জয়পুরহাটে ‘পা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরলতম এক রোগের নাম প্রজেরিয়া। কম বয়সেই বুড়িয়ে যায় এই রোগে আক্রান্ত মানুষ। শরীরে ভর করে বার্ধক্যের ছাপ। পা ছবিতে প্রজেরিয়া আক্রান্ত এক বালকের ভূমিকায় অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় পাওয়া গেছে প্রজেরিয়া-আক্রান্ত এক বালকের খোঁজ। সরেজমিন কালাই ঘুরে এসে এই প্রতিবেদন।প্রায় ফজরের সময় শ্বশুরবাড়ি থেকে জরুরি তলব। স্ত্রী তাছলিমা সন্তানসম্ভবা। আজিব্বর হোসেন গেলেন ছুটতে ছুটতে। হাতিয়র থেকে গারুইল। খুব কম দূরত্ব নয়। পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর। বাড়িভর্তি মানুষ। আত্মীয়স্বজনেরা এসেছে। পাড়া-প্রতিবেশীরা এসেছে। চারদিকে মোটামুটি উৎসব উৎসব ভাব। আজিব্বরের হাতে মিষ্টির প্যাকেট। মনে ভয়। ভয়ের কারণও আছে যথেষ্ট। আগের বারও তাছলিমার গর্ভে সন্তান এসেছিল। সেই সন্তান মারা গেছে জন্মের সময়েই। আজিব্বর হোসেন মনে মনে খোদাকে ডাকেন। অস্থির পায়ে হাঁটাচলা করেন এদিক-ওদিক। সন্ধ্যার দিকে আজিব্বরের সব শঙ্কা দূর হয়ে যায়। আঁতুড়ঘরের দরজা খুলে যায়। তাঁর কোনো এক আত্মীয়া খুব খুশি খুশি গলায় বলে, ‘ভাইজান, মিষ্টি খাওয়ান। আপনার ছেলে হইসে।’ আনন্দে-খুশিতে আজিব্বরের কি আর হুঁশ-জ্ঞান থাকে? অন্য কারও কথাবার্তা কানে ঢোকে? কলিজার টুকরো, আদরের ধনকে কোলে তুলে নিয়ে তবেই না মনে শান্তি।হ্যাঁ। বছর বারো আগের কোনো এক বুধবার ছিল সেটা। সেদিন সদ্যোজাত পুত্রসন্তানকে কোলে নিয়ে ক্ষণিকের জন্য সুখসাগরে ভেসেছিলেন আজিব্বর হোসেন নামের জয়পুরহাটের কালাই উপজেলার এক দরিদ্র ভ্যানচালক। মা তাছলিমা খাতুনের মনেও সুখের অন্ত ছিল না। ছেলের গায়ের রং পরিষ্কার। অসুখ-বিসুখও নেই কোনো। ব্যতিক্রম বলতে শুধু একটাই—ছেলের গায়ের চামড়া একদম ঢিলেঢালা। ঢিলে কেন? তাছলিমা একটু দুশ্চিন্তা করতে চেয়েছিলেন হয়তো। কিন্তু মুরব্বিরা তাঁর কথা মাথাতেই নেননি। ওই চামড়া ঢিলে হওয়াটা কোনো ব্যাপারই নয়। ছেলে বড় হলে আপনা-আপনিই ঠিক হয়ে যাবে সব। পাড়ার মৌলভি ছেলের নাম রাখলেন তুহিন ইসলাম। ডাক নাম রাজু। পুরো নাম তুহিন ইসলাম। ছয় বছর বয়সে তুহিনের প্রথমবার শারীরিক সমস্যা ধরা পড়ে। রোগটার নাম হার্নিয়া। চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল তাকে। অস্ত্রোপচার করলে রোগটা সারে। কিন্তু কোনোমতে খেয়েপরে জীবন চালাতেই যেখানে হিমশিম, সেখানে ‘অপারেশন’ করানোর বিলাসিতা সাজে না। অতএব, অধরাই থেকে যায় তুহিনের আরোগ্য লাভের সম্ভাবনা। তুহিন ভর্তি হয় হাতিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। লেখাপড়ায় বলতে গেলে