দেন খুদে শিক্ষার্থীদের।পরিবারের কথা তুলতেই পাশে বসা মা দীপালী বণিকের হাতে হাত রেখে বললেন, ‘মা-ই আমার সব’। ষষ্ঠ শ্রেণীতে পড়া সময় বাবা দেবব্রত বণিককে হারায় পরিবার। তারপর সব তো মায়ের হাত ধরেই। অনেক কথা। গড়িয়ে যায় সময়। সবশেষে জানালেন হাঁড়ির খবরটা। আগামী ৫ জুলাই পরিচালক সৌমিত্র ঘোষের সঙ্গে গাটছড়া বাঁধতে যাচ্ছেন। শুরু হবে সংসার জীবন। নাচে কী কোনো ব্যাঘাত হবে? জয়ন্তীর ফটাফট উত্তর, ‘কক্ষনোই না’।