জয়ললিতার প্রতিশোধ
‘পুরোনো শত্রু’ এম করুণানিধির সঙ্গে শত্রুতা সহজে ভুলছেন না জয়ললিতা। তাঁর এআইএডিএমকের নেতৃত্বাধীন সরকার সাবেক ডিএমকে সরকারের নেওয়া অধিকাংশ প্রকল্প ও নীতি বাতিল করতে যাচ্ছে। করুণানিধি সরকার এক হাজার কোটি রুপি ব্যয়ে পার্লামেন্টের নতুন সচিবালয় ভবন নির্মাণ করেছিল। কিন্তু জয়ললিতা অভিযোগ তুলেছেন ভবনটি তৈরিতে অর্থের অপচয় ও অনিয়ম এবং কালক্ষেপণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করেছে তাঁর সরকার। মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে স্কুলশিক্ষার্থীদের জন্য অভিন্ন সিলেবাসের প্রকল্প ‘সমাচির কালভি’ বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন জয়ললিতা। তাঁর মতে, প্রস্তাবিত এ সিলেবাস শিক্ষার মানের কোনো উন্নয়ন ঘটাবে না। জয়ললিতা ডিএমকের অধীনে থাকা কোটি কোটি রুপির কেব্ল টিভির ব্যবসার দিকেও নজর দিয়েছেন। তাঁর সরকার এ খাত জাতীয়করণের ঘোষণা দিয়েছে। করুণানিধির জনগণকে বিনা মূল্যে রঙিন টিভি দেওয়ার প্রকল্প বন্ধ করে দিচ্ছেন জয়ললিতা। তাঁর যুক্তি হচ্ছে, যে গরিবেরা এ টিভি পেয়েছেন, তাঁদের তো বছরে কেব্ল সংযোগের জন্য চার হাজার কোটি রুপি দিতে হবে। সে টাকা তাঁরা কোথায় পাবেন? নতুন সরকার চেন্নাইয়ের মেট্রো রেল প্রকল্পের নতুন কাজও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে নতুন সরকার ১১১ কিলোমিটারের মনোরেল প্রকল্প হাতে নিয়েছে। জয়ললিতার পরবর্তী লক্ষ, ‘কালাইগনর স্বাস্থ্য বিমা প্রকল্প’। নাম উল্লেখ না করে সরকার বলেছে, পরিসর ব্যাপক নয় বলে এটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এ ছাড়া কালাইগনর আবাসন প্রকল্পও বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ওই প্রকল্পে তিন লাখ কুঁড়েঘরের বদলে পাকা ছাদের ঘর করে দেওয়ার কথা ছিল। প্রকল্পের ‘সীমাবদ্ধতা’কে এ জন্য দায়ী করা হয়েছে। এর পরিবর্তে গ্রামের গরিবদের জন্য ‘সৌরবিদ্যুৎসমৃদ্ধ গ্রিনহাউস’ প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। জয়ললিতার এসব পদক্ষেপের তেমন প্রতিবাদ হচ্ছে না। কারণ, তিনি যে শুধুই প্রতিশোধপরায়ণ হয়ে আগের সরকারের গৃহীত পদক্ষেপ বাতিল করছেন, তা বলা যায় না। ডিএমকে সরকারের আমলে এসব প্রকল্প গ্রহণ করার সময় বেশির ভাগেরই সমালোচনা হয়েছিল। তবেরাজনৈতিক বিশ্লেষক ভি কৃষ্ণ অনন্ত বলেছেন, জয়ললিতা নতুন সচিবালয় ভবন নির্মাণে অনিয়ম তদন্তের ব্যবস্থা করে ঠিক কাজই করেছেন। কিন্তু স্কুলশিক্ষার্থীদের অভিন্ন সিলেবাস প্রকল্প বন্ধ করা পুরোপুরি ভুল। দেওয়ান আবদুল খালেক