ভালোই। পুরোনো রোগটা আছে। যখন-তখন যন্ত্রণা দেয়। বাচ্চা-ছেলেটা সব মুখ বুজে সহ্য করে। গরিব ঘরে জন্মালে অনেক জ্বালা-যন্ত্রণা চুপচাপ হজম করে যেতে হয়। তুহিন খুব সম্ভবত সেই ছেলেবেলাতেই পরিষ্কার বুঝে গিয়েছিল, জগতের নিষ্ঠুর হিসাব-নিকাশ। অসুখের কারণে সে অন্যদের মতো খেলতে পারে না। অন্য বন্ধুরা যখন জমিয়ে ফুটবল খেলে, তুহিন শুধু চুপচাপ মাঠের বাইরে দাঁড়িয়ে দেখে। বেশিক্ষণ রোদে হাঁটলে শরীরের যন্ত্রণা বাড়ে। মাথা ঝিমঝিম করে। ঘাম হয় খুব। তবুও নিজের অসুখটা নিজের ভেতরে নিয়ে নিজের মতো করেই ছিল সে। প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করার পর তুহিন ভর্তি হয় কালাই ময়েন উদ্দীন উচ্চবিদ্যালয়ে। আগের বন্ধুবান্ধব কেউ নেই। সহপাঠীরা সব অচেনা। তারা কেউ তুহিনের সঙ্গে খাতির জমাতে আগ্রহী নয়। উল্টো স্কুলের ফাজিল ছোকরারা সব তার পিছু নেয়। ঠাট্টা-টিটকারি করে। তুহিনের বিরুদ্ধে অভিযোগ, তাকে ‘বুড়ো বুড়ো’ লাগে।উত্ত্যক্তকারীদের দলে বড়রাও আছে। তুহিনকে দেখলেই হাসি হাসি মুখ করে তারা এগিয়ে আসে। জিজ্ঞেস করে, ‘তোর বয়স কত?’ বারো বছর মোটে বয়স শুনে ওরা হেসে গড়াগড়ি যায়। কী মজা পায়, ওরাই জানে। আবার কেউ কেউ আছে, অতটুকু মজা নিয়েই যাদের আশ মেটে না, তারা তুহিনকে রীতিমতো চেপে ধরে, ‘তুই মিথ্যে বলছিস। আসলে তোর বয়স আশি বচ্ছর। কমে ষাট। তুই স্কুলে ভর্তি হইছিস কী করতে? তুই তো আমার নানা।’ওদের হা হা হি হি চলতেই থাকে। তুহিন চোখের পানি মুছতে মুছতে ঘরে ফেরে। তারপর অচিরেই একদিন ঘরে এসে আর স্কুলে না যাওয়ার ঘোষণা দেয়। মায়ের কাছে কাঁদতে কাঁদতে তার কষ্টের কথা বলে।ছেলের বাবা সারা দিন কাজকর্মে বাইরে বাইরে থাকেন। মা তাছলিমাই বা আর ছেলেকে নিয়ে কী করেন? তিনি তো আর সিনেমার বিদ্যা বালান (পা ছবির অভিনেত্রী) নন যে কৌতূহল নিয়ে কেউ এগিয়ে এলে মানবদেহের জিন-ক্রোমোসোম—এসব ব্যাপার-স্যাপার বুঝিয়ে বলতে পারবেন। মানুষের মুখ বন্ধ রাখার কী সাধ্য গ্রামের এক সামান্য স্বল্পশিক্ষিত গৃহবধূর? এর চেয়ে গ্রামের মাদ্রাসা ভালো। স্কুল ছেড়ে হাতিয়র বহুমুখী সিনিয়র ফাজিল মাদ্রাসায় ভর্তি হয় তুহিন।রোগের নাম ‘প্রজেরিয়া’২০০৭ সালের ঘটনা। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে কালাই শহীদ মিনার প্রাঙ্গণে। মেলা আয়োজনের পুরোভাগে আছেন প্রথম আলোর কালাই প্রতিনিধি আনোয়ার পারভেজ। স্কুলছাত্রদের সারিতে দাঁড়ানো একটা ছেলেকে দেখে হঠাৎ চোখ আটকে গেল তাঁর। ছেলেটার গলার চামড়ায় ভাঁজ। কপাল আর ভুরুর মাঝখানে বলিরেখা স্পষ্ট। মুখের চামড়া ঝুলে গেছে। পারভেজ কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন। নাম জিজ্ঞেস করলেন ছেলেটার। ব্যস, ও পর্যন্তই। অকালে বুড়িয়ে যাওয়া এই ছেলেটাকে এরপর ভুলেই গিয়েছিলেন পারভেজ। চিরতরে ভুলেই যেতেন হয়তো। কিন্তু মাঝখানে সবকিছু পাল্টে দিল একটা ছায়াছবি—পা।‘প্রজেরিয়া নামের রোগটার কথা এর আগে শুনিনি কখনো। পা ছবিটা দেখার পরই বিদ্যুৎ-চমকের মতো মনে পড়ে গেল তুহিনের কথা। মনে হলো এটা নিয়ে একটা কিছু করা যায়।’ বলছিলেন আনোয়ার পারভেজ।পারভেজ বুদ্ধি-পরামর্শ করার জন্য তুহিনের ছবি নিয়ে গেলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু হোসেনের কাছে। আবু হোসেন সব শুনলেন। দুদিন সময় নিলেন। ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করতেই তিনি পেয়ে গেলেন প্রজেরিয়া নামের বিরল এক ব্যাধির তথ্য। অচিরেই প্রথম আলোর বিশাল বাংলা পাতায় উঠে আসে কালাইয়ের হাতিয়র গ্রামের তুহিনের খবর। শিরোনাম, ‘অকালে বুড়ো’।বলিউড থেকে জয়পুরহাটঅভিষেকের ছেলের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, এ খবর দিয়েই বলিউডে হুলস্থুল ফেলে দিয়েছিল আর বালাকৃষ্ণানের ছবি পা। ছবিতে অমিতাভ বারো বছর বয়সী প্রজেরিয়ায় আক্রান্ত এক বালক। কীভাবে সম্ভব? স্বাভাবিকভাবেই পা ছবিতে অমিতাভের মেকআপের কৌশল নিয়ে কম শোরগোল হয়নি। অসাধারণ অভিনয়-প্রতিভা প্রদর্শন করে ভারতের জাতীয় পুরস্কারটাও পেয়ে গেছেন অমিতাভ বচ্চন।বারো বছর বয়সে শুরু হয়েছিল সিনেমার অরুর জীবনের গল্প। আমাদের জয়পুরহাটের তুহিনের বয়সও এখন ঠিক বারো। সিনেমার প্রজেরিয়া রোগী অরুকে (অমিতাভ বচ্চন) দেখি। তার মায়ের (বিদ্যা বালান) সঙ্গে কখনো বিয়ে হয়নি অরুর বাবার (অভিষেক বচ্চন)। জন্মের পরই অরুর প্রজেরিয়া ধরা পড়ে। বাবা রাজনীতি করে দেশের সেবা করার জন্য সন্তানের ভরণপোষণের ঝামেলায় যেতে চাননি। মায়ের স্নেহছায়ায় অরুর দিন কাটে মোটামুটি বিত্ত-বৈভবের মাঝেই—নেচে-গেয়ে, স্নেহ-ভালোবাসায়। অরুর সহপাঠী ছেলেমেয়েরাও দারুণ ভদ্রগোছের। অরুকে টিটকারি করবে কি, হরদম অরুর জয়ধ্বনি দিতেই ব্যস্ত তারা। অরু প্রজেরিয়া রোগী হলেও সে যে দারুণ মেধাবী। তাই তো সে ভিশনারি অ্যাওয়ার্ড নেয় এমপির (যিনি কি না আসলে তারই বাবা) হাত থেকে। তেরো বছর বয়সে মৃত্যুবরণ করে নেওয়াটাই শেষতক হয়ে ওঠে অরুর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। মৃত্যুর আগেও অরু অবশ্য অসাধারণ একটা কাজ করে যায়। একসঙ্গে মিলিয়ে দিয়ে যায় তার মা আর বাবাকে। এতক্ষণ রুপালি পর্দার এক প্রজেরিয়া রোগীর বৃত্তান্ত শুনছিলাম আমরা। এবার আবার ফিরে যাই বাস্তবে। সিনেমা আর বাস্তব। সত্যিই অনেক ফারাক।কালাইয়ের পথেঢাকা থেকে বগুড়া। বগুড়া থেকে কালাই এক ঘণ্টার পথ। বগুড়া-জয়পুরহাটগামী বাস ছুটেছে পিচঢালা রাস্তা ধরে। যাওয়ার পথে মাথায় ঘুরছে শুধু পা। কালাই সদরে বাস থেকে নেমে মোটরসাইকেলে চেপে বসি আমরা। তারপর দুই পাশের সবুজ ধানখেত, রাস্তায় পথ আগলে দাঁড়ানো গরুর পাল, এবড়োখেবড়ো মেঠোপথ ইত্যাদি ডিঙিয়ে আমাদের মোটরসাইকেল দুরুঞ্জ মহল্লার একটা কানাগলিতে গিয়ে থামে। অনেকক্ষণ ডাকাডাকির পর শনের ঘরটা থেকে বেরিয়ে আসে বারো বছরের বালক তুহিন। কেউ একজন একটা চেয়ার এগিয়ে দিয়ে যায়। তুহিনের ছোট ভাইটা আশপাশে ঘুরঘুর করে। মা তাছলিমা আর বাবা আজিব্বর দাঁড়িয়ে থাকেন পাশে। আমাদের ঘিরে ধরে পাড়ার জনাবিশেক কৌতূহলী লোক। তুহিনের সঙ্গে কথোপকথনের কিয়দংশ—তুমি খেলতে ভালোবাস?—খেলি না। অন্যরা খেলে...আমি দেখি। (মাথা নিচু)মাদ্রাসায় তোমার রোল নম্বর কত?—একুশ।কী পড়ো মাদ্রাসায়?—বাংলা, আরবি...(দীর্ঘ নীরবতা। শরীর ঘামছে। মুখ ব্যথায় কোঁচকানো)মাদ্রাসায় যাও কীভাবে?—সাইকেলে... (নীরব)অগত্যা তুহিনের সঙ্গে আলাপটা সংক্ষিপ্ত করতে হয়। মা তাছলিমা বেগমের কাছে যাই। এবং জানতে পারি রোগাক্রান্ত্ত ছেলেকে নিয়ে এক মায়ের কঠিন সংগ্রামের গল্প। ছেলের জ্বরজারি, গায়ে যন্ত্রণা, রোদে হাঁটলে মাথাব্যথা—এসব লেগেই আছে সব সময়। মায়ের তাই ফুরসত নেই একদণ্ড। সারাক্ষণ পাশে থাকতে হয় ছেলের। একটা সময় হেঁটে স্কুলে যেত তুহিন। এখন আর হার্নিয়ার ব্যথার কারণে এত দূর হাঁটা হয় না। একটা সাইকেল জোগাড় হয়েছে তার জন্য। সেই সাইকেল চালিয়ে তুহিন মাদ্রাসায় যায়-আসে। তারপর। সাইকেল রেখে সারাটা দিন শরীরের যন্ত্রণা নিয়ে নিজের ভেতর মিইয়ে থাকে। বিনোদন বলতে আছে, মামার কেনা টিভিতে ফুটবল খেলা দেখা, আর লুডু খেলা। আর চিকিৎসা? সেই যে বহু বছর আগে হার্নিয়ার সমস্যা নিয়ে একবার চিকিৎসকের কাছে গিয়েছিল, আর যাওয়া হয়নি। চিকিৎসকের কাছে যাওয়া মানেই তো টাকা পয়সা খরচা। ‘রোদ উঠলে ছেলের মাথা ঘুরায়। সব সময় প্যাট ব্যথা করে। কল থেকে গোসলের পানি টিপা দিতে হয়। অসুখ বাড়লে ছেলের কাছে বইসে থাকি। ছেলেক ঘুমানক চেষ্টা করি। আর কারও ছেলেকে কেউ হেলা করে না। টিশকারি করে না। মায়ের কষ্ট কী রকম? ছেলের যদি অসুখ হয় মা কখনো ভালো থাকে? যদি টাকা-পয়সা থাকত ছাওয়ালক ভালো করতাম।’ বলতে বলতে তাছলিমা আঁচল দিয়ে চোখ-মুখের ঘাম মোছেন, নাকি চোখের পানি লুকান, পরিষ্কার বোঝা যায় না। জয়পুরহাটের বিরল রোগে আক্রান্ত তুহিনের গল্প আসলে একই সঙ্গে আমাদের চিরচেনা দারিদ্র্য নামের এক ব্যাধিরও গল্প। তুহিনের দুর্বোধ্য করুণ চাহনি, তাছলিমার ঘামে ভেজা অসহায় মুখ, আজিব্বরের ঘরের ক্ষয়ে যাওয়া শনের ছাল—এসব বিবিধ দৃশ্যাবলি মাথায় নিয়ে আমরা পরাজিত মানুষের মতো ফিরতি পথ ধরি